স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা
নিষেধ সত্ত্বেও ছোট ছেলের সঙ্গে যোগাযোগ রাখায় ঘরের ভেতর স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেছেন এক স্বামী। তবে এলাকাবাসীর বাধায় তাঁর সে চেষ্টা সফল হয়নি। গতকাল শনিবার সন্ধ্যায় নীলফামারী জেলা সদরের কচুকাটা ইউনিয়নের তালুক মানুষপাড়া গ্রামে ঘটেছে এ ঘটনা। নীলফামারী সদর আধুনিক হাসপাতালে গুরুতর আহত স্ত্রী মঞ্জুয়ারা বেগম (৫২) জানান, ‘প্রথমে ভেবেছিলাম স্বামী আমার ওপর রাগ করে কবর খুঁড়ে আমাকে জীবন্ত কবর দেওয়ার ভয় দেখাচ্ছে। কিন্তু সত্যি সত্যি যখন দেখলাম স্বামী কবরে নামিয়ে মাটিচাপা দিতে শুরু করেছে। তখন চিত্কার করতে বাধ্য হই। এ সময় স্বামী কোদালের বাট দিয়ে মাথায় আঘাত করে। এতে মাথা ফেটে রক্ত বের হতে থাকে।’এ ঘটনায় মঞ্জুয়ারা বেগমের ভাই আবদুল মালেক বাদী হয়ে স্বামী তছলিম উদ্দিনের (৬০) বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগে মামলা করেছেন। আসামি তছলিম উদ্দিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এলাকাবাসী, পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, এক বছর আগে ছোট ছেলে মঞ্জুরুল ইসলাম (২০) নিজের পছন্দে মা-বাবাকে না জানিয়ে একই গ্রামের সুমী আক্তারকে বিয়ে করেন। তছলিম উদ্দিন ওই বিয়ে মেনে নেননি। মঞ্জুরুলকে বাড়িতে ঢুকতে নিষেধ করেন তিনি। কিন্তু ছেলে গোপনে এসে তাঁর মায়ের সঙ্গে দেখা করে যেতেন। গতকাল দুপুরে তছলিম উদ্দিন দেখতে পান তাঁর ছেলে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। এটি দেখে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। স্ত্রীকে বলেন, ‘তুমি আমার ছেলেকে বাড়িতে ঢুকতে দিয়েছ। তোমাকে আজ জীবন্ত কবর দেব।’ তছলিম উদ্দিন এরপরে স্ত্রীকে ঘরের ভেতর নিয়ে দরজা বন্ধ করে দেন। এরপর স্ত্রীর সামনেই ঘরের মেঝে খুঁড়ে কবর তৈরি করেন। রাগের বসে স্বামী এমন করছে ভেবে স্ত্রী মঞ্জুয়ারা কোনো বাধা দেননি। কবর খোঁড়া শেষে তিনি স্ত্রীকে জোর করে কবরে নামিয়ে দেন। মাটিচাপা দিতে থাকেন। এ সময় মঞ্জুয়ারার চিত্কারে এলাকাবাসী ছুটে যায়। ঘরের দরজা ভেঙে তারা তছলিম উদ্দিনকে আটক করে ইউপি চেয়ারম্যানকে খবর দেয়।কচুকাটা ইউপি চেয়ারম্যান আবদুর রউফ চৌধুরী জানান, ‘গল্পে, নাটকে জীবন্ত কবরের কথা শুনেছি। এবার বাস্তবে এমন ঘটনা দেখলাম। ঘটনাস্থল থেকে আহত মঞ্জুয়ারা বেগমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। এরপর পুলিশকে খবর দিয়েছি।’ মামলার তদন্ত কর্মকর্তা নীলফামারী থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, ঘটনাস্থল তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। মঞ্জুয়ারার ছোট ভাই মামলা করেছেন।