স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম আমেনা বেগম (৩২)। স্বামীর পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।আমেনার বাবা আবদুল জলিল অভিযোগ করে বলেন, ১৫ বছর আগে কালীপুর গ্রামের দুবাই প্রবাসী ছিদ্দিক মিয়ার সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। তাঁদের তিনটি সন্তান রয়েছে। কিছুদিন আগে ছিদ্দিক মিয়া দুবাই থেকে দেশে ফিরে পার্শ্ববর্তী ডোলাবাড়ি গ্রামের এক গ্রাম পুলিশের মেয়ের সঙ্গে পরকীয়ায় মেতে ওঠেন। প্রতিবাদ করায় প্রায়ই আমেনাকে মারধর করত ছিদ্দিক। পুলিশ জানায়, শুক্রবার রাতে পরকীয়ার ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়। এসময় আমেনার স্বামী ছিদ্দিক মিয়া (৪০) তাঁকে প্রচণ্ড মারধর করেন। এক পর্যায়ে আমেনা অজ্ঞান হয়ে পড়েন। পরে শ্বশুর বাড়ির লোকজন তাঁকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় হাসপাতালে লাশ ফেলেই তাঁরা দ্রুত পালিয়ে যায়।হাসপাতাল কর্মকর্তা সৈয়দ দেলোয়ার হোসেন প্রথম আলো অনলাইনকে জানান, হাসপাতালে নেওয়ার আগেই আমেনার মৃত্যু হয়। তাঁর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, হাসপাতাল প্রতিবেদনের ভিত্তিতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার আলামত পাওয়া গেলে, পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।