দেশের জন্য অস্ত্র হাতে লড়াই করে জিতেছিলেন। গান গেয়ে জয় করেছিলেন চার দশকের সংগীতপিপাসুদের হূদয়। কিন্তু হেরে গেলেন ক্যানসারের কাছে। কণ্ঠস্বর চিরকালের জন্য স্তব্ধ হলো পপসম্রাট আজম খানের। সংগীতে, সমরে এক বর্ণাঢ্য জীবন কাটিয়ে না ফেরার জগতে চলে গেলেন পপগুরু।ক্যানসারের সঙ্গে প্রায় এক বছরের যুদ্ধ শেষে গতকাল রোববার সকাল ১০টা ২০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। দ্রুত ছড়িয়ে পড়ে আজম খানের মৃত্যুসংবাদ। মাইক্রোফোন হাতে পপগুরু মঞ্চে দাঁড়াতেই হর্ষধ্বনিতে ফেটে পড়ত যে অগণিত দর্শক, গভীর শোক নেমে আসে তাদের মধ্যে। সংগীতশিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনে নেমে আসে বিষাদের ছায়া। হরতাল সত্ত্বেও হাসপাতালে শিল্পী ফকির আলমগীর, কুমার বিশ্বজিৎ, আইয়ুব বাচ্চু, তপন চৌধুরী, হানিফ সংকেত, কাজী হাবলু, ফোয়াদ নাসের বাবু, কবির বকুলসহ সংগীতজগতের অনেকেই সিএমএইচে ছুটে যান। এসেছিলেন তাঁর অনেক ভক্ত। এক বিষাদঘন পরিবেশ সৃষ্টি হয় সেখানে।রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পৃথকভাবে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা বলেন, মুক্তিযোদ্ধা এবং সংগীতশিল্পী ও ক্রীড়ানুরাগী হিসেবে তিনি যে অবদান রেখেছেন, জাতি তা চিরকাল স্মরণ রাখবে। গতকাল শিল্পী আজম খানের মরদেহ সিএমএইচের হিমঘরে রাখা হয়। আজ সোমবার সকাল সাতটায় তাঁর মরদেহ কমলাপুরের বাড়িতে নেওয়া হবে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে সকাল ১০টায়, রাখা হবে বেলা ১১টা পর্যন্ত। জানাজা হবে বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরশয্যায় শায়িত করা হবে তাঁকে।পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকালেও তাঁর ঠোঁট অল্প অল্প নড়ছিল। এরপর অবস্থার অবনতি ঘটে। সকাল ১০টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক পরিবারের সদস্য ও উপস্থিত শুভাকাঙ্ক্ষীদের জানান, ‘শিল্পী আর নেই।’গতকাল দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মেহবুবুল হক সাংবাদিকদের জানান, ১ জুন সিএমএইচে ভর্তি হওয়ার পর থেকে শিল্পী আজম খান চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ছিলেন। চিকিৎসক পর্ষদ গঠন করে আইসিও-১-এ তাঁর চিকিৎসা চলছিল। হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকের সঙ্গে শিল্পী একাধিকবার ইশারায় কথা বলেছেন। তাঁর ইচ্ছায় শনিবার বিশেষ ব্যবস্থায় পাকা পেঁপে খেতে দেওয়া হয়। সর্বশেষ গতকাল সকালে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। গুরু হয়েও সাধারণবিপুল জনপ্রিয়তা সত্ত্বেও ব্যক্তিগত জীবনে শিল্পী আজম খান ছিলেন অত্যন্ত সহজ-সরল। খোলা মনের মানুষ। অনেকটা নিভৃতে, অনাড়ম্বর জীবন যাপন করতেন তিনি। ‘আলাল দুলাল’, ‘সালেকা মালেকা’, ‘রেল লাইনের বস্তির ছেলে’র কথা তুলে ধরে তিনি স্বাধীনতা-পরবর্তী বাংলা গানে সমাজের নিচুতলার অতি সাধারণ মানুষকে উপস্থাপন করেছিলেন। এসব সাধারণ মানুষ, তাঁর ব্যতিক্রমী কণ্ঠস্বর এবং সংগীত পরিবেশনার একান্ত আপন আঙ্গিক তাঁকে দ্রুত জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। বিশেষ করে, ‘রেললাইনের ঐ বস্তিতে জন্মে ছিল একটি ছেলে/ ছেলেটি মরে গেছে/ মা তার কাঁদে/ বাংলাদেশ বাংলাদেশ’ গানটি শ্রোতাদের হূদয়ে তাঁর স্থায়ী আসন তৈরি করে দেয়।