স্টেডিয়ামে ধূমপানে শাহরুখের বিরুদ্ধে মামলা!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স ম্যাচ হেরে যাওয়ায় চাপের মুখে পড়েছিলেন দলটির মালিক বলিউডের অভিনেতা শাহরুখ খান। চাপ বা টেনশনে থাকলে শাহরুখ যা করেন, প্রকাশ্যে ধূমপান করেছিলেন এই বলিউড অভিনেতা। ম্যাচ চলাকালে জয়পুরের স্টেডিয়ামে ধূমপানের কারণে নতুন আরেকটি চাপে পড়েছেন তিনি। জনসমক্ষে ধূমপানের অভিযোগে তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন জয়পুর ক্রিকেট একাডেমির পরিচালক আনন্দ সিং রাঠোর।মামলা প্রসঙ্গে রাঠোর জানিয়েছেন, পুলিশ ও কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে স্টেডিয়ামে সিগারেটসহ প্রবেশ করেছিলেন শাহরুখ খান। অভিযোগ ছাড়াও একটি সাক্ষ্যপ্রমাণ হিসেবে আদালতে শাহরুখের গ্যালারিতে বসে ধূমপানরত ছবি ও একটি সিডিও জমা দিয়েছেন রাঠোর।অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে এ অভিযোগ দাখিল করা হয়েছে। ১২ এপ্রিল এ অভিযোগের শুনানি হওয়ার কথা রয়েছে।স্টেডিয়াম তদারকির দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানিয়েছেন, তাঁরা এ অভিযোগ বিষয়ে শুনেছেন। তবে তাঁদের পক্ষ থেকে শাহরুখের বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি। এ ক্ষেত্রে তাঁরা আলাদা প্রতিবেদন দেওয়ার কথা ভাবছেন।শাহরুখের বিরুদ্ধে দায়ের করা এসব প্রতিবেদন ভারতের ক্রিকেট বোর্ড ও অন্যান্য বিভাগেও জমা দেওয়া হবে, যাতে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়।এদিকে মামলার আইনজীবী নিম সিং রাঠোর জানিয়েছেন, রোববার জয়পুরের শাওয়াই মান সিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্সর খেলা চলার সময় নিজের ভিআইপি বক্সে ধূমপান করছিলেন। তখনই টিভির ক্যামেরা তাঁর দিকে ধরা হয়।উল্লেখ্য, ২০০০ সাল থেকে রাজস্থানে জনসমক্ষে ধূমপান নিষিদ্ধ করেছে ওই রাজ্যের সরকার।