স্ত্রীকে পেটানোর সময় লাঠির আঘাতে সন্তানের মৃত্যু
স্ত্রী মাসুমা আক্তারকে পেটাচ্ছিলেন যুবক রুবেল ফকির। একপর্যায়ে লাঠি গিয়ে আঘাত হানল মাসুমার কোলে থাকা চার মাস বয়সী শিশুসন্তান সুমনের মাথায়। হাসপাতালে নেওয়ার পর চিকিত্সকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। আজ সোমবার সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। রুবেলকে আটক করেছে পুলিশ।রুবেল বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে বসে সাংবাদিকদের কাছে স্বীকার করেন, স্ত্রীকে পেটানোর সময় লাঠির আঘাতে সুমন মারা গেছে।বাগেরহাট সদর নৌ-ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, দুপুর ১২টার দিকে স্ত্রীকে সদর হাসপাতালে ফেলে ছেলের লাশ জ্যাকেট দিয়ে ঢেকে নিয়ে পালানোর সময় রুবেলকে বাগেরহাট বাস টার্মিনাল থেকে আটক করা হয়। প্রথম আলো ডটকমকে দেওয়া মাসুমার ভাষ্যমতে, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে রুবেলের সঙ্গে তাঁর বিয়ে হয়। সুমন তাদের প্রথম সন্তান ছিল। রুবেল কখনো এলাকায় ভাড়ার মোটরসাইকেল চালান, কখনো-বা আবার চট্টগ্রামে পোশাক কারখানায় চাকরি করেন। মাসুমার অভিযোগ, বিয়ের পর থেকে শাশুড়ি শেফালি বেগম তাঁর মায়ের কাছে ৫০ হাজার টাকা দাবি করে আসছিলেন। মাসুমার দরিদ্র মায়ের টাকা জোগাড় করে দিতে দেরি হচ্ছিল। এতে মাসুমার ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন শেফালি। একই সঙ্গে ছেলেকে উসকে দিয়ে মাসুমাকে মারধরও করাতেন।মাসুমার ভাষ্য, গতকাল রোববার স্বামী রুবেল অনেক রাতে বাড়ি ফেরেন। শিশু সুমনকে নিয়ে ঘুমিয়ে পড়ায় তিনি রুবেলকে রাতের খাবার বেড়ে দিতে পারেননি। আজ সকালে এ নিয়ে রুবেলের সঙ্গে তাঁর বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শাশুড়ি এসে বিভিন্ন আজেবাজে কথা বলে রুবেলকে উত্তেজিত করে তোলেন। এ সময় রুবেল দরজা আটকানোর লাঠি দিয়ে স্ত্রী মাসুমাকে পেটাতে শুরু করেন। একপর্যায়ে সুমনের মাথায় লাঠির আঘাত লাগে। এতে সুমন জ্ঞান হারিয়ে ফেলে। মাসুমা ও রুবেল তাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। চিকিত্সকেরা এ সময় সুমনকে মৃত ঘোষণা করেন। লাঠির আঘাতে মাসুমার হাতের কবজির হাত ভেঙে গেছে বলে আশঙ্কা করছেন চিকিত্সকেরা। এ জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় সুমনের লাশ জ্যাকেট দিয়ে ঢেকে পালানোর চেষ্টা করেন রুবেল। এসআই মো. আসাদুজ্জামান বলেন, হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী নাজমার মাধ্যমে খবর পেয়ে তিনি বাগেরহাট বাস টার্মিনাল থেকে রুবেলকে আটক করেন। এ সময় তাঁর হাত থেকে জ্যাকেট দিয়ে মোড়ানো অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক চিকিত্সক মঈনউদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়। তার মাথার মাঝামাঝি জায়গায় আঘাতের চিহ্ন ছিল। শিশুটির মায়ের ডান হাতের কবজির ওপরের দিকে ভেঙে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। রুবেলকে বাগেরহাট সদর মডেল থানায় নেওয়া হয়েছে।