স্ত্রী পুত্রসহ লরা বাগবো গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট ভবনের সুরক্ষিত বাংকারে লুকিয়েও পার পেলেন না আইভরি কোস্টের ক্ষমতা আঁকড়ে থাকা বিতর্কিত প্রেসিডেন্ট লরা বাগবো। গতকাল সোমবার তাঁর বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিদ্রোহী ওয়াতারার বাহিনীর হাতে, না ফরাসি সেনাদের হাতে তিনি ধরা পড়েছেন, তা স্পষ্ট নয়। প্রেসিডেন্ট হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া বিদ্রোহী নেতা আলাসেন ওয়াতারার সদর দপ্তরে স্ত্রী সাইমন, ছেলে মাইকেলসহ বাগবোকে গতকালই বন্দী করে নিয়ে যাওয়া হয়েছে। বিদ্রোহী-নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় টেলিভিশনে তাৎক্ষণিকভাবে বাগবোর আটকাবস্থার ছবি সম্প্রচার করা হয়।বাগবো গ্রেপ্তার হওয়ার পর পরই আলাসেন ওয়াতারার প্রধানমন্ত্রী ও সাবেক বিদ্রোহী নেতা গিল্লাউমি সোরো টেলিভিশনে বলেন, ‘দুঃস্বপ্নের অবসান হয়েছে।’ তিনি বলেন, বাগবোর অনুগতরা যদি তাঁদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে, তাহলে তাঁদের বিরুদ্ধে ধরপাকড় অভিযানে নামবেন না তাঁরা।ওয়াতারার মুখপাত্র ঔলোটো স্থানীয় সময় দুপুর একটায় (বাংলাদেশ সময় গতকাল সন্ধ্যা সাতটা) এএফপিকে বলেন, ‘তিনি (বাগবো), তাঁর স্ত্রী ও ছেলে মাইকেল এখন আমাদের কাছে। তাঁরা সুস্থ আছেন।’আইভরি কোস্টে নিযুক্ত জাতিসংঘের প্রতিনিধি ইউসোফৌ বামবা বলেছেন, বাগবো ‘জীবিত ও সুস্থ’ আছেন। বামবা বলেন, বাগবো যে অন্যায়-অত্যাচার করেছেন, সে জন্য অবশ্যই তাঁকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।আলাসেন ওয়াতারা রাজধানী আবিদজানের গলফ হোটেলকে তাঁর প্রধান ঘাঁটি বানিয়ে সেখান থেকে বিদ্রোহীদের নির্দেশনা দিয়ে আসছিলেন। গত শনিবার বাগবোর বাহিনী সেখানে হামলা চালায়। বিদ্রোহীদের সহায়তায় এগিয়ে আসে ফ্রান্স ও জাতিসংঘের বাহিনী। রোববার রাতে ফ্রান্স ও জাতিসংঘের বিমানবাহিনী পাল্টা হামলা চালানো শুরু করলে পিছু হটে বাগবো বাহিনী। এরপর গতকাল ফ্রান্স ও জাতিসংঘের বিমান ও হেলিকপ্টার থেকে সরাসরি বাগবোর বাসভবনে হামলা চালানো হয়। একপর্যায়ে ফরাসি সেনাবাহিনী ও ওয়াতারার অনুগতরা বাগবোর বাসভবন ঘিরে ফেলে। তারা ট্যাঙ্ক ও সাঁজোয়া যান নিয়ে বাসভবন চত্বরে ঢুকে পড়ে। দুপুর একটার পর আইভরি কোস্টে ফ্রান্সের দূতাবাস থেকে বলা হয়, ফরাসি সেনারা বাগবোকে গ্রেপ্তার করে বিদ্রোহীদের হাতে তুলে দিয়েছে। তবে এর কিছুক্ষণ পরই ফ্রান্স সরকারের পক্ষ থেকে বলা হয়, বাগবোকে ফরাসি সেনারা গ্রেপ্তার করেনি, বিদ্রোহীরা করেছে। ফরাসি বাহিনী কেবল তাঁদের সামরিক সহায়তা দিয়েছে।গ্রেপ্তার অবস্থায় বাগবোর যে ছবি টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে, সেখানে তাঁকে বিমর্ষ দেখাচ্ছিল। তবে ওই ছবি দেখে আইভরি কোস্টের বিভিন্ন রাজপথে বাগবোবিরোধীদের আনন্দ-উল্লাস করতে দেখা গেছে।১৯৯৯ সালে এক বিতর্কিত নির্বাচনে লরা বাগবো প্রেসিডেন্ট নির্বাচিত হন। গত বছরের নভেম্বর মাসে সে দেশে আবার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন ওয়াতারাকে বিজয়ী ঘোষণা করলেও বাগবো ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানান। বাগবো দাবি করেন, তিনিই বিজয়ী হয়েছেন। তবে আন্তর্জাতিক সম্প্রদায় ওয়াতারাকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়। আফ্রিকান ইউনিয়ন তাঁকে ক্ষমতা ছাড়তে গত ২০ মার্চ সময় বেঁধে দেয়। তবে বাগবো ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানিয়ে তা আঁকড়ে থাকেন। এএফপি, রয়টার্স ও বিবিসি।