স্ত্রীর দাবি, গোলাম মাওলার হদিস নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত হিযবুত তাহরীরের জ্যেষ্ঠ উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সৈয়দ গোলাম মাওলাকে কারাফটক থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী শাহিদা আহমেদ। আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে গোলাম মাওলার আইনজীবী মনসুর হাবিবের চেম্বারে এক সংবাদ সম্মেলনে শাহিদা আহমেদ এ অভিযোগ করেন। তবে আজ সোমবার বিকেলে ডিবি পুলিশ জানিয়েছে, গোলাম মাওলাকে গ্রেপ্তার করা হয়েছে।সংবাদ সম্মেলনে শাহিদা অভিযোগ করেন, ১৯ সেপ্টেম্বর বিকেলে গোলাম মাওলার জামিনদার লতিফ আহমেদ (তাঁর শ্বশুর) কারাফটকে যান। কারাধ্যক্ষ (জেলার) আবুল বাশারকে তিনি প্রয়োজনীয় কাগজপত্র দেখান। কারাধ্যক্ষ জামিনদারের হাতে মাওলাকে তুলে না দিয়ে ডিবি পুলিশ পরিচয়ধারী কয়েকজনের হাতে তুলে দেন। একটি মাইক্রোবাসে করে তাঁকে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তাঁর কোনো হদিস নেই।শাহিদা আহমেদ আরও বলেন, গত চার দিনে মাওলাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। তাঁর পরিবার বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও কিছু জানানো হয়নি। বরং তাঁকে গুম করে রাখা হয়েছে। গোলাম মাওলার মুক্তির জন্য জাতীয় মানবাধিকার কমিশনসহ সব জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার হস্তক্ষেপ কামনা করেন তিনি।এ বিষয়ে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ আবুল বাশার প্রথম আলো ডটকমকে বলেন, জামিনের পর সব প্রক্রিয়া শেষ করে আইন অনুযায়ী গোলাম মাওলাকে মুক্তি দেওয়া হয়েছে। কারাগারের বাইরে তাঁর কিছু হয়ে থাকলে সে ক্ষেত্রে কারা কর্তৃপক্ষের কিছু বলার নেই।তবে আজ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম বলেছেন, গোলাম মাওলাকে গ্রেপ্তার করা হয়েছে। একটি সভায় থাকায় বিস্তারিত পরে বলবেন বলে জানান তিনি।জানা যায়, ২০১০ সালের ২ মার্চ সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা মডেল থানায় সৈয়দ গোলাম মাওলাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এ মামলায় একই বছরের ৮ জুলাই ধানমন্ডির বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এক জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২৩ জুলাই হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেন। ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। শুনানি নিয়ে ১৯ সেপ্টেম্বর চেম্বার বিচারপতি আবেদন খারিজ করে দেন।