মাংসের পদে বাঙালির দৌড় বড়জোর তেলে-মসলায় ঝোল তরকারি, নয়তো শুকনো কাবাব তক। অথচ মাংসের কিন্তু আরও বহু রকম পদ রয়েছে দুনিয়াজুড়ে। তার মধ্যে একটা ঝলসানো মাংসের টুকরো ‘স্টেক’-এর নামটা শোনা হয়ে গেছে বহুবার, কিন্তু চাখার সৌভাগ্য হয়নি অনেকেরই। মাংসের এই ভিন্ন রকম স্বাদ পেতে যাদের মনটা আইঢাই করে, সেসব ভোজনরসিকের রসনার তৃপ্তির জন্য গড়ে উঠেছে স্টেক হাউস। এই রেস্তোরাঁর নামটা শুনেই কিন্তু বোঝা যায় তাদের বিশেষত্ব হচ্ছে স্টেক।গুলশান ২ নম্বরের ৫৩ নম্বর সড়কের ৮ নম্বর বাড়িতে বেশ বড় পরিসরে তৈরি এই রেস্তোরাঁটা সাজসজ্জায় খুবই আধুনিক। মেঝে থেকে ছাদ পর্যন্ত সাজানো হয়েছে পরিপাটি করে। দেয়ালে টালির অদ্ভুত সুন্দর কাজ। এক কোনায় একটা কৃত্রিম ঝরনা রাখা আছে, কান খাড়া করলে তার কলকল শব্দ পাওয়া যায়। তার সঙ্গে মৃদু লয়ে বাজতে থাকে পশ্চিমা সংগীত। মেনুতে পদের কোনো অভাব নেই এখানে। পশ্চিমা খাবার আর নানা রকম স্টেক তো আছেই, তার সঙ্গে রয়েছে উপমহাদেশের বেশ কিছু খাবার। সব মিলিয়ে দেড় শর বেশি পদ। তাই খাবার বাছতে গিয়ে রেস্তোরাঁর ব্যবস্থাপক ইমন এফ চৌধুরীর সাহায্য চাইতে হলো। সারাক্ষণই এ-টেবিল থেকে ও-টেবিলে ঘুরে বেড়ান ভদ্রলোক। কার কী লাগবে, কোনটা কমবেশি হলো, তার খোঁজখবর করেন। এই ব্যস্ততার ফাঁকে বেশ খানিকটা সময় দিয়ে খাবারের সাতসতেরো বুঝিয়ে দিলেন তিনি। প্রথমে যে খাবারটা এল টেবিলে, সেটা আসলে অনেকগুলো খাবারের মিশেল, নাম স্টেক হাউস সিগনেচার। চিকেন স্যাতে, স্পাইসড চিকেন, কড়া ভাজা, চিংড়ি, আর চিকেন ক্যাসাডিয়ার সমন্বয়ে বানানো হয় এ পদটা। সঙ্গে থাকে দুই রকমের সস, যাতে চুবিয়ে খেলে উপকরণগুলোর স্বাদ খুলে যায় বহুগুণে।এবার স্টেক খাওয়ার পালা। বেশ কয়েক রকম স্টেক রয়েছে মেনুতে। তার মধ্যে সেরেলয়েন স্টেকটা বেশ মনে ধরল। প্লেটে মাংসের চারটা ফালি। তার সঙ্গে চমৎকার সেদ্ধ আলুর ভর্তা। আর অন্য পাশে সেদ্ধ করা সবজি সাজানো। মাংসের ফালি থেকে ছোট একটা টুকরো কেটে মুখে পুরতেই বোঝা গেল স্টেকের কেরামতি। এতে তেমন কোনো মসলা নেই। মাংসের ফালিটাকে লবণ আর ঝাল মাখিয়ে অলিভ অয়েল ও মাখন দিয়ে ওভেনে বেক করা হয়েছে। তাই স্টেকের স্বাদটা আমাদের চিরচেনা মাংসের পদের চেয়ে একেবারেই আলাদা। চেহারাটা অনেকটা কাবাব কাবাব হলেও এটা কিন্তু ঠিক কাবাব নয়; বরং অনেক বেশি সরেস। কেননা এর সঙ্গে দেওয়া হয়েছে স্টেক সস আর তাবাস্কো পিপার সস। স্টেক সসটা বেশ টক। তবে তার সঙ্গে পিপার সস মিশিয়ে নিলে বেশ একটা ঝাল ঝাল ভাব আসবে। মাংস ভাজার ঘ্রাণটা তাতে জুড়ে দেবে অন্য রকম তকমা। তখন মনে হবে স্টেক হাউসের স্টেক খাওয়া না হলে মাংসের এই স্বাদটার কথা হয়তো জানাই হতো না কোনো দিন।তবে শুধু বিফ কিংবা ল্যাম্ব স্টেক নয়, মুরগির মাংস, হাঁসের মাংস আর সামুদ্রিক নানা রকম মাছও মেলে এখানে। সেই সঙ্গে আছে নানা রকম সবজি আর সালাদ। স্টেক হাউসের দরজা পেরিয়ে ভেতরে ঢুকলেই টের পেওয়া যায় খদ্দেরকে ঠিক খদ্দের নয়, বরং বাড়িতে আসা মেহমানের মতো যত্নআত্তি করেন এখানকার কর্মীরা। আর অতিথি সৎকারের এই প্রবণতায় মুগ্ধ হয়ে দেশি ভোজনরসিকদের মতোই বিদেশি অতিথিরাও ছুটে আসেন বারবার। বিশেষ করে বাংলাদেশে বসবাসরত ভিনদেশি কূটনীতিকদের নিয়মিত আসা-যাওয়া রয়েছে স্টেক হাউসে। সেজন্যই স্টেক হাউসের ব্যবস্থাপক ইমন এফ চৌধুরী বলছিলেন, ‘আমাদের কাছে আমাদের অতিথির চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। তাঁদের জন্যই আমরা, তাঁদের সন্তুষ্টিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’