স্টিয়ারিং হাতে মেয়েরা
মেয়েদের হাতে গাড়ির স্টিয়ারিং—একসময় এ কথাটি শুনলে সবাই আঁতকে উঠতেন। ইদানীং হয়তো হয় না। তবু অধিকাংশ পরিবারে মেয়েদের কাছ থেকে এ আবদারটি শুনলে কিছুটা যেন এড়িয়েই যাওয়া হয়। তার পরও কেউ কেউ শিখেছেন। ঢাকার রাস্তায় নির্দ্বিধায় বেরিয়ে পড়ছেন নিজের দরকারে অথবা অদরকারে। ‘রাত দুইটা। বাবা হঠাৎ অসুস্থ হয়ে যান। গাড়ি চালিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো বাসায় সে মুহূর্তে কেউ ছিল না। বাধ্য হয়েই বাড়িওয়ালার ছেলেটির সাহায্য নিতে হয়। সেদিন মনে হলো গাড়ি চালানোটা শেখা উচিত।’ বলছিলেন এশা চৌধুরী। সেই থেকে গাড়ি চালানো শুরু। তাও আট বছর হয়ে গেল। অফিসে যাওয়া-আসার সময়, ছুটির দিনে, বাসায় কারও কাজে সহায়তা করার জন্য নিজেই গাড়ি চালিয়ে চলে যান। এশা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন ফাইন্যান্স অ্যান্ড মার্কেটিংয়ে। বর্তমানে কাজ করছেন জিটিজেড করপোরেটে কমিউনিকেশনস অ্যান্ড পাবলিক রিলেশনস অ্যাসিস্ট্যান্ট হিসেবে। গাড়ি চালানোর হাতেখড়ি নিয়েছেন ড্রাইভারের কাছ থেকেই। তবে রাস্তায় গাড়ি নিয়ে বের হলে অনেক কথাই শুনতে হয় বেশির ভাগ সময়। আশপাশে জায়গা থাকা সত্ত্বেও পাশের গাড়িটি প্রায়ই এশার গাড়ির গা ঘেঁষে যেতে চায়। সঙ্গে বিভিন্ন কথার ফুলঝুরি তো আছেই। এ কারণে তাদের ঠেকাতে মাঝেমধ্যেই কিছুটা বেপরোয়াভাবে চালাতে হয়। তবে তা কখনোই অসতর্কভাবে নয়। আট বছরে কোনো দুর্ঘটনা না ঘটার এটাই বোধহয় কারণ। অন্যদের তুলনায় সায়মা ইমামের প্রশিক্ষণটা হয়েছে একটু অন্য রকম পরিবেশেই। রাস্তায় নয়, তিনি গাড়ি চালানো শিখেছেন মরুভূমির বুকে। ‘চাকরি সূত্রে বাবা ছিলেন সৌদি আরবে। ১৪ বছর বয়সেই ড্রাইভিং সিটে বসেছি। বাবা সাহস দিয়েছিলেন দেখেই। তিনিই আমাকে গাড়ি চালানো শিখিয়েছেন। সময় পেলেই মরুভূমিতে গিয়ে গাড়ি চালাতাম দুজনে।’ বলেন সায়মা। এ বছরই এমবিবিএস পাস করেছেন তিনি। বর্তমানে মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালে শিক্ষানবিশ হিসেবে কাজ করছেন। প্রতিদিন গুলশান থেকে উত্তরায় গাড়ি চালিয়ে যান সায়মা। মাঝেমধ্যে মায়ের কাজেও সহায়তা করেন। মেয়ে হিসেবে গাড়ি চালালে এখনো আমাদের দেশে কিছুটা অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয় বলে জানান তিনি। অন্য গাড়িচালকদের অন্যায়ের বিরুদ্ধে কিছু বলতে গেলেই তাঁরা হেসে উড়িয়ে দেন। কটাক্ষ করেন। কিছুদিন আগের কথা। অন্যান্য দিনের মতো একইভাবে, একই রাস্তায়, একই লেন দিয়ে কাজে যাচ্ছিলেন। হঠাৎ সার্জনের হাত দেখানোতে গাড়ি থামাতে হলো। ‘সার্জনের মতে আমি ভুল রাস্তা দিয়ে আসছিলাম। কিন্তু বাকি সবাই একই দিক দিয়ে আসছে? আমার এ প্রশ্নে সার্জনের উত্তর ছিল—বাকি সবাইও ভুল করছে, কিন্তু থামালাম আপনাকে। সার্জন তখন অনেকটা মজাই পাচ্ছিল।’ ঘটনাটি এভাবেই জানালেন সায়মা। জুলিয়া ইসলাম। পেশায় ডিজাইনার। ধানমন্ডি থেকে গুলশানে নিজস্ব বুটিক এনিগমাতে যাওয়া-আসা করতে হয়। সেখান থেকে কারখানা, জিনিসপত্রের হিসাব রাখা, দরকারি উপকরণ কেনাকাটা করা—সবই তিনি নিজ হাতে করার চেষ্টা করেন। এ তো গেল কর্মক্ষেত্রের কথা। বাসার এবং মায়ের অনেক দায়িত্ব পালন করে যান প্রতিনিয়ত। ‘মেয়েদের গাড়ি চালানো উচিত। না হলে নির্ভর করে থাকতে হয় অন্যদের ওপর। আমার নিজের গাড়ি চালানোর পেছনে কারণ একটি; যাতে কারও জন্য অপেক্ষা করে থাকতে না হয়। নিজের কাজটি যেন সময়মতো শেষ করতে পারি। গাড়ি ছাড়া অনেকটা বিকলাঙ্গই মনে হয় নিজেকে।’ জানালেন জুলিয়া ইসলাম। শখের বশেই গাড়ি চালানো শুরু করেন তিনি, কিন্তু এখন তা অত্যাবশ্যকীয়। মাঝে গর্ভাবস্থার জন্য কিছুটা সময় গাড়ি চালানো বন্ধ রেখেছিলেন। প্রয়োজনের সময় কারও না কারও ওপর নির্ভর করতেই হতো। গাড়ি চালান তাও প্রায় ১০-১২ বছর হয়ে গেছে। পথে চলার এ যন্ত্রটিকে তিনি ভালোবাসেন খুব। সব সময় গাড়িটিকে সুরক্ষিত রাখতে চান। এ জন্য চালানও খুব সাবধানে। গাড়ি চালানোর সময় গান শোনা তাঁর খুবই পছন্দের একটি বিষয়।