স্ত্রী আর শিশুপুত্রের চিকিৎসা নিয়ে খাবি খাচ্ছেন মঞ্জু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দোতলায় ৩৫ নম্বর ওয়ার্ডের করিডরে শুয়ে আছেন সুমির মা হাসিনা বেগম। মাথায় আর কোমরে গুরুতর আঘাত পাওয়া হাসিনার জ্ঞান এই ফিরছে তো এই নেই। ফলে তিনি গতকাল পর্যন্ত জানতে পারেননি তাঁর সাত বছরের মেয়ে সুমি মারা গেছে। বুঝতে পারছেন না, পাশেই কাতরাতে থাকা তাঁর কোলের শিশুটির কী অবস্থা। ১৪ মাসের শিশুপুত্র হাসানকে ধরে বসে আছেন রিকশাচালক বাবা মঞ্জু। হাসানের ছোট হাতের চিকন শিরায় স্যালাইন চলছে। মাথায় ও থুতনিতে গুরুতর আঘাত তার। প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন পুরাতন বিমান বন্দর সড়কে রাস্তা পার হওয়ার সময় শুক্রবার বেপরোয়া গতিতে বাস এসে ধাক্কা দেয় হাসিনা বেগম (২৬) আর তাঁর দুই শিশুকে। পথচারীরা ফার্মগেটের বেসরকারি আল-রাজি হাসপাতালে নেওয়ার পর মারা যায় সুমি। গুরুতর আহত হাসিনা ও শিশু হাসানকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই এখন তাঁদের চিকিৎসা চলছে। সুমির দাফন হয়েছে শাহীনবাগের একটি গোরস্থানে গত শুক্রবার রাতে। সুমিদের বাড়ি গাইবান্ধায়। প্রায় ১০ বছর ধরে শাহীনবাগের ঝুপড়িঘরে থাকছে তারা। বাবা মঞ্জু ঢাকায় রিকশা চালাচ্ছেন ১০ বছর ধরে। ঘরভাড়া এক হাজার ৬০০ টাকা হলেও সবটা মঞ্জু দিতে পারেন না। সুমির দাদি জোহরা বেগম ছুটা বুয়ার কাজ করে ওই পরিবারকে সাহায্য করেন।গতকাল হাসপাতালে গিয়ে দেখা যায়, মাঝেমধ্যে তীব্র যন্ত্রণায় কেঁদে উঠছে শিশু হাসান। বাবা একটু পরপরই তাকে কোল তুলে নিচ্ছেন। বার বার বলছিলেন, ‘কেউ একটু ডাকতররে ডাইকা দিবেন? পোলাটা কষ্ট পাইতেছে।’কন্যাশিশু হারানোর শোক বুকে নিয়ে মঞ্জু যুদ্ধ করছেন স্ত্রী ও পুত্রের চিকিৎসা নিয়ে। এক্স-রেসহ ওষুধ কেনার একগাদা নির্দেশপত্র নিয়ে বসে আছেন তিনি। দুজনের মাথা আর কোমরের এক্স-রের জন্য লাগবে দুই হাজার টাকা করে। কী করবেন জানতে চাইলে বলেন, ‘ভাই, আমি কিস্যু জানি না।’ আলাপ করে জানা যায়, রিকশা চালিয়ে মঞ্জু প্রতিদিন ১৫০ টাকার মতো আয় করেন। মঞ্জুর বোন মনিরা বেগম প্রথম আলোকে বলেন, ‘আসার পর থাইকা কেবল স্যালাইন দিছে। হাসানরে স্যালাইন দিছে আজ (গতকাল) দুপুর বেলা। এর আগে কুনো ডাকতর আসে নাই। সাংবাদিকেরা আসছে শুইনা সবাই আসে। এখন ওরা বলে এক্স-রে করাইতে। এত্ত ট্যাকা আমরা কই পামু?’ মনিরা বেগম আফসোস করে বলেন, সুমি খুব শান্ত মেয়ে ছিল। টাকার অভাবে সে স্কুলে ভর্তি হতে পারেনি। ছোট ভাইকে দেখাশোনা আর মাকে কাজে সাহায্য করত। আর ফুফাতো ভাইবোনদের সঙ্গে খেলাধুলা করেই দিন কাটত তার। মেলার কথা শুনলেই যাওয়ার জন্য অস্থির হয়ে যেত। সকালে শাহীনবাগের ছাপড়া ঘরটিতে গিয়ে দেখা গেল, সুমির ফুফাতো ভাইবোনেরা চুপচাপ বসে আছে। সুমির ফুফা পুরোনো ছবিগুলো বের করলে ওরা ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে। প্রায় ভেঙে পড়া ঘরটাও যেন ঝিমুচ্ছে।সুমির ফুফু মনিরা বেগম প্রথম আলোকে বলেন, বাণিজ্যমেলায় যাওয়ার জন্য বায়না ধরেছিল সুমি। রিকশাচালক বাবার কাছে দিনশেষে বাড়তি কোনো টাকাই থাকে না। শেষমেশ সুমির ফুফু ও দাদি ৩০০ টাকার ব্যবস্থা করে দেন। সেই টাকা নিয়ে সুমি আর হাসানকে নিয়ে মেলায় যান মা হাসিনা। মেলা থেকে ফেরার সময়ই বাস চাপা দেয় তাঁদের। কেঁদে কেঁদে সুমির দাদি জোহরা বেগম বলেন, ‘গ্যাস নাই আমাগো। মেলা থেকে ফেরার পথে লাকড়ি কুড়িয়ে আনার কথা বলেছিল সুমির মা।’ গ্রেপ্তার হয়নি বাসচালক: ঘটনার ২৪ ঘণ্টা পরেও পুলিশ বাসচালককে গ্রেপ্তার করতে পারেনি। আটক করতে পারেনি বাসটিও। শুক্রবার তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রথম আলোকে বলেন, বাসটি নিয়ে চালক পালিয়ে গেলেও নম্বর সংগ্রহ করা হয়েছে। গতকাল শনিবার তিনি বলেন, চালক বা বাসটি আটক করা যায়নি।