স্তনে ব্যথা এবং স্তন ক্যানসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক, মেডিকেল অনকোলজিজাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা স্তনে বিভিন্ন রকম উপসর্গ দেখা দিতে পারে। যেমন স্তনে ব্যথা, চাকা বা পিণ্ড বোধ হওয়া, স্তন স্ফিত হয়ে ওঠা, ভারী ভারী বোধ হওয়া, বৃন্ত দেবে যাওয়া, বৃন্ত থেকে তরল বের হওয়া, স্তনের ত্বক শুষ্ক হয়ে যাওয়া, ত্বকে ক্ষত হওয়া ইত্যাদি। এসব উপসর্গ সব সময় যে রোগের কারণে হয়ে থাকে, তা নয়। এর বেশির ভাগই স্তনের স্বাভাবিক পরিবর্তনের কারণে ঘটে থাকে। জন্ম থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত স্বাভাবিকভাবে জীবনের বিভিন্ন পর্যায়ে স্তনে যে পরিবর্তন হয়, শরীরের আর কোনো অঙ্গে এ রকম পরিবর্তন হয় না। স্তনের এই স্বাভাবিক পরিবর্তনের কারণ বিভিন্ন ধরনের হরমোন ও গ্রোথ ফ্যাক্টরের প্রভাব। স্তনের গ্রন্থি (গ্লান্ড) এবং গ্রন্থিকে ঘিরে থাকা অন্যান্য টিসু প্রভাবিত হয়। এ ছাড়া অন্য অনেক কারণে স্তনে বিভিন্ন রকম উপসর্গ দেখা দেয়।স্তনে কোনো সমস্যা হলে সব বয়সের নারীই স্তন ক্যানসার ভেবে আতঙ্কিত হয়ে ওঠেনস্তনে ব্যথা, অপর কথায় বলা হয় মাস্টালজিয়া। এটা একটা উপসর্গ, রোগ নয়। নারীর স্তনে ব্যথা হওয়া খুব একটা স্বাভাবিক ঘটনা। পুরুষেরও কদাচিৎ স্তনে ব্যথা হয়ে থাকে। স্তনে ব্যথা (স্তনের উপসর্গের ৭৫ শতাংশ) নিয়েই বেশির ভাগ নারী চিকিৎসকের পরামর্শ নিতে যান। ৫০ থেকে ৭০ শতাংশ নারীর জীবনে কোনো না কোনো সময় স্তনে ব্যথা অনুভূত হয়ে থাকে। স্তনের এ রকম ব্যথা এক স্তনে অথবা দুই দিকেই হতে পারে বা বগলের নিচেও হতে পারে। ব্যথার মাত্রা ও ধরন সবার এক রকম নয়। বেশির ভাগ ক্ষেত্রে স্তনের এই ব্যথায় কোনো চিকিৎসারও প্রয়োজন হয় না। শতকরা ১৫ জনের চিকিৎসার প্রয়োজন হতে পারে।স্তনে ব্যথা কি স্তন ক্যানসারের লক্ষণ? স্তনে ব্যথা হওয়া কি স্তন ক্যানসারের জন্য ঝুঁকিপূর্ণ? প্রাথমিক পর্যায়ে শনাক্ত স্তন ক্যানসারে আক্রান্ত রোগীর সাধারণত স্তনে ব্যথার উপসর্গ থাকে না। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, স্তন ক্যানসারে আক্রান্ত রোগীর রোগ শনাক্তকরণের সময় মাত্র ১.২ থেকে ৬.