স্ত্রীকে মৃত ঘোষণার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন ধরেই আইন অধিকার ডেস্কে একটি চিঠি পড়ে ছিল। চিঠির শিরোনাম ‘জীবিত মানুষকে মৃত ঘোষণা দিয়ে আরেক বিয়ে।’ চিঠির প্রেরক ঢাকা শহরের নামকরা একটি স্কুলের শিক্ষিকা। চিঠির এক অংশে লেখা, ‘আমার স্বামী ২২ বছরের জীবনে ঠিকমতো স্ত্রী-সন্তানের খোরপোষও দেয়নি। তিনি রীতিমতো একজন অত্যাচারী, লোভী এবং কাপুরুষ ছিলেন। শুধু কন্যাসন্তানের সম্মানের কথা চিন্তা করে সংসারজীবন চলছিল। কি কষ্টের ২২টি বছরের সংসার। হায়!’ চিঠিটি ছাপা হবে কি না, ওই শিক্ষিকা কূলকিনারা পাবেন কি না জানতে এক দিন প্রথম আলোতে এসে হাজির। ওই মহিলার সঙ্গে কথা বলে বোঝা গেল, তাঁর ভেতরে কত অশান্তি ও অস্থিরতা। দুটি যমজ কন্যাসন্তানের জননী তিনি। ১৯৮৭ সালে তাঁর বিয়ে হয়। ১৯৮৯ সালে যমজ মেয়ে দুটির জন্ম হয়। তাঁর ভাষ্যমতে, বিয়ের পর থেকেই তিনি স্বামীর দুর্ব্যবহার এবং শারীরিক ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ। তবুও সামাজিকতা এবং মেয়ে দুটির দিকে তাকিয়ে সবকিছুই নীরবে সহ্য করে গেছেন তিনি। এভাবে এই শিক্ষিকার সংসার যাপিত হতে থাকে...দিন কাটে দুটি মেয়ের মুখের দিকে তাকিয়ে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত। তাঁর স্বামীও একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। সুখের সংসারের দেখা তাঁর হলো না। তবুও দিন যেতে থাকে, মেয়ে দুটিকে নিজের চেষ্টায় পড়াশোনা করান। এখন একটি মেয়ে ডাক্তারি পড়ছেন, অন্যটি বাবার ওপর অভিমান করে পড়াশোনা বন্ধ করে দিয়েছেন। ভদ্রমহিলা যখন কথাগুলো বলছিলেন, তখন তাঁর চোখ থেকে অশ্রু পড়ায় কোনো বাধই মানতে চাইছিল না যেন...।অনর্গল বলে যাচ্ছিলেন তাঁর ২২ বছরের কষ্টের কথা, অত্যাচারের কথা, অবহেলার কথা। কিন্তু তাঁর জীবনের মৃত্যুসম দিন ছিল ২০০৯ সালের ২২ ডিসেম্বর। ওই দিন তাঁর স্বামী আরেকটি বিয়ে করেন। বিয়ের আগে প্রায় এক বছর মহিলার সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন বলে তিনি জানান। তাঁর স্বামীকে তিনি বারবার চেষ্টা করেছেন ফিরিয়ে আনতে, কিন্তু কোনো লাভ হয়নি। বিয়ের আগে তাঁর বর্তমান স্ত্রীকে মৃত হিসেবে উপস্থাপন করেছেন নতুন শ্বশুরবাড়িতে। বলেছেন তাঁর দুটি মেয়ে আছে, যারা নানির কাছে থাকে। ভদ্রমহিলাকে জিজ্ঞেস করি, আপনি তো এমন কথা জেনে অনেক আগেই তালাক দিতে পারতেন। তখন তিনি বলেন, ১৯৯৫ সালের মে মাসে তিনি একবার নোটারি পাবলিকের মাধ্যমে তালাকনামা সম্পন্নও করেছিলেন, কিন্তু শুধু মেয়েদের কথা চিন্তা করে কিছু দিন পরই তা প্রত্যাহার করে নেন। এ নিয়ে তাঁর জীবনে আরও বেশি দুর্যোগ নেমে আসে।জানতে পারলাম, তিনি তাঁর স্বামীর বিরুদ্ধে একটি মামলা করেছেন ঢাকার সিএমএম আদালতে। মামলাটি করেছেন ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৬(৫) ধারায় স্বামী তাঁর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন এ অভিযোগে। মামলাটি করা হয় ২০১০ সালের শুরুতে। এর পরিপ্রেক্ষিতে থানাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। তদন্ত কর্মকর্তা তাঁর প্রতিবেদনে উল্লেখ করেন, তাঁর স্বামী বাদিনীর অনুমতি ব্যতীত দ্বিতীয় বিয়ে করেছেন। এই তদন্ত প্রতিবেদনে জানতে পারি ওই শিক্ষিকার সঙ্গে তাঁর স্বামীর দীর্ঘদিনের ভালোবাসা ছিল। ওই মহিলাকে জিজ্ঞেস করলাম, আপনাদের তো ভালোবাসার বিয়ে। তো বিয়ের পর আপনার স্বামী এমন করল কেন? তিনি বললেন, এটা তাঁর কাছেও এক রহস্য।