স্ত্রী ও শিশুপুত্রকে হত্যার পর মাদকাসক্ত যুবকের আত্মহত্যা
মাদকাসক্ত এক যুবক তাঁর স্ত্রী ও শিশুপুত্রকে হত্যার পর আত্মহত্যা করেছেন। হূদয়বিদারক এ ঘটনায় গতকাল সোমবার সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের শ্যামপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে।ঘাতক ওই যুবক শ্যামপুর গ্রামের মৃত সুরেন্দ্র সরকারের ছেলে বিশাল সরকার (২৮)। তাঁর স্ত্রীর নাম রীতা সরকার (২৩) আর ছেলে শিশির সরকার (৫)।মৃত্যুর আগে লিখে যাওয়া এক চিরকুটে এ ঘটনার জন্য বিশাল তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকদের দায়ী করে গেছেন। তবে বিশালের শ্যালক সুমন মল্লিক তাঁর ভগ্নিপতি, বোন আর ভাগনের এই করুণ পরিণতিকে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন।সাভার থানার পুলিশ, এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, রোববার রাত ১০টার দিকে বিশাল ও তাঁর বড় ভাই গোপাল সরকার সাভারের রাজ্জাক প্লাজায় নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে একসঙ্গে বাড়ি ফেরেন। রাতের খাবার খেয়ে বিশাল তাঁর স্ত্রী-সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। গতকাল সকাল আটটার পরও তাঁরা দরজা না খোলায় পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েন। সকাল পৌনে নয়টার দিকে তাঁরা ঘরের জানালা ভেঙে বিশালকে ঘরের ধরনার সঙ্গে ঝুলতে দেখেন। এ সময় স্ত্রী রীতা আর ছেলে শিশিরের নিথর দেহ পড়ে ছিল মেঝেতে। এ দৃশ্য দেখে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁদের মৃত্যু নিশ্চিত হয়ে খবর দেন সাভার থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।বিশালের ভগ্নিপতি প্রদীপ সরকার জানান, ১৯৮৮ সালে তাঁর শ্বশুর সুরেন্দ্র সরকারের মৃত্যুর পর বড় ভাই (প্রদীপের শ্যালক) গোপাল সরকারই বাবার আদর দিয়ে বিশালকে বড় করেন। দুই ভাই একসঙ্গেই তৈরি পোশাকের ব্যবসা করতেন সাভারের রাজ্জাক প্লাজায়। বছর ছয়েক আগে বিয়ে করার পর বিশাল পৃথক হয়ে যান। এরপর পৈতৃক সূত্রে পাওয়া জমি বিক্রি করে নিজেই তৈরি পোশাকের দোকান দেন রাজ্জাক প্লাজায়। বছর চারেক আগে বিশাল মাদকে আসক্ত হয়ে পড়েন।ঘটনার পর বিশালের ঘর থেকে পুলিশ একটি চিরকুট উদ্ধার করে। মৃত্যুর আগে ভোর সাড়ে চারটায় বড় ভাইয়ের উদ্দেশে ওই চিরকুটে তিনি লিখেন, ‘ভাই, তুমিও আমাকে পাগল ভাব, আসলে আমি পাগল ছিলাম না। আমাকে পাগল বানাইছে রীতা (স্ত্রী), তাঁর মা ও ভাই। তাই আমি চলে যাচ্ছি রীতা ও শিশিরকে নিয়ে। আমাকে মাফ করে দিয়ো। ইতি, তোমাদের পাগল, বিশাল।’ ওই চিরকুটে তিনি বিভিন্ন ব্যক্তির কাছে দেনা-পাওনার কথাও উল্লেখ করেন।বিশালের শ্যালক সুমন মল্লিক জানান, এই মৃত্যু রহস্যজনক। তাঁর ভগ্নিপতি, বোন ও ভাগনে ষড়যন্ত্রের শিকার।ঘটনার পর পুলিশ বিশালের বড় ভাই গোপাল সরকারকে থানায় নিয়ে আসে। পুলিশ হেফাজতে তিনি বলেন, ‘বিশাল মাদকাসক্ত ছিল। মাদকের ছোবলে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। মানসিক বিকারগ্রস্ত হয়েই সে স্ত্রী-সন্তানদের হত্যার পর নিজে আত্মহত্যা করে।’সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, বিশাল মাদকাসক্ত ছিলেন। প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে, তিনি স্ত্রী ও সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন। গতকাল সন্ধ্যায় একটি অপমৃত্যু ও হত্যা মামলা করা হয়েছে। মামলা দুটি করেছেন উপ পরিদর্শক মো. আবুল হোসেন।