স্টুয়ার্ট ব্রডকে জরিমানা
এজবাস্টন টেস্টের তৃতীয় দিনে গতকাল রোববার পাকিস্তানের জুলকারনাইন হায়দারের দিকে বল নিক্ষেপ করায় ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডকে তাঁর ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।দ্বিতীয় ইনিংসের সপ্তম উইকেট জুটিতে ব্যাট করছিলেন জুলকারনাইন ও মোহাম্মদ আমির। টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার পর দেখেশুনে ব্যাটিং করে ইংল্যান্ডের বোলারদের হতাশায় ডুবান এ দুই ব্যাটসম্যান। অত্যন্ত ধীরগতির ব্যাটিং করেন আমির, ১১৭ বলে এই ব্যাটসম্যান সংগ্রহ করেন মাত্র ১৬ রান। অন্যপ্রান্তে থাকা জুলকারনাইন ৮৮ রানের পথে ব্যাট করছিলেন। কিছুতেই আউট করতে না পেরে ক্ষুব্ধ হয়ে জুলকারনাইনের দিকে বল ছুড়ে মারেন সু্বয়ার্ট ব্রড। আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে ব্রডকে জরিমানা করার সিদ্ধান্তের কথা জানিয়ে ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে বলেন, ‘কঠিন পরিস্থিতিতে বোলারের হতাশার ব্যাপারটি আমি বুঝি। কিন্তু পরিস্থিতি যা-ই হোক, আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে একজনকে অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন রয়েছে। প্রতিপক্ষকে অবশ্যই সম্মান দেখাতে হবে। আমার বিশ্বাস, ব্রড তাঁর ভুল বুঝতে পেরেছেন। ভবিষ্যতে আবারও একই ধরনের আচরণ থেকে বিরত থাকবেন তিনি।’—ক্রিকইনফো