স্ত্রী নির্যাতনের মামলায় শিক্ষকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী নির্যাতনের মামলায় রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের একজন শিক্ষকের তিন বছরের সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আফজাল হোসেন এই রায় দেন।ওই শিক্ষকের নাম হুমায়ুন কবির। তিনি রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক। তাঁর বিরুদ্ধে স্ত্রী ফারহানা রুবাইয়া গত বছরের ২৩ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে নগরের বোয়ালিয়া থানায় নির্যাতনের অভিযোগ এনে মামলা করেন।ফারহানার অভিযোগ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯৯৩ সালের ২৮ জুন তাঁদের বিয়ে হয়। তাঁদের দুজন ছেলেসন্তান আছে। দ্বিতীয় সন্তান জন্মের পর থেকেই বদলে যান হুমায়ুন কবির। বাসায় প্রাইভেট পড়িয়ে অনেক টাকা রোজগার করেন। নিজের ছাত্রীসহ বিভিন্ন মেয়েদের সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এমনকি নিউ ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের এক শিক্ষকের স্ত্রীর সঙ্গেও তিনি ‘অবৈধ’ সম্পর্ক গড়ে তোলেন।অভিযোগে আরও বলা হয়, কলেজের পরীক্ষায় বেশি নম্বর দেওয়া এবং পরীক্ষার আগেই প্রশ্নপত্র বলে দেওয়ার নাম করে ছাত্রীদের সঙ্গে তিনি শারীরিক সম্পর্ক গড়ে তোলেন।স্ত্রী ফারহানা রুবাইয়া স্বামী হুমায়ুন কবিরের এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলে তিনি তাঁর ওপর নির্যাতন করেন। একপর্যায়ে তিনি ১৫ লাখ টাকা যৌতুক দাবি করেন।টাকা দিতে অস্বীকৃতি জানালে হুমায়ুন কবির গত বছরের ১৪ সেপ্টেম্বর তাঁর স্ত্রীকে মারপিট করে রাজশাহীর বাড়ি থেকে সন্তানসহ বের করে দেন। সেই সঙ্গে স্ত্রীকে হত্যারও হুমকি দেন।আহত ফারহানা রুবাইয়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি হন। সেখানে তিনি তিন দিন ছিলেন। ওসিসির মাধ্যমেই তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনে বোয়ালিয়া থানায় মামলা করেন।এরপর গত ৩ নভেম্বর হুমায়ুন কবিরকে ফেনীর সোনাগাজি কলেজে বদলি করা হয়। গত ২৩ জানুয়ারি আদালতে হাজিরা দিতে এলে আদালত তাঁকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।আজ রায় ঘোষণার সময় ওই শিক্ষককে আদালতে হাজির করা হয়। রায়ে বলা হয়, গ্রেপ্তারের দিন থেকে তাঁর সাজার মেয়াদ কার্যকর হবে।আসামিপক্ষের আইনজীবী ছিলেন হামিদুল হক আর বাদীপক্ষে ছিলেন পিপি সৈয়দা মর্জিনা পারভীন ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় সমন্বয়কারী দিল সেতারা চুনি।