স্টেডিয়াম থেকে টিভিকক্ষ শুধুই বাংলাদেশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষোলো কোটি মানুষের এই দেশের রাজধানী ঢাকায় সোয়া কোটি মানুষের বাস। এই শহরের প্রাণকেন্দ্রে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। নিত্যদিনের ঢাকার যে চিত্র, তাতে খোলা জায়গা বলতে আছে হাতে গোনা কটি পার্ক। এর বাইরে ঢাকার ফাঁকা জায়গার অন্যতম, তা-ও খেলা না থাকলে, এই স্টেডিয়াম। কিন্তু গতকাল বিকেল চারটার পরের চিত্রটি ছিল একেবারে ভিন্ন। ঢাকার সব রাস্তা যেন গিয়ে মিশেছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। বিকেলের কোমল রোদ গায়ে মাখতে মাখতে ঢাকার মানুষ যখন সেই স্টেডিয়ামের উষ্ণ আতিথেয়তায় অবরুদ্ধ হচ্ছিল, তখন ধীরে ধীরে ফাঁকা হয়ে পড়ছিল জনারণ্যের ঢাকা, তার যানে-মানুষে জমে থাকা রাস্তা-ঘাট, বাজার-হাট।বিকেল পাঁচটায় ঢাকার পল্টন, দৈনিক বাংলা, বায়তুল মোকাররম, গুলিস্তান আর রাজউকের সামনের রাস্তা মিলে নিল অন্য এক শহরের রূপ; আনন্দনগর। ক্ষণে ক্ষণে ঊর্ধ্বাকাশে উচ্ছ্বাস। কারণ স্টেডিয়ামের কাছের ভবনগুলো ছাড়া বাকি সব ভবনের ছাদে ছাদে মানুষ। স্টেডিয়ামের উৎ সবের ঢেউ এসে যেন লাগছে তাদের গায়ে। সেখান থেকে ঢাকার বিভিন্ন স্থানে বসানো বড় পর্দার সামনের মানুষ আর বাসাবাড়ির টিভির দর্শক হয়ে সেই উৎ সব ছড়িয়ে গেছে সারা দেশে। গত সন্ধ্যায় এমন এক অনন্য বাংলাদেশকে দেখেছে বিশ্ব। বঙ্গবন্ধু স্টেডিয়ামে হয়েছে ক্রিকেট বিশ্বকাপ ২০১১-এর বোধন।উৎ সবে জমেছে বাঙালি, আমোদে মেতেছে মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বিকেল সাড়ে পাঁচটায় ট্রাকের ওপর স্থাপন করা বড় পর্দার সামনে ছিল বিপুল দর্শক। টিভির দৃশ্যের প্রতিক্রিয়ায় উচ্ছ্বাস আর উল্লাস ছুঁয়েছে চূড়া। অনুষ্ঠানের মূল পর্ব শুরু হতে তখনো এক ঘণ্টা বাকি। টিএসসির মূল ভবনের সামনের চত্বরেও ছিল আরেকটি বড় পর্দা।নিরাপত্তার জন্য জাতীয় প্রেসক্লাব, পুরানা পল্টন, দৈনিক বাংলা মোড়, নবাবপুর রোড মোড়সহ আশপাশের সব সংযোগ সড়ক ছিল সাধারণের জন্য বন্ধ। এই নিরাপত্তা বেষ্টনীর বাইরে স্টেডিয়ামের চারপাশের রাস্তায় মানুষের কমতি ছিল না। মাঠে যখনই আতশবাজির বিচ্ছুরণ দেখা গেছে, সঙ্গে সঙ্গে গ্যালারির দর্শকের মতো মুখরিত হয়েছে তারাও।মোহাম্মদপুরের শেরশাহসূরি রোডের বাসিন্দা জুলেখা আক্তার মৌসুমী, লুৎ ফুন্নাহার সুরভী ও সামান্তা নওরীন ছেলেমেয়েদের নিয়ে জড়ো হয়েছিলেন স্টেডিয়ামের উত্তর গেটের বাইরের রাস্তায়, কয়েক শ মানুষের সঙ্গে। মৌসুমী বলেন, ‘অনেক চেষ্টা করেও উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট জোগাড় করতে পারিনি। সরাসরি দেখার আমেজ তো ঘরে টিভির সামনে বসে পাওয়া যায় না।’ কিন্তু তাঁরা বাইরে দাঁড়িয়ে দেখছেন শুধু স্টেডিয়াম উপচে পড়া আলোর ঝলকানি, আর শুনছেন ভেতর থেকে ভেসে আসা গানের মূর্ছনা। তাতেই তাঁরা খুশি। বিশ্ব আয়োজনে শামিল যে তাঁরা!