৭ জনের স্তনে ব্যথার উপসর্গ থাকে। শারীরিক পরীক্ষায় যদি স্তনে কোনো অস্বাভাবিকতা না থাকে এবং বিভিন্ন রেডিওলজিক্যাল পরীক্ষা যেমন ম্যামোগ্রাফি, আলট্রাসনোগ্রাফির রিপোর্টও যদি স্বাভাবিক হয়, তাহলে শুধু স্তনে ব্যথা নিয়ে ক্যানসার শনাক্ত হওয়ার ঘটনা বিরল। স্তন ক্যানসার স্ক্রিনিং (স্তন ক্যানসার শনাক্তকরণ পদ্ধতি) সংক্রান্ত বিভিন্ন গবেষণায় দেখা গেছে, উপসর্গসহ যেসব নারীর স্তন ক্যানসার শনাক্ত হয়েছে, তাঁদের বেশির ভাগেরই উপসর্গ হলো স্তনে চাকা বা পিণ্ড। শুধু স্তনে ব্যথা, এমন নয়। আরও একটি পর্যবেক্ষণ গবেষণার উল্লেখ করা যেতে পারে। শুধু স্তনে ব্যথার উপসর্গকারী প্রায় এক হাজার নারী এবং সমানসংখ্যক একই গ্রুপের নারীর (যাদের স্তনে কোনো উপসর্গ নেই) দুই বছর স্তন ক্যানসার স্ক্রিনিংয়ে ফলোআপ করা হয়েছে। দেখা গেছে, ক্যানসার শনাক্ত হওয়ার প্রবণতা বা হার দুই গ্রুপের নারীরই সমান। অর্থাৎ ক্যানসার শনাক্ত হয়েছে সেই সব নারীর, যাঁদের রেডিওলজিক্যাল পরীক্ষায় সন্দেহজনক রিপোর্ট পাওয়া গেছে। এ কথা বলা যায়, স্তনে ব্যথা স্তন ক্যানসারের জন্য ঝুঁকিপূর্ণ নয়, যদি অন্যান্য পরীক্ষা স্বাভাবিক থাকে। শুধু স্তনে ব্যথা সাধারণত স্তন ক্যানসারের উপসর্গ হিসেবে দেখা যায় না। তবে ব্যথার সঙ্গে যদি স্তনের অন্যান্য উপসর্গ থাকে, তবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্তনে ব্যথার ধরন সাইক্লিক্যাল ব্যথা (কিছুদিন ব্যথা, কিছুদিন ব্যথা নেই) নন-সাইক্লিক্যাল ব্যথা সাইক্লিক্যাল ব্যথা: স্তনে ব্যথার উপসর্গ আছে এমন নারীর চার ভাগের তিন ভাগই সাইক্লিক্যাল ব্যথা গ্রুপের। এই ব্যথা প্রতি মাসের সাইকেলের সঙ্গে সম্পর্কযুক্ত। প্রতি মাসের সাইকেলের কয়েক দিন আগে হরমোনের প্রভাবে স্তন স্ফিত হয়ে ওঠে। ফলে স্তন চাকা চাকা, ভারী ও ব্যথা অনুভব হয়। সাইকেলের পর এ ধরনের চাকা ভাব ও ব্যথা প্রায় সম্পূর্ণই সেরে যায়। সাধারণত এই ব্যথা দুই স্তনে হয়ে থাকে এবং নির্দিষ্ট স্থান নির্দেশ করে না, পুরো স্তনে ব্যথা অনুভূত হয়ে থাকে। ঋতুবতী নারীর সাইক্লিক্যাল ব্যথা হয় এবং কয়েক বছর স্থায়ী হয়ে থাকে। মেনোপজ (সাইকেল বন্ধ হওয়া) হয়ে গেলে এ ধরনের ব্যথা হয় না। মেনোপজের পর এইচআরটি (হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি) অর্থাৎ হরমোন ওষুধ চালিয়ে গেলে স্তনে ব্যথা হতে পারে। জন্মনিয়ন্ত্রণ বড়ি সেবনেও স্তনে এ ধরনের ব্যথা হয়। মানসিক চাপ ও অন্যান্য দুশ্চিন্তা এবং দুর্ভাবনার কারণেও শরীরে বিভিন্ন হরমোনের মাত্রায় তারতম্য ঘটতে পারে। এতেও কখনো কখনো স্তনে এ ধরনের ব্যথা হতে পারে। শারীরিক পরিশ্রম যেমন হাতে ভারী জিনিস উত্তোলন করলে বা দীর্ঘক্ষণ হাত নাড়াচাড়ার কাজে থাকলে, হাতসহ বুক ও সংলগ্ন স্তনে ব্যথা অনুভব হতে পারে।