স্ত্রীকে উত্ত্যক্ত করার বিচার চাইতে গিয়ে খুন
স্ত্রীকে উত্ত্যক্ত করার বিচার চাওয়ায় স্বামী মনিরুল ইসলামকে (৩০) দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার আরাজী ডুমুরিয়া গ্রামে ওই ঘটনা ঘটে।নিহত মনিরুল মোটরসাইকেলে যাত্রী বহন করে সংসার চালাতেন। তাঁর ১৪ মাস বয়সী একটি ছেলে রয়েছে। এ ঘটনায় মনিরুলের ছোট ভাই মিনারুল ইসলাম গতকাল শুক্রবার প্রতিবেশী ফিরোজ শেখ, তাঁর চাচা হালিম শেখসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। পুলিশ হালিমের স্ত্রী ও মামলার আসামি বেবি বেগমকে (৩০) গ্রেপ্তার করেছে।নিহত মনিরুলের ছোট ভাই কামরুল ইসলাম (২৪) বলেন, ফিরোজ (৩০) অনেক দিন ধরে তাঁর ভাবিকে (মনিরুলের স্ত্রী) কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছেন। বিষয়টি তাঁরা ফিরোজের পরিবারকেও জানান। গত মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে টিউবওয়েলে পানি আনতে গেলে মনিরুলের স্ত্রীর শাড়ি ও হাত ধরে টানাটানি করেন ফিরোজ। চিৎকার দিলে চলে যান ফিরোজ।ওই সময় টিউবওয়েলের পাশে একটি মুদি দোকানে বসে ছিলেন গ্রামের শেখ আতিয়ার রহমান (২১)। তিনি প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার বিকেলে মুদি দোকানি হাসানের সঙ্গে আমি ও বায়েজিদ শেখ বসে কথা বলছিলাম। এমন সময় টিউবওয়েলের পাশ থেকে চিৎকার শুনি। দেখি, ফিরোজ শেখ বের হয়ে যাচ্ছেন। এরপর মনিরুলের স্ত্রী টিউবওয়েলের বেড়ার বাইরে বের হলে তাঁকে কারণ জিজ্ঞাসা করি। তিনি জানান, ফিরোজ তাঁর হাত ও শাড়ি ধরে টান মেরেছেন। চিৎকার দিলে ছেড়ে দেন।’মোটরসাইকেল চালিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরেন মনিরুল। স্ত্রীর কাছে জানতে পারেন মঙ্গলবার বিকেলের ঘটনা। ফিরোজের বিচার চাইতে ছোট ভাই মিনারুল ও কামরুলকে নিয়ে তাঁদের বাসায় যান। প্রত্যক্ষদর্শী ও কামরুলের ভাষ্যমতে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাঁরা তিন ভাই ফিরোজদের বাড়িতে গিয়ে দেখেন সেখানে পারিবারিক সভা চলছে। মনিরুল তাঁর স্ত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় ফিরোজের বিচার চান। তখন ফিরোজের চাচা হালিম শেখ বলেন, ‘এখানে একটা বিষয় নিয়ে আমরা বসেছি, তার মধ্যে তুই এসব বলতি আইছিস।’ মনিরুল একটু উত্তেজিত হলে হালিম তাঁকে একটা চড় মারেন। একপর্যায়ে ফিরোজ ঘর থেকে দা বের করে মনিরুলকে কোপ দেন। কিন্তু সরে যাওয়ায় তা মনিরুলের শরীরে লাগেনি। হালিম তখন ফিরোজের কাছ থেকে দা কেড়ে নিয়ে মনিরুলের গলায় কোপ মারেন। এরপর ফিরোজ-হালিম ও তাঁদের পরিবারের সদস্যরা মনিরুলদের বাড়িতে গিয়ে তিনটি মোটরসাইকেলসহ বাড়িঘর ভাঙচুর করেন বলে অভিযোগ করেন কামরুল।কামরুল বলেন, হামলার পর মনিরুলকে দ্রুত ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা বেগতিক দেখে চিকিৎসকেরা তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। কিন্তু অ্যাম্বুলেন্সে তোলার পরপরই মনিরুলের মৃত্যু হয়।এ ঘটনায় বক্তব্যের জন্য গতকাল সকালে ফিরোজদের বাড়ি গেলে তাঁদের পরিবারের কাউকে পাওয়া যায়নি।যোগাযোগ করলে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান প্রথম আলোকে বলেন, মনিরুল তাঁর স্ত্রীকে উত্ত্যক্ত করার বিচার চাইতে বাড়িতে গেলে ফিরোজ দা দিয়ে কোপাতে যান। একপর্যায়ে তাঁর চাচা হালিম ওই দা কেড়ে নিয়ে মনিরুলের গলায় কোপ দেওয়ায় তাঁর মৃত্যু হয়।মনিরুল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুর রহমান গতকাল সন্ধ্যায় বলেন, ‘আসামি বেবি বেগমকে ইতিমধ্যে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য কাল (আজ শনিবার) রিমান্ডের আবেদন করা হবে। মামলার অন্য আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’