স্টেইনকে হোল্ডিংয়ের ‘স্বীকৃতি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাস্ট বোলাররা জন্মায়, তাঁদের তৈরি করা যায় না। ক্রিকেটের এই আপ্তবাক্যটি আবারও আওড়ালেন সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলার মাইকেল হোল্ডিং। এই সময়ের ক্রিকেটে সত্যিকারের ফাস্ট বোলারের অভাব, এটি নিয়েই বলতে গিয়ে হোল্ডিং বলেছেন কেবল ডেল স্টেইনকে নিয়ে। তাঁর চোখে এখন টেস্ট খেলা একমাত্র ফাস্ট বোলার হচ্ছেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন।ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত পেস চতুষ্টয়ীর একজন হোল্ডিংকে ধরা হয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার। ৬০ টেস্টে ২৩.৬৮ গড়ে ২৪৯ উইকেট নেওয়া হোল্ডিং মনে করেন কিছু কোচিং, কিছুটা সময় জিমে কাটিয়ে অথবা ফিটনেস রুটিন মেনে সাধারণ বোলার থেকে ফাস্ট বোলার হওয়া সম্ভব নয়। ‘আপনি কোনো ফাস্ট বোলার তৈরি করতে পারবেন না। আপনি কাউকে ধরে নিয়ে জিমে পাঠিয়ে দিয়ে আর কিছু ব্যায়াম করিয়ে ফাস্ট বোলার বানাতে পারবেন না।’ পাকপ্যাশন ডট নেট নামের এক ওয়েবসাইটকে হোল্ডিং আরও বলেছেন, ‘আপনাকে ফাস্ট বোলার হয়ে জন্মাতে হবে। জোরে বল করার মতো ছন্দ ও সমন্বয় এবং আর যা যা লাগে তা থাকতে হবে। শুধু শক্তি, কঠোর পরিশ্রম ও অনুশীলন ফাস্ট বোলার তৈরি করতে পারে না। এটা শুধু শারীরিক ব্যাপার নয়, এর সঙ্গে আরও অনেক কিছু মিশে থাকে।’সত্তর ও আশির দশকে ব্যাটসম্যানদের মনে ভীতির সঞ্চার করা হোল্ডিংয়ের বিচারে টেস্ট ক্রিকেটে এখন ফাস্ট বোলারের সংখ্যা খুবই কম, ‘এখন শুধু একজনই আছে—ডেল স্টেইন। বর্তমানে সে-ই একমাত্র ফাস্ট বোলার যে টেস্ট ম্যাচ খেলছে, এটা ভালো। আর বাকিদের কেউ ইনজুরিতে, কেউ নিয়মিত খেলছে না অথবা অবসর নিয়েছে।’হোল্ডিং মনে করেন অতিরিক্ত কাজ, ঠাসা সূচি ও চোট থেকে ফেরার পর্যাপ্ত সময় না পাওয়াটাই ফাস্ট বোলারদের বেশি দিন টিকতে দিচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজের জেরম টেলর ও ফিডেল এডওয়ার্ডসের মতো অনেকেই চোট পেয়ে মাঠের বাইরে আছেন আর অনেকেই চিরতরে খেলাটাকে ‘বিদায়’ বলে দিয়েছেন। বেশি বেশি ক্রিকেট খেলাটা অনেকের ক্যারিয়ারকে সংক্ষিপ্ত করে দিচ্ছে বলেও ভাবছেন এই ডানহাতি ফাস্ট বোলার। তাঁর চোখের সামনে জ্বলজ্যান্ত উদাহরণ হলো ব্রেট লি, ‘চাপ সহ্য করতে না পেরে ব্রেট লির মতো তরুণ টেস্ট ক্রিকেট ছেড়েছে। সে এখন শুধু সীমিত ওভারের ক্রিকেট খেলছে ও বেশ ভালোই করছে।’এবারের বিশ্বকাপেই দেখা যাচ্ছে ভালো পেস বোলারদের সামলাতে পারছেন না ব্যাটসম্যানরা। রোচ, জনসন, টেইট, লি ও মালিঙ্গাদের খেলতে হিমশিম খাচ্ছেন তাঁরা। হোল্ডিং স্মৃতিকাতর হয়ে পড়েন, যদি এই ফাস্ট বোলার আসত ঝাঁকে ঝাঁকে, তাঁদের সময়ের মতো! ওয়েবসাইট।