নন-সাইক্লিক্যাল ব্যথা: এ ধরনের ব্যথা হওয়া নারীর সংখ্যা কম। এই ব্যথা প্রতি মাসের সাইকেলের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। স্তনের একটি নির্দিষ্ট স্থানে ব্যথা অনুভূত হয়। ঋতুবতী ও মেনোপজ হওয়া উভয় নারীর নন-সাইক্লিক্যাল ব্যথা হতে পারে। এ ধরনের ব্যথার কারণ স্তনের বিভিন্ন সমস্যা। যেমন অপেক্ষাকৃত স্থূল আকৃতির স্তন, গর্ভকালীন, প্রসবকালীন ও স্তন্যদানকালীন স্তনের পরিবর্তন, স্তনে আঘাত, ক্ষত, অপারেশন, প্রদাহ। স্তনের নিচে বুকের মাংসপেশি, হাড়, কার্টিলেজে কোনো প্রদাহ, আঘাত। অন্যান্য কারণ যেমন শারীরিক ওজন বেড়ে যাওয়া, স্তনে বিনাইন (ক্যানসার নয়) টিউমার বা রোগ। ইনফ্লামাটোরি ব্রেস্ট ক্যানসারে (খুব কমসংখ্যক রোগীর) স্তনে ব্যথা হতে পারে।স্তনে ব্যথা হলে কী করা উচিতস্তনের ব্যথা সাইক্লিক্যাল কি না, তা উপলব্ধি করতে হবে। যেদিন ব্যথা অনুভূত হবে, সেই তারিখটি ক্যালেন্ডারে ব্যথার একটি চিহ্ন—ধরা যাক ‘ব’ দিয়ে রাখা যেতে পারে। ব্যথার মাত্রা ও স্থায়িত্ব প্রয়োজনে লিখে রাখা যায়। এরপর মাসিক শুরু হলে ক্যালেন্ডারের ওই তারিখে ‘ম’ চিহ্ন দিয়ে রাখা যেতে পারে। এভাবে পর পর কয়েক মাস (অন্তত ছয় মাস) লক্ষ করলেই স্তনের ব্যথা সাইক্লিক্যাল কি না, উপলব্ধি করা যাবে। তবে ব্যথা দীর্ঘদিন স্থায়ী হলে, তীব্র ব্যথা হলে কিংবা স্তনে অন্য কোনো সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ব্যথার ধরন নির্ধারণে চিকিৎসক বিভিন্ন বিষয় বিবেচনায় আনেন। যেমন—রোগীর ব্যক্তিগত ও পারিবারিক ইতিহাস, ব্যথার স্থান, ব্যথার মাত্রা, স্থায়িত্ব এবং অন্যান্য বিষয়। এই ব্যথার সঙ্গে স্তনে কোনো রোগ যেমন ক্যানসার আছে কি না, তা শনাক্ত করার জন্য শারীরিক পরীক্ষা করা হয়। প্রয়োজনে বিভিন্ন রেডিওলজিক্যাল পরীক্ষা যেমন আল্ট্রাসনোগ্রাফি, ম্যামোগ্রাফির সাহায্য নেওয়া হয়ে থাকে। সাধারণভাবে ৪০ বছরের নিচে কোনো নারীর ম্যামোগ্রাফি করানো হয় না। তবে স্তন ক্যানসারের জন্য ঝুঁকিপূর্ণ হলে বয়স ৪০-এর কম হলেও ম্যামোগ্রাফি করানো হয়। যদি স্তনে কোনো ধরনের রোগ না থাকে, তবে সাধারণভাবে