পুরো নাম: স্টুয়ার্ট ক্রিস্টোফার ব্রডডাক নাম: ব্রডিজন্ম: ২৪ আগস্ট, ১৯৮৬, নটিংহামউচ্চতা: ৬ ফুট ৬ ইঞ্চিওয়ানডে জার্সি নং: ৮টেস্ট ক্যাপ: ৬৩৮প্রিয় ও অন্যান্যঅন্য খেলা: রাগবিঅন্য খেলার তারকা: মার্টিন জনস্টোন (রাগবি তারকা)অন্য খেলার দল: নটিংহাম ফরেস্টশৈশব আদর্শ: গ্লেন ম্যাকগ্রাক্রিকেটে প্রিয় বন্ধু: লুক রাইটখাবার: গরুর মাংস ও লাসাগনা (ইতালীয় খাবার)পানীয়: আপেলের জুস ও বাডউইজারগায়ক: জাস্টিন টিম্বারলেক ও টিম্বাল্যান্ডব্যান্ড: ওয়েস্টলাইফচলচ্চিত্র: লেয়ার কেকচলচ্চিত্র তারকা: সিয়েনা মিলারঅবসর কাটে: গলফ খেলে, শপিং করে, পরিবার ও বন্ধুদের সঙ্গেপ্রথমবারের মতো টেস্ট সিরিজ খেলতে দেশের বাইরে যাচ্ছে ছেলে, বাবা কোথায় শুভকামনা জানাবেন, উল্টো বলে বসলেন, ‘অবাক হব না, যদি ও টেস্ট অভিষেকে পুরো ম্যাচ ফি জরিমানা দেওয়া প্রথম ক্রিকেটার হয়!’ না, স্টুয়ার্ট ব্রডের অমঙ্গল চাননি বাবা ক্রিস ব্রড। ছেলেকে খুব ভালোভাবে চেনেন বলেই জানেন, ক্রিকেটটা কতটা আবেগ দিয়ে খেলে ছেলে। কে না জানে, উত্তুঙ্গ আবেগ অনেক সময়ই ভুল পথে নিয়ে যায়! বাবার শঙ্কাটা ছিল এ কারণেই।আবেগের সবটুকু ঢেলে দেওয়ার শিক্ষাটা স্টুয়ার্ট পেয়েছেন মায়ের কাছ থেকে। ছেলেবেলায় ক্রিকেট মাঠে নিয়ে গিয়ে মা বলেছিলেন, ‘যা-ই করবে, হূদয় দিয়ে করবে।’ মায়ের সেই উপদেশকেই জীবনদর্শন করে নিয়েছেন। বিখ্যাত না হলেও সুপরিচিত ক্রিকেটার বাবার ছেলে, কিন্তু জানলে অবাক হবেন, ক্রিকেটে তাঁর হাতেখড়ি মায়ের কাছে! খেলাটার প্রতি ভালোবাসা জন্মানো বা পেশা হিসেবে বেছে নেওয়াতেও বড় ভূমিকা মা ক্যারলের। অবশ্য বাবাও যথেষ্ট উৎসাহ দিয়েছেন। স্টুয়ার্টের ছয় বছর বয়সেই ছাড়াছাড়ি হয়ে যায় মা-বাবার। দুজনে আবার আলাদা বিয়েও করেন। কিন্তু ছেলের প্রতি যত্নআত্তির কমতি হয়নি বিন্দুমাত্র।স্টুয়ার্ট ছিলেন মা ক্যারলের সঙ্গেই। পড়াশোনা ও খেলা—দুটোর জন্যই বিখ্যাত লিস্টারের ওকহ্যাম স্কুলের ক্রীড়া বিভাগের প্রধান ছিলেন মা। স্টুয়ার্টকেও এই স্কুলেই ভর্তি করিয়ে দেন। খুব অল্প বয়সেই তাঁর ক্রিকেট-প্রতিভা বিকশিত হতে থাকে। স্কুলের সব কটি বয়সভিত্তিক দলে তো বটেই, আট বছর বয়স থেকে খেলেছেন লিস্টারশায়ারের সব বয়সভিত্তিক দলেও। সে সময় স্টুয়ার্ট কিন্তু ছিলেন পুরোদস্তুর ব্যাটসম্যান, বোলিং করতেন স্রেফ দলের প্রয়োজনে! ১৯৯৬ সালে লিস্টারের ‘ইয়াং ব্যাটসম্যান অব ইয়ার’ পুরস্কারও পেয়েছিলেন। বোলার ডানহাতি হলেও বাবার দেখাদেখি হয়ে যান বাঁহাতি ব্যাটসম্যান। বয়স যখন ১৫ কি ১৬ হবে, হঠাৎ একদিন অনুভব করলেন, প্রতিপক্ষের ব্যাটিংয়ের সময় শুধু ফিল্ডিং করতে চরম বিরক্তি লাগছে। ঠিক করলেন, বোলিংটা মন দিয়ে করবেন। ব্যস, যেই ভাবা, সেই কাজ। দেড় বছরের মাথায় হয়ে গেলেন স্কুলের নতুন বলের বোলার।