স্টেশনের বাতিতে জ্ঞানের আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরে বিজলি নেই, তাতে কী? জ্ঞান অন্বেষণে আকুল আকাঙ্ক্ষাই যথেষ্ট। এজন্য রেলস্টেশনের বাতির আলোয় চলছে ওদের জ্ঞানের আলো সন্ধান। ভারতের বিহার রাজ্যের রোহতাস জেলার সাসারাম রেলস্টেশনে রোজ রাতে দেখা যায় এই দৃশ্য। যাঁদের কথা বলা হচ্ছে, তাঁরা একদল তরুণ শিক্ষার্থী। বেশির ভাগই চাকরিপ্রার্থী। ঘরে অভাব-অনটনের সঙ্গে বিদ্যুত্ বিভ্রাটও রোজকার সঙ্গী। এই প্রতিকূলতা জয় করে নিজের ভাগ্য গড়তেই রেলস্টেশনে এসে বাতির নিচে বসে পড়াশোনা চলছে তাঁদের। নিয়মিত এই অধ্যবসায় সাফল্যও এনে দিচ্ছে। বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, প্রতিবছর এখানকার পড়ুয়াদের মধ্যে গড়ে অন্তত ১০০ জন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি পান। বিশেষ করে রেল ও ব্যাংকে। এমন একজন সফল তরুণ সরোজ কুমার (২৩)। গত দুই বছর তিনি নিয়মিত আসতেন এই স্টেশনে। সবার সঙ্গে বসে পড়াশোনা করে চাকরির জন্য দেওয়া পরীক্ষায় উতরে গেছেন তিনি। একসঙ্গে দুটি চাকরি পেয়েছেন তিনি। একটি রেলের কর্মচারী পদে, অন্যটি বিদ্যালয়ের শিক্ষক পদে। তাঁর পছন্দ রেলের চাকরি। বিহারের এক ট্রাকচালকের ছেলে সরোজ এই সাফল্যের কৃতিত্ব দিলেন সাসারাম রেলস্টেশনকে। সরোজ জানান, তাঁর ভাই সন্তোষ কুমারও নিয়মিত স্টেশনে এসে সবার সঙ্গে পড়াশোনা করতেন। গত বছর তিনিও রেলের কর্মচারী পদে চাকরি পেয়েছেন। শুধু সরোজ নন, প্রতিদিন তার মতো শত শত চাকরিপ্রার্থী যুবক জেলার বিভিন্ন এলাকা থেকে রাতে জড়ো হন এই স্টেশনে। তাঁদের বেশির ভাগই দরিদ্র পরিবারের। কারও বাড়িতে পড়াশোনার ভালো পরিবেশ নেই, কারও বা আবার কোচিংয়ের সামর্থ্য নেই। ৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্টেশনের এই পড়ুয়াদের দলে রোজ ভিড়ে যেতেন করণ কুমার। তিনি বলেন, ‘আমরা একসঙ্গে পড়ি আর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। এটা পরীক্ষায় ভালো ফলাফল করতে সহায়তা করে।’ এর সুফলও পেয়েছেন তিনি। সম্প্রতি রেলে চাকরি হয়েছে তাঁর। তিনি জানান, প্রতিদিন লোকাল ট্রেনে করে সন্ধ্যা ছয়টায় তিনি এই স্টেশনে আসেন। ১০টার ট্রেনে বাড়ি ফিরে যান। রাহুল কুমার নামের একজন বলেন, ‘আমরা সবার কাছ থেকে টাকা নিয়ে প্রশ্নপত্র ফটোকপি করি। তারপর নির্ধারিত সময়ের মধ্যে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। এখানে পড়ে যাঁরা সাফল্য পেয়েছেন, এমন অনেকেই মাঝেমধ্যে এখানে আসেন, নানা পরামর্শ দেন।’নিরঞ্জন কুমার শ্রীবাস্ত নামের আরেকজন জানান, তিনি রাত নয়টার দিকে স্টেশনে পড়তে আসেন, সারা রাত এখানে পড়াশোনা করে সকালের দিকে বাড়ি ফিরে যান। তিনি ও তাঁর মতো অনেক চাকরিপ্রার্থী কেন এখানে আসেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ছাড়া আর কী করার আছে? আমাদের কাছে এখানে আসা ছাড়া আর কোনো বিকল্প নেই। শহরে সারা দেশে মাত্র তিন থেকে চার ঘণ্টা বিদ্যুত্ থাকে। এখানে এলে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ পাওয়া যায়, সবাই মিলে একসঙ্গে পড়াশোনা করা যায়।’ভারতের অন্যান্য রাজ্যের মতো বিহারেও বিদ্যুত্-সংকট তীব্র। পাটনাভিত্তিক অর্থনীতিবিদ নওয়াল কিশোরী চৌধুরী বলেন, ‘রাজ্যটি চলছেই জেনারেটরের ওপর।’