কোনো চিকিৎসার প্রয়োজন নেই। ওষুধের প্রয়োজন আছে কি না, তা চিকিৎসক ও রোগী যৌথভাবে সিদ্ধান্ত নিতে পারেন। সাইক্লিক্যাল ব্যথার চিকিৎসা কীসাধারণত স্তনে মৃদু ব্যথা বা সহ্য করার মতো ব্যথা (মডারেট পেইন) হলে কোনো চিকিৎসার প্রয়োজন নেই। কিছু কিছু পদ্ধতি স্তনের ব্যথা উপশমে অনেকের ক্ষেত্রে বেশ কার্যকর হয়েছে। যদিও এসব পদ্ধতির কার্যকারিতার বৈজ্ঞানিক প্রমাণ যথেষ্ট নয়। যেমন খাদ্যাভ্যাস: প্রতিদিন ফল, ফলের রস, তরকারি, শাকসবজি, শস্যদানা ও আঁশজাতীয় খাবার খাওয়া। এসব খাবারে বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেল যেমন—ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম প্রভৃতি থাকে, যা স্তনের ব্যথা কমিয়ে দেয়। চর্বিযুক্ত খাবার শরীরের ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বাড়ায়। এতে স্তনে ব্যথা হতে পারে। তাই চর্বিযুক্ত খাবার কম খেলে ব্যথা কমে যায়। খাবারে বেশি লবণ খেলে শরীরে পানি জমে যায়। স্তনে ব্যথা হতে পারে। লবণ কম খেলে উপকার পাওয়া যায়। কোক, চকলেট, কফি খাওয়ার মাত্রা কমিয়ে দিলে স্তনের ব্যথা কমে যায়।নিয়মিত ব্যয়াম: নিয়মিত ব্যয়াম করলে শরীরের ওজন কমে যায়। এতে শরীরে হরমোনের মাত্রা স্থিতি অবস্থায় থাকে এবং স্তনের ব্যথা কমে যায়। শরীরের জন্য আরামদায়ক, আঁটসাঁট ও সহায়ক অন্তর্বাস ব্যবহারে অনেকেরই ব্যথার উপশম হয়। এতে শরীরের ঝাঁকুনি কমে। তাই সারা দিন এমনকি ঘুমের সময়ও এ ধরনের পোশাক পরলে উপকার পাওয়া যায়। উষ্ণ পানিতে ভিজিয়ে ছোট তোয়ালে বা নরম কাপড় (কিছুটা পানি ঝরিয়ে) ১০-১২ মিনিট স্তনে হালকা করে চেপে রাখলে ব্যথার আরাম হয়। তবে কোনো আঘাত বা ক্ষত হলে ঠান্ডা পানিতে আরাম বোধ হয়।ওষুধের চিকিৎসা: চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করা উচিত। ভিটামিন-বি৬ (পাইরিডক্সিন), ভিটামিন-বি১ (থায়ামিন), ভিটামিন-ই সেবনে স্তনের ব্যথা কমে যায়। ইভিনিং প্রিমরোজ অয়েল (এক ধরনের গাছের বীজ থেকে নিঃসৃত) যা বড়ি ও ক্যাপসুল আকারে পাওয়া যায়। এ ধরনের বড়ি সেবনেও ব্যথায় উপকার হয়। তীব্র ব্যথা হলে ব্যথার ওষুধ সেবন বা ব্যবহার করতে হবে।এ ছাড়া বিভিন্ন ধরনের ওষুধ যেমন ডানাজল, ব্রোমক্রিপটিন, টেমোক্সিফেনসহ বিভিন্ন ধরনের ওষুধ আছে। তবে এসব ওষুধের বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া আছে।