আজম খানের জন্ম ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার আজিমপুরের সরকারি কোয়ার্টারে। পুরো নাম মোহাম্মদ মাহবুবুল হক খান। বাবা আফতাব উদ্দিন খান সরকারি চাকরিজীবী। মা জোবেদা বেগম সংগীতশিল্পী। শৈশব থেকেই সংগীতে অনুরাগ। মায়ের অনুপ্রেরণায় নিয়মিত চর্চা। ১৯৬৬ সালে তিনি সিদ্ধেশ্বরী হাইস্কুল থেকে এসএসসি এবং ১৯৬৮ সালে টিঅ্যান্ডটি মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাস করেন।দেশে তখন আইয়ুব খানবিরোধী উত্তাল আন্দোলন। সক্রিয়ভাবে ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন তিনি। জনতার আন্দোলনকে বেগবান করতে ‘ক্রান্তি শিল্পীগোষ্ঠী’র সদস্য তরুণ আজম খান গণসংগীত গেয়ে পথে নামেন। তারপর শুরু হলো বাঙালির মুক্তির সংগ্রাম। তাতে ঝাঁপিয়ে পড়েন তিনি। একাত্তর সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়া মাত্র চলে যান আগরতলায়। একদিকে নিয়েছেন যুদ্ধের প্রশিক্ষণ, অন্যদিকে প্রশিক্ষণ শিবিরে গান গেয়ে অনুপ্রাণিত করেছেন মুক্তিযোদ্ধাদের। প্রশিক্ষণ শেষে অস্ত্র হাতে অংশ নিয়েছেন সম্মুখ সমরে। দেশমাতৃকার পরাজয়ের শৃঙ্খল মুক্ত করে বীরের বেশে ফিরেছেন প্রিয় ঢাকায়।প্রাতিষ্ঠানিক লেখাপড়ার সেই যে ছেদ পড়েছিল, তা আর এগোয়নি। সংগীতে যে অনন্য প্রতিভা ছিল তাঁর, সেটিকেই সাধনার পথ ও জীবিকার উপায় হিসেবে আঁকড়ে ছিলেন আমৃত্যু। পশ্চিমা ধাঁচের পপগানে দেশজ বিষয়ের সংযোজন ও পরিবেশনার স্বতন্ত্র রীতিতে বাংলা গানে নতুন মাত্র এনেছিলেন তিনি। শ্রোতাদের কাছে তখন এ ধরনের গান ছিল একেবারেই নতুন। এই নতুন ধারার গানের পথিকৃৎ হিসেবে তিনি শ্রোতাদের কাছে ‘পপসম্রাট’ বা ‘পপগুরু’ হিসেবে সম্মানিত হন। ১৯৭২ সলে ‘উচ্চারণ’ নামের ব্যান্ড দিয়ে তাঁর যাত্রা শুরু হয়েছিল। সে বছরই বিটিভিতে প্রচারিত ‘এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে’ ও ‘চার কালেমা সাক্ষী দেবে’ এই গান দুটি তাঁকে জনপ্রিয় করে তোলে। এরপর ‘ওরে সালেকা ওরে মালেকা’, ‘রেললাইনের ঐ বস্তিতে’, ‘আসি আসি বলে তুমি আর এলে না’, ‘আলাল ও দুলাল’, ‘হারিয়ে গেছে খুঁজে পাব না’—এসব গানে গানে তিনি শ্রোতাদের মাতিয়ে তোলেন। এক যুগ নামে তাঁর প্রথম অডিও ক্যাসেট প্রকাশিত হয় ১৯৮২ সালে। সব মিলিয়ে তাঁর গানের অ্যালবাম ১৭টি। জনপ্রিয় অন্যান্য গানের মধ্যে আছে, ‘এত সুন্দর দুনিয়ায় কিছু রবে না রে’, ‘হাইকোর্টের মাজারে, ‘জীবনে কিছু পাব না’, ‘পাপড়ি কেন বোঝে না’, ‘সাঁইজি’, ‘সব মানুষই সাদা কালো’, ‘মানুষ নামে খেলনা’, ‘জীবনের শেষ কটা দিন’, ‘অনামিকা’, ‘অভিমানী’ এসব।২০০৩ সালে গডফাদার নামের একটি বাংলা চলচ্চিত্রেও আজম খান অভিনয় করেন। কয়েকটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। সংগীতের পাশাপাশি খেলাধুলার প্রতি ছিল তাঁর গভীর অনুরাগ। সাঁতারের প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।১৯৮১ সালে তিনি সাহেদা বেগমকে বিয়ে করেন। তাঁর দুই মেয়ে ইমা খান ও অরণী খান এবং ছেলে হূদয় খান। আজম খানরা চার ভাই ও দুই বোন। বরেণ্য সুরকার আলম খান তাঁর বড় ভাই।পুরস্কার ও সম্মাননা: বর্ণাঢ্য জীবনে অনেক পুরস্কার পেয়েছেন আজম খান। এর মধ্যে হলিউড থেকে ডিস্কো রেকর্ডিংয়ের সৌজন্যে ১৯৯৩ সালে বেস্ট পপ সিঙ্গার অ্যাওয়ার্ড, টেলিভিশন দর্শক পুরস্কার ২০০২, কোকাকোলা গোল্ড বোটলসহ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, কাউন্সিল অব আরবান গেরিলা ঢাকা ’৭১-এর বীর মুক্তিযোদ্ধা সম্মাননা এবং রেডিও টুডের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা সম্মাননা উল্লেখযোগ্য।