স্ত্রীকে হত্যার দায়ে স্বামীসহ পাঁচজনের যাবজ্জীবন
স্ত্রীকে হত্যার দায়ে নীলফামারীতে স্বামী, শ্বশুর-শাশুড়িসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নীলফামারী জেলা ও দায়রা জজ জেব-উন নেসা এ রায় দেন।এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালে রাবেয়া বেগমকে (২৫) বিয়ে করেন নীলফামারী সদর উপজেলার শিংগীমারি ঢাকাইয়াপাড়া গ্রামের সানোয়ার। বিয়ের পর থেকেই সানোয়ার ও তাঁর পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে রাবেয়ার ওপর নির্যাতন করতেন। যৌতুক না পেয়ে ২০০৯ সালের ৭ এপ্রিল রাবেয়ার স্বামী সানোয়ার, শ্বশুর, শাশুড়ি, চাচা শ্বশুর ও ভাশুর লাঠি, বটিসহ বিভিন্ন অস্ত্র দিয়ে রাবেয়াকে নির্যাতন করেন। মুমূর্ষু অবস্থায় প্রতিবেশীরা তাঁকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাবেয়া মারা যান।ঘটনার পরের দিন রাবেয়ার বাবা সুবাহান বাদী হয়ে ওই পাঁচজনকে আসামি করে নীলফামারী সদর থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আজ সকালে আদালত এই রায় ঘোষণা করেন।রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অক্ষয় কুমার রায়।