স্ত্রীকে পিটিয়ে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ
অন্য যুবকের সঙ্গে সম্পর্ক আছে—এই অভিযোগ তুলে স্ত্রী মেহেরুন্নেসাকে (২৫) পিটিয়ে হত্যা করেছেন স্বামী হাসান আলী (৩০)। আজ বুধবার সকালে রাজধানীর কাকলী (বনানী) এলাকার একটি হোটেলে এই হত্যার ঘটনা ঘটে। স্ত্রীকে হত্যার পর দুপুরে শাহবাগ থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন হাসান আলী।নিহত হওয়া মেহেরুন্নেসার পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে তাঁকে হত্যা করা হয়েছে। তবে হাসান আলী জানান, স্ত্রী অন্য এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেখান থেকে তাঁকে ফেরাতে না পেরে ক্ষোভের মাথায় পিটিয়ে হত্যা করেছেন। হাসানের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলের নাহিরীবাড়ী গ্রামে। তাঁর বাবার নাম আবদুল জব্বার। তিনি ঢাকার সরকারি তিতুমীর কলেজে প্রাণিবিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি হয়েছিলেন। দুই বছর পর আর পড়াশোনা করেননি। এরপর কাজ নেন একটি পোশাক তৈরির কারখানায়।মেহেরুন্নেসার লাশ ময়নাতদন্ত শেষে তাঁর গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনীর দক্ষিণ খিলগ্রামে নিয়ে গেছেন স্বজনেরা।পুলিশ ও মেহেরুন্নেসার পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিজের পছন্দেই মেহেরুন্নেসা আট মাস আগে বিয়ে করেন হাসান আলীকে। কিন্তু বিয়ের কয়েক দিন পর থেকেই তাঁদের সংসারে অশান্তি শুরু হয়। কিছুদিন তাঁরা আলাদাও থাকেন। মেহেরুন্নেসার ছোট ভাই রেজাউল ইসলাম জানান, বিয়ের পরই হাসান দেড় লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা না দেওয়ায় তাঁর বোনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর দাবি, কারও সঙ্গে মেহেরুন্নেসার কোনো সম্পর্ক ছিল না।হাসান জানান, তিনি গাজীপুরে পিএন নামের একটি পোশাক তৈরির কারখানায় কাজ করতেন। এর আগে দীর্ঘদিন দক্ষিণখানের মোল্লারটেক এলাকায় থাকার সময় টিউশনি করতে গিয়ে মেহেরুন্নেসার পরিবারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা হয়। এরপর তাঁরা বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর তিনি জানতে পারেন, স্থানীয় রাজু নামের এক যুবকের সঙ্গে মেহেরুন্নেসার সম্পর্ক ছিল। হাসানের দাবি, বিয়ের পরও ওই সম্পর্ক চালিয়ে যান মেহেরুন্নেসা।হাসান বলেন, এ নিয়ে তাঁদের মধ্যে মনোমালিন্য ছিল এবং প্রতিদিনই ঝগড়া হতো । কিছুদিন তাঁরা আলাদা ছিলেন। গত সোমবার হাসান মোল্লারটেকে শ্বশুরবাড়িতে যান। মেহেরুন্নেসাকে ওই সম্পর্ক থেকে সরে আসার জন্য বোঝাতে থাকেন। এরপর গতকাল সকালে মেহেরুন্নেসাকে নিয়ে ঘুরতে বের হন। সারাদিন তাঁরা বোটানিক্যাল গার্ডেন, চন্দ্রিমা উদ্যান, সংসদ ভবন এলাকাসহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। উদ্দেশ্য ছিল, বেড়ানোর ফাঁকে ফাঁকে তাঁকে বোঝানো। এরপর রাতে তাঁরা বাসায় না ফিরে কাকলীর পূর্ণিমা হোটেলে ওঠেন এবং রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।হাসান জানান, ঘুম থেকে উঠেই সম্পর্কের বিষয়ে মেহেরুন্নেসার মতামত জানতে চান হাসান। মেহেরুন্নেসা তাঁকে তালাক দিতে বলেন। এ কথা শুনেই মেহেরুন্নেসাকে চড় মারেন হাসান। এরপর মেহেরুন্নেসা তাঁকে গালাগাল দেন। সেই সময়ই রাগের মাথায় কক্ষে থাকা লোহার পাইপ দিয়ে মেহেরুন্নেসার মাথায় আঘাত করেন হাসান। এরপর তাঁকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। নিথর হয়ে পড়ে মেহেরুন্নেসার দেহ। এরপর হাসান দরজা চাপিয়ে হোটেলের নিচে আসেন। হাসান জানান, ‘হোটেল থেকে বের হয়ে মগবাজার-বাংলামোটর হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাই। সেখান থেকেই মেহেরুন্নেসার ভাই রেজাউলকে ফোনে বিষয়টি জানাই। পালানোর উদ্দেশ্যে মোবাইল সেট ও সিম কার্ড ভেঙে ফেলি। এরপর উদ্যান থেকে বেরিয়ে গিয়ে শাহবাগ থানায় আত্মসমর্পণ করি।’আত্মসমর্পণের কারণ সম্পর্কে হাসান বলেন, বিবেকের তাড়নায় তিনি আত্মসমর্পণ করেছেন।এ বিষয়ে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) জুলফিকার আলী জানান, মেহেরুন্নেসার ভাই রেজাউল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। হাসান খুনের কথা স্বীকার করেছেন।