স্ট্যাম্পের বিকল্প!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল যুগে চিঠি লেখার কথা কে ভাবে! সব কিছুই এখন চলে এসএমএসে। তার ওপর চিঠি পাঠাতে কত ঝামেলা। স্ট্যাম্প কেনা, আঠা লাগাও আরও কত কী! স্ট্যাম্প কেনা ও লাগানোর ঝামেলা থেকে লোকজনকে কিছুটা হলেও রেহাই দিতে অভিনব পদ্ধতির প্রচলন করতে যাচ্ছে ডেনমার্কের ডাক বিভাগ। একটি নির্দিষ্ট ওজনের চিঠির ক্ষেত্রে তাদেরকে কষ্ট করে টিকিট বা স্ট্যাম্প লাগাতে হবে না।আগামী ১ এপ্রিল থেকে ডেনিস পোস্ট অফিসগুলো ‘দ্য মোবাইল পোস্টেজ’ নামে একটি সার্ভিস চালু করতে যাচ্ছে। এই সার্ভিসের অধীনে একজন পত্র প্রেরক তাঁর মোবাইল ফোনের ম্যাসেজ অপশনের গিয়ে ‘পিওআরটিও’ লিখে ১৯০০ নম্বরে পাঠিয়ে দিলেই পোস্ট অফিস থেকে একটি ‘কোড নম্বর’ দিয়ে তাঁকে একটি পাল্টা ম্যাসেজ পাঠানো হবে। ওই কোড নম্বরটি পত্র প্রেরক চিঠির খামের ওপর নির্দিষ্ট জায়গায় লিখবেন। তবে এ ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। যেমন—চিঠির ওজন ৫০ গ্রামের বেশি হতে পারবে না। আর কোড নম্বরটি পাওয়ার সাত দিনের মধ্যেই এটি ব্যবহার করতে হবে। নির্দিষ্ট মাপের চিঠির জন্য পোস্ট অফিস থেকে কোড নম্বর পাওয়া বাবদ একজনকে খরচ করতে হবে আট ডেনিশ ক্রোনার (দশমিক ৯২ পাউন্ড)। এর সঙ্গে টেক্সট ম্যাসেজের বিলও যুক্ত হবে। পত্র প্রেরকের মোবাইল ফোনের বিলের সঙ্গে এ যাবতীয় অর্থ যোগ হবে।ডেনমার্কের ডাক বিভাগের মুখপাত্র হেনরিক লারসেন বলেন, মোবাইল পোস্টেজ পদ্ধতিটি টিকিটের পরিবর্তে একটি উপকারী সম্পূরক ব্যবস্থা। এর ফলে স্থান ও সময় বেঁচে যাবে। তবে এটি টিকিট পদ্ধতিকে বাতিল করার উদ্দেশ নিয়ে করা হয়নি। এর পাশাপাশি ডেনমার্কে অবশ্যই ঐতিহ্যবাহী টিকিট পদ্ধতি চালু থাকবে। এদিকে সুইডেনেও একই পদ্ধতি চালুর চিন্তাভাবনা চলছে। এ পদ্ধতিতে তারা নির্দিষ্ট মাপের চিঠির পাশাপাশি দুই কেজি পর্যন্ত ওজনের ছোট পার্সেল আদান-প্রদানের পরিকল্পনা করছে। সূত্র: বিবিসি।