স্ত্রস কানের বিরুদ্ধে এবার ধর্ষণ-চেষ্টার অভিযোগ আনা হচ্ছে
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান দমিনিক স্ত্রস কানের বিরুদ্ধে এবার ধর্ষণ-চেষ্টার অভিযোগ তোলা হচ্ছে। আজ মঙ্গলবার ফ্রান্সের সাংবাদিক ও লেখিকা ট্রিসটান বেনন আদালতে এ অভিযোগ আনতে পারেন। বেননের আইনজীবী ডেভিড কোবি বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন।ভেভিড কোবি জানিয়েছেন, ৩২ বছর বয়সী বেনন অভিযোগ করেছেন তিনি ২০০৩ সালের শুরুতে প্যারিসে একটি বাসায় দেশের সাবেক অর্থমন্ত্রী স্ত্রস কানের সাক্ষাৎকার নিতে যান। তখন স্ত্রস কান তাঁকে ধর্ষণের চেষ্টা করেন।স্ত্রস কানের এক আইনজীবী হেনরি লেকলার্ক বার্তা সংস্থাটিকে জানিয়েছেন, মিথ্যা অভিযোগ আনার জন্য বেননের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে তিনি সাবেক আইএমএফ প্রধানকে পরামর্শ দিয়েছেন।এর আগে নিউইয়র্কে স্ত্রস কানের বিরুদ্ধে আনা যৌন নির্যাতনের অভিযোগে একটি মামলা হয়। তবে মামলাটির সত্যতা নিয়ে প্রশ্ন উঠলে গত শুক্রবার আদালত তাঁকে গৃহবন্দিত্ব থেকে মুক্তি দেন। ওই মামলা নিষ্পত্তি হওয়ার আগেই তাঁর বিরুদ্ধে আবার একটি অনুরূপ অভিযোগ তোলা হচ্ছে।নিউইয়র্কে স্ত্রস কানের বিরুদ্ধে আনা যৌন নির্যাতনের অভিযোগটি দুর্বল হয়ে গেছে। গতকাল সোমবার ফ্রান্সের সোশালিস্ট পার্টি ঘোষণা দিয়েছে যে দেশে আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে স্ত্রস কান অংশ নিতে পারবেন।সোশালিস্ট পার্টির মুখপাত্র বেনোয়েট হ্যামন বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে স্ত্রস কানের জনপ্রিয়তা কমাতে এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে।