স্ত্রীর এজাহার নথিভুক্ত হয়নি, আন্দোলনের ঘোষণা মাহবুবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনজীবী এম ইউ আহমেদের মৃত্যুর ঘটনায় আইনি লড়াই ও আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। গতকাল রোববার দুপুরে রাজধানীর চৌধুরীপাড়ায় নিজ চেম্বারে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘এম ইউ আহমেদেকে আঘাত করে দলমত-নির্বিশেষে সব আইনজীবীর ওপর আঘাত করা হয়েছে। সে কারণে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তরফ থেকে আমি দলীয়ভাবে না গিয়ে আইনজীবী হিসেবে এর প্রতিকার চাইছি।’ তিনি বলেন, সুপ্রিম কোর্ট খুললে এ ব্যাপারে যা যা করণীয়, আইনগতভাবে তা করা হবে। খন্দকার মাহবুব অভিযোগ করেন, এম ইউ আহমেদকে পুলিশ নির্যাতন করেছে। পুলিশের হেফাজতে তিনি অসুস্থ হয়েছেন। অথচ অ্যাটর্নি জেনারেল বলছেন, পুলিশ তাঁকে নির্যাতন করেনি। এটা তিনি বলতে পারেন না। তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ব্যক্তিগতভাবে ভদ্রলোক। কিন্তু তিনি আদালতে গেলে সব ভুলে যান। রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলের পরিবর্তে তিনি হয়ে যান দলের। ফলে তিনি বিজ্ঞ, তবে বিতর্কিত হিসেবে পরিচিত। খন্দকার মাহবুব দাবি করেন, ‘অ্যাটর্নি জেনারেল চাইলে এম ইউ আহমেদকে বাঁচাতে পারতেন। কিন্তু তাঁর অনড় মনোভাবের কারণে এম ইউ আহমেদের জামিন হয়নি। আমি তাঁকে বলেছি, আপনি নমনীয় হন। তিনি নমনীয় হলেন না। তিনি আমাকে বলেছিলেন, তাঁদের জেলে যেতে হবে। এম ইউ আহমেদের গ্রেপ্তার ও মৃত্যুর ঘটনায় অ্যাটর্নি জেনারেলকে দায়িত্ব নিতে হবে।’এক প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব বলেন, এম ইউ আহমেদ কখনোই জামিনে ছিলেন না। পুলিশের জামিন দেওয়ার কোনো ক্ষমতা নেই।স্ত্রীর এজাহার নথিভুক্ত হয়নি: এম ইউ আহমেদের মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী সেলিনা আহমেদ গত শুক্রবার রাতে রমনা থানায় হত্যার অভিযোগে এজাহার দাখিল করেন। তাতে স্বরাষ্ট্রমন্ত্রী, সচিব, অ্যাটর্নি জেনারেল ও পুলিশ কমিশনারসহ ছয়জনকে বিবাদী করা হয়। এজাহারটির সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে গতকাল সন্ধ্যায় রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এজাহারটি এখনো সাধারণ ডায়েরি বা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়নি। কারণ, পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তদন্তের জন্য কোনো কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে কি না, এ প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘বিষয়টি খুবই সেনসিটিভ। এ ব্যাপারে ডিএমপির পিআরও (গোয়েন্দা পুলিশের জনসংযোগ কর্মকর্তা) ভালো বলতে পারবেন।’পরে যোগাযোগ করা হলে পুলিশের জনসংযোগ কর্মকর্তা মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, এম ইউ আহমেদের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। কর্মসূচি ও বিচার বিভাগীয় তদন্ত দাবি: এম ইউ আহমেদের মৃত্যুর প্রতিবাদে আজ সারা দেশের আইনজীবী সমিতিতে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ফোরামের সভাপতি আইনজীবী রফিকুল ইসলাম মিয়া প্রথম আলোকে বলেন, সারা দেশে বেলা একটা থেকে দুইটা পর্যন্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। এর অংশ হিসেবে সকাল ১০টায় সুপ্রিম কোর্টে ও একটায় ঢাকা জজ আদালতে একই কর্মসূচি পালন করা হবে। এদিকে আইনজীবী এম ইউ আহমেদের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। ‘এম ইউ আহমেদকে হত্যার’ প্রতিবাদে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি করেছেন রফিকুল ইসলাম মিয়া। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এই মানববন্ধনের আয়োজন করে।