২০০৪ সালে ওকহ্যামের একটি ম্যাচ গ্যালারিতে বসে দেখছিলেন সাবেক লিস্টার ও ইংল্যান্ড ব্যাটসম্যান জেমস হুইটেকার। স্টুয়ার্টের বোলিং দেখেই স্কুলের কোচকে গিয়ে বললেন, ‘ছেলেটার দিকে বাড়তি নজর দিন, একদিন এই ছেলে দেশের হয়ে খেলবে।’ পরের বছরই লিস্টারের হয়ে কাউন্টি অভিষেক হয়ে গেল বোলার হিসেবে, ডাক পেলেন ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ও ‘এ’ দলে। আর এক বছর পর ঢুকে গেলেন জাতীয় দলেও। স্কুলের রাগবি ও হকি দলেরও নিয়মিত সদস্য ছিলেন। হকি তো বেশ ভালো খেলতেন, গোলকিপার ছিলেন, স্থানীয় মিডল্যান্ডস ক্লাবের হয়েও খেলেছেন। তবে ক্রিকেটপ্রেমের কাছে পাত্তা পায়নি ওসব।স্কুলজীবন থেকেই বাবার সঙ্গ পেয়ে আসছেন, বাবাকে ছাড়িয়ে যাওয়ার তৃষ্ণা তাই তাঁর তীব্র। ছোট্টবেলায় বাড়ির বাগানে ক্রিকেট খেলার সময় বাবা নিজে ব্যাটিং করে তাঁকে দিয়ে শুধু বোলিং করাতেন। এতেই জেদ চেপেছিল ব্যাটসম্যান হওয়ার। ব্যাটিংয়ে তাঁর হাতটা কিন্তু মন্দ নয়। ক্যারিয়ারের শুরুতে টেস্ট গড় ছিল বাবার চেয়েও বেশি। কদিন আগে ছাড়িয়ে গেছেন বাবার সর্বোচ্চ টেস্ট ইনিংসকে। লর্ডসের অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করে, যে কৃতিত্ব নেই বাবারও।দীর্ঘদেহী, ব্লন্ড চুল, নিষ্পাপ চেহারা আর শিশুর মতো হাসি মিলিয়ে ইংল্যান্ডের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলরদের একজন স্টুয়ার্ট। সাবেক মিস ইংল্যান্ড লরা কোলম্যানের সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু ক্রিকেটে বেশি করে মন দেওয়ার জন্য ২০০৮ সালের জুলাইয়ে ভেঙে দেন ১০ মাসের সম্পর্ক। তবে গত বছর এক বারে অভিনেত্রী কেসি বার্নফিল্ডকে দেখার পর খুলে যায় মনের বন্ধ কপাট। চুটিয়ে প্রেম করছেন দুজন। সামাজিক কাজেও জড়িয়েছেন একটু-আধটু। ক্যানসার-সচেতনতা সৃষ্টির জন্য জেমস অ্যান্ডারসন ও অ্যালিস্টার কুকের সঙ্গে একটি মাগাজিনের জন্য নগ্ন পোজও দিয়েছেন।বাবা ক্রিসের সঙ্গে দারুণ সম্পর্ক স্টুয়ার্টের। খুনসুটি লেগেই থাকে। অনেক দিন পর পর দেখা হলে চুটিয়ে আড্ডা দেন দুজনে। তবে একটা ক্ষেত্রে ছেলে তাঁর পদাঙ্ক অনুসরণ করায় কিন্তু নাখোশ বাবা। বর্তমানে আইসিসির ম্যাচ রেফারি ক্রিস খেলোয়াড়ি জীবনে মোটামুটি ‘বিখ্যাত’ ছিলেন অখেলোয়াড়োচিত আচরণের জন্য। চার বছরের ক্যারিয়ারেই স্টুয়ার্টও মাথা গরম করে জরিমানা গুনেছেন বেশ কবার। ছেলেকে তাই আবেগটা বশে রাখতে বলেছেন ক্রিস। স্টুয়ার্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জও এখন এটাই—আবেগটাকে শক্তিতে রূপান্তর করা। আরিফুল ইসলাম