স্ত্রী-সন্তানের সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
মাদারীপুরে একজন কাঠ ব্যবসায়ীকে তাঁর স্ত্রী ও দুই সন্তানের সামনে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম মনির চৌকিদার (৪২)। তাঁর বাড়ি সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের রাজারচর গ্রামে।নিহত মনির চৌকিদারের স্ত্রী চম্পা বেগম জানান, উপজেলার আলীনগর ইউনিয়নের ফাঁসিয়াতলা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে রাতে বাড়ি ফিরছিলেন তাঁরা। সঙ্গে ছিল দুই সন্তান সৌরভ ও সম্রাট। পথে ঝাউদি ইউনিয়নের পূর্ব মাদ্রা এলাকায় অস্ত্রধারী কয়েক ব্যক্তি তাঁদের পথ রোধ করে। সন্ত্রাসীরা তাঁর স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মনিরকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী জানান, ১৯৮৬ সালে রাজারচর গ্রামে পূর্ব বাংলার সর্বহারা পার্টির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে খুন হন রকমান ফরাজী ও নাছিম ফরাজী। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা। খুনের ঘটনা নিয়ে চৌকিদার পরিবারের সঙ্গে ফরাজী পরিবারের বিরোধ তৈরি হয়। এর জের ধরে ২০০৩ সালের ১৩ মার্চ রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে মনির চৌকিদারের বড় দুই ভাই নজরুল চৌকিদার (৪০) ও তাজুল চৌকিদারকে (৩৬) গুলি করে ও কুপিয়ে হত্যা করে চরমপন্থীরা। ওই ঘটনায় মনির বাদী হয়ে ফরাজী পরিবারের প্রধান মোদাচ্ছের ফরাজীসহ ১২ জনের নাম উল্লেখ করে মাদারীপুর আদালতে একটি হত্যা মামলা করেন। গত বছরের ১১ জুলাই মাদারীপুরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর ছয়জনকে বেকসুর খালাস দেন। যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামিরা হলেন: মহিম ফরাজী, রাজিব ফরাজী, নরেন্দ্র মণ্ডল, বিকাশ মণ্ডল, রিয়াজ ফরাজী ও আহসান বেপারী। সম্প্রতি উচ্চ আদালত থেকে মহিম জামিনে মুক্তি পান।মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান গতকাল রোববার বিকেলে প্রথম আলোকে বলেন, নজরুল ও তাজুল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি (বর্তমানে জামিনে থাকা) মহিমসহ তাঁর ঘনিষ্ঠজনেরা মনির হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ করেছেন মনিরের স্বজনেরা। তবে তাঁরা এখনো থানায় লিখিত অভিযোগ করেননি।