স্ত্রীকে ধর্ষণ, স্বামীকে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের সমুদ্রসৈকত-সংলগ্ন কলাতলী এলাকায় গত মঙ্গলবার রাতে এক গৃহবধূকে ধর্ষণের প্রতিবাদ করতে যাওয়ায় তাঁর স্বামীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, বুধবার ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ওই ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। গৃহবধূকে ধর্ষণের বিষয়টি ডাক্তারি পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।ওসি প্রদীপ কুমার জানান, গৃহবধূকে ধর্ষণ ও তাঁর স্বামীকে হত্যার অভিযোগে স্থানীয় আমির হোসেন, নূর মোহাম্মদ ও শুক্কুর নামের তিনজনের বিরুদ্ধে গৃহবধূ বাদী হয়ে গতকাল বুধবার মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।এজাহারে গৃহবধূ বলেন, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে আমির হোসেন তাঁর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ সময় তাঁর স্বামী বাড়িতে ছিলেন না। খবর পেয়ে রাত তিনটার দিকে তাঁর স্বামী বাড়িতে এসে ঘটনা শুনে ক্ষুব্ধ হন। প্রতিবাদ জানাতে তিনি (স্বামী) পাশে আমির হোসেনের ঘরে যান। এ সময় আমির হোসেনসহ অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়।ওই গৃহবধূ গতকাল হাসপাতালে প্রথম আলোকে জানান, এলাকায় সরকারি জমি দখল করে সেখানে কয়েকটি টিনশেডের ঘর তোলেন নগরের ঈদগাঁও এলাকার এক প্রভাবশালী ব্যক্তি। তাঁর (গৃহবধূ) স্বামীসহ অভিযুক্ত ব্যক্তিদের ওই ঘরগুলোতে থাকতে দেওয়া হয় প্রহরী হিসেবে। কিন্তু তাঁর স্বামীর সঙ্গে সম্প্রতি জমির দখলদারের বিরোধ সৃষ্টি হয়। এরপর ঘর ছেড়ে দেওয়ার জন্য তাঁদের একাধিকবার হুমকি-ধমকি দেওয়া হয়। এ ঘটনার জের ধরে তাঁকে ধর্ষণ এবং তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।