স্ত্রী-সন্তানকে মেরে নিজেও মরলেন
ঢাকার অদূরে সাভারের শ্যামপুর গ্রামে স্ত্রী-সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছেন মাদকাসক্ত বিশাল সরকার (২৮)। গতকাল রোববার রাতের কোনো একসময় তিনি এমনটা করেছেন বলে পুলিশ ও পরিবারের সদস্যরা বলছে। আজ সোমবার পুলিশ লাশ তিনটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।বিশালের পরিবারের সদস্যরা বলেন, স্ত্রী রীতা সরকার (২৩) ও ছেলে শিশির সরকারকে (৫) নিয়ে বিশালের পরিবার। বিশালেরা দুই ভাই পাশাপাশি বাড়িতে থাকেন। বিশালের পরিবারের সদস্যরা সাধারণত সকাল সাতটার মধ্যে ঘুম থেকে ওঠে। কিন্তু আজ তেমনটি না হওয়ায় সকাল সাড়ে আটটার দিকে পরিবারের সদস্যরা ঘরের জানালা ভাঙে। তারা দেখে, বিশালের দেহ ঘরের সিলিংয়ের সঙ্গে ঝোলানো আছে। আর ঘরের মেঝেতে রীতা ও শিশিরের দেহ পড়ে আছে। পরিবারের সদস্যরা এ সময় দরজা ভেঙে ভেতরে ঢুকে গামছা দিয়ে রীতার গলায় ফাঁস লাগানো এবং শিশিরের মুখে বিষের লক্ষণ দেখতে পায়। তারা ধারণা করছে, স্ত্রী-সন্তানকে হত্যা করে বিশাল আত্মহত্যা করেছেন। একই ধারণা পোষণ করেছেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, মাদকাসক্ত বিশাল তাঁর স্ত্রী ও সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। বিশালের ভাতিজা ননী চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, তাঁর চাচা (বিশাল) চার থেকে পাঁচ বছর ধরে মাদকাসক্ত। সাভারের রাজ্জাক প্লাজায় তাঁর বাবা ও চাচার দুটি দোকান ছিল। তবে তাঁর চাচা সেই দোকান বিক্রি করে দিয়েছেন। তিনি বলেন, পাঁচ মাস আগে চাচাকে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র ভর্তি করা হয়। কিন্তু এক মাস পর তিনি সেখান থেকে চলে আসেন। আড়াই মাস আগে আবার ওই কেন্দ্রে তাঁকে ভর্তি করা হয়। ঈদের পরের দিন তিনি বাড়ি চলে আসেন। ননী চন্দ্র সরকার দাবি করেন, বিশাল মনে করতেন তাঁর স্ত্রী রীতা পরকীয়া করেন। এ নিয়ে অনেক দিন ধরেই স্ত্রীর সঙ্গে তাঁর মনোমালিন্য। মাঝেমধ্যে স্ত্রীকে মারধর করতেন। রাতে স্ত্রী ও সন্তানকে ঘর থেকে বের করে দিতেন।নিহতের বড় বোন ভজন সরকার বিলাপ করতে করতে বলেন, ‘নেশাই আমার ভাইকে শেষ করে দিল। নেশার জন্যই স্ত্রী-সন্তানকে মেরে ভাই নিজেও মরে গেল।’তবে রীতার ভাই সুমন মল্লিক মনে করেন, তিনজনের মৃত্যুর বিষয়টি রহস্যজনক। নিহতেরা ষড়যন্ত্রের শিকার। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত চান।