তাঁর স্বামীর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হলে তড়িঘড়ি করে তিনি একটি ভুয়া তালাকনামা সম্পন্ন করেন আগের তারিখ দেখিয়ে। সেখানে ১৫ জুলাই ২০০৯-এ তালাক সম্পন্ন হয়েছে বলে দেখানো হয়। এ তালাকনামা দেখিয়ে তাঁর স্বামী আদালত থেকে জামিন পান। কিন্তু এই তালাকের কথা শিক্ষিকা জানলেন যেদিন তিনি জামিন নিতে এলেন সে দিনই। মামলাটির সাক্ষ্য এখনো শুরু হয়নি। কী হবে তাঁর আর দুই মেয়ের কপালে তা তিনি জানেন না। তবুও তাঁর মেয়ের অধিকারের জন্য বিভিন্নজনের দ্বারে দ্বারে ঘুরছেন। ফোন করি তাঁর স্বামীর কাছে। তিনি জানালেন, তাঁর আগের স্ত্রীকে তিনি তালাক দিয়েছেন। তিনি কিছু দলিলপত্র পাঠান । সেখানে সিটি করপোরেশন থেকে সালিসের জন্য তাঁর প্রথম স্ত্রীকে পাঠানো চিঠি এবং তালাকনামা দেখতে পেলাম। জানালেন, তাঁর প্রথম স্ত্রীর যন্ত্রণায় তিনি অতিষ্ঠ এবং তিনি আইনসম্মত তালাক দিয়েছেন।ভদ্রমহিলা তাঁর চিঠির সঙ্গে কিছু কাগজপত্র পাঠিয়েছিলেন। বিয়ের কাবিননামা, তালাকনামা, আদালতের আরজির সঙ্গে তাঁর দুই মেয়ের লেখা একটি চিঠি দেখতে পাই। চিঠিটি হুবহু তুলে ধরলাম—‘আমরা যমজ দুই বোন। একটু বড় হয়ে যখন বুঝতে শিখেছি, তখন থেকেই সংসারে অশান্তি, ঝগড়া, মারামারি ও গালাগালি দেখতে পাই। বাবার কাছ থেকে অবহেলা ও উদাসীনতাই পেয়েছি বেশি। এভাবে বছর যেতে যেতে এখন আমরা ২১ বছরে পা দিয়েছি। এত সব চড়াই-উতরাইয়ের মধ্যেই চলছে সংসার। ২০০৯ সালের মাঝামাঝিতে দেখা গেল বাবা একজন মহিলার সঙ্গে কথা বলেন লুকিয়ে, দরজা লাগিয়ে, আমাদের আড়াল করে। জিজ্ঞেস করলেই রাগান্বিত হয়ে বলতেন, আমার কলিগ, কখনো আত্মীয়। তোদের কাছে বলতে হবে কেন? ধীরে ধীরে যখন সম্পর্কের গভীরতা লক্ষ করতে পারি, তখনো বাবা এসব অস্বীকার করেন। একপর্যায়ে আমরা শুনতে এবং জানতে পরি, বাবা মাকে মৃত বানিয়ে উপস্থাপন করে । বাসা ভাড়া নিয়ে দুই সন্তানের জননীকে বিয়ে করেছেন গোপনীয়ভাবে। আমরা মোটামুটি আঁচ করে বাবাকে বলেছিলাম, ওই মহিলাকে নিয়ে বাসা ভাড়া নিচ্ছ, তাই না? কিন্তু বাবা তখনো অস্বীকার করেন এবং আমাদের সঙ্গে ভীষণ তর্কাতর্কি লেগে যায়। এভাবে আমাদের ফেলে ঘরশূন্য করে দিয়ে চলে যান আলাদা বাসায়। আমাদের দুই বোনকে ডেকে নিয়ে বলেন, মহিলা ভালো নয়, আমি তোমাদের নিয়ে থাকব। তোমরা আমার কাছে চলে এসো। বাবার অনুরোধে তাঁর কাছে যাই। অল্প কিছুদিন পর দেখা গেল, বাবা ওই মহিলাকে নিয়ে এসেছেন। আমরা সে দিন বাসায় ছিলাম না। আমার এক বোন এসব কিছু দেখে মনের কষ্টে-দুঃখে পড়াশোনা বন্ধ রেখেছেন। এসব কারণে আমরা মানসিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং মনোবল হারিয়ে ফেলেছি। মায়ের মনঃকষ্ট দেখে আমরা ভীষণভাবে উদ্বিগ্ন এবং ভীতসন্ত্রস্ত থাকি। কারণ, সারা রাত ধরে আম্মুর কান্নাকাটি ও মানসিক ভারসাম্যহীনতা দেখে খুবই দুঃখ পাই। ’মেয়েদের কথা জিজ্ঞেস করলে লোকটি জানান, এক মেয়ে তাঁর কাছেই আছে। তিনি পরিবারের সবাইকে নিয়ে সালিস করেই পৃথক থাকার সিদ্ধান্ত নেন এবং হাতে লেখা একটি সালিসনামাও দেখান । সঙ্গে দেখান তাঁর তালাক দেওয়া স্ত্রীর বিরুদ্ধে করা জিডি। লোকটি মেয়ের লেখা একটি চিঠি বের করে দেখান, যেখানে লেখা আছে সে তার বাবার কাছেই থাকতে চায়, বাবার বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই। মেয়েদের দু রকম চিঠি আমাকে বিভ্রান্তিতে ফেলে। অনেক চেষ্টা করেও মেয়েদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। জানাও হয়ে উঠল না আর আসল সত্যটা। [email protected]