স্ত্রীর গায়ে আগুন দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মাদারটেকের নন্দীপাড়ায় এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। ওই গৃহবধূর নাম পলি আক্তার (৩০)। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটে।বার্ন ইউনিটে চিকিত্সাধীন পলি আক্তার সাংবাদিকদের জানান, তাঁর স্বামী ফারুক হোসেন বাসায় শ্বশুরবাড়ির লোকজনের আসা পছন্দ করেন না। গতকাল সকালে তাঁর ছোট ভাই নন্দীপাড়ার বাসায় এলে ফারুক ক্ষিপ্ত হয়ে তাঁকে (পলি) মারধর করেন এবং একপর্যায়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। হাসপাতাল সূত্র জানায়, আগুনে পলির শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। তাঁর বাঁচার সম্ভাবনা ক্ষীণ।পারিবারিক সূত্র জানায়, দুই বছর আগে ফারুক হোসেনের সঙ্গে পলির বিয়ে হয়। তাঁদের একটি সন্তান আছে। পলির এটি দ্বিতীয় বিয়ে। আগের ঘরে পলাশ নামের পাঁচ বছরের একটি ছেলে আছে তাঁর। পলাশ তার নানির সঙ্গে থাকে। পলির ভাই জামালউদ্দিন জানান, ফারুক লেপ-তোশকের দোকানের কারিগর। তিনি মাদকসেবী। জামালউদ্দিন অভিযোগ করেন, কয়েক দিন আগে পলিকে দেখতে গেলে তাঁর বাবাকেও মারধর করেন ফারুক।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।