মুন্সিগঞ্জে নিখোঁজ মানুষের সন্ধানে আরও স্বজন
স্ত্রীরা এসে স্বামীদের লাশ শনাক্ত করলেন
মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদী থেকে গত মঙ্গলবার উদ্ধার হওয়া তিনজনের লাশের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হচ্ছেন মঞ্জু মুন্সী (৪২) ও আকতার হোসেন (২৫)। স্ত্রীরা এসে গতকাল নিখোঁজ হওয়া স্বামীদের লাশ শনাক্ত করেন।তিনটি লাশ উদ্ধারের খবরে গতকাল ঢাকা ও ফরিদপুর থেকে পাঁচটি পরিবারের লোকজন মুন্সিগঞ্জে আসেন। কিন্তু স্বজনদের না পেয়ে তাঁরা ফেরত যান। ফলে বাকি লাশটি গত রাত সাড়ে নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শনাক্ত করা যায়নি।স্বজনেরা জানান, মঞ্জু ও আকতার তাঁদের সঙ্গী অন্য দুই কাঁচামাল ব্যবসায়ীর সঙ্গে ৭ ডিসেম্বর কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হন। বাকি দুজন হলেন ইউনুস মুন্সী (৫০) ও শেখেন মাতবর। তাঁরা সবাই ঢাকার যাত্রাবাড়ীতে কাঁচামালের ব্যবসা করেন। তাঁরা সবজি কিনতে দাউদকান্দি গিয়েছিলেন।গতকাল সকালেই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আপন দুই ভাই ইউনুস মুন্সী, মঞ্জু মুন্সী ও মামাতো ভাই শেখেন মাতবরের (২৫) খোঁজে মুন্সিগঞ্জে আসেন সাগর মুন্সী। তাঁদের পৈতৃক বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার বড় লক্ষণদিয়া গ্রামে। তাঁরা বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সানারপাড়া এলাকায় থাকেন।সাগর মুন্সী জানান, মামাতো ভাই শেখেন তাঁদের বাড়ি বেড়াতে এসেছিলেন। ওই দিন তিনি তাঁদের ভাইয়ের সঙ্গে কুমিল্লায় কাঁচামাল কিনতে যান। মাল কিনে ফেরার পথে দাউদকান্দি থেকে নিখোঁজ হন তাঁরা।সাগর জানান, লাশের মধ্যে একজনের গেঞ্জি দেখে ভাই ইউনুস মুন্সী বলে মনে হচ্ছিল, কিন্তু লাশ দেখে চেনার উপায় নেই। তাই তিনি টেলিফোন করে ভাবিদের ডেকে আনেন। তাঁরা এসে লাশ শনাক্ত করেন।মঞ্জু মুন্সীর স্ত্রী রানী বেগম বলেন, ‘তাকে যখন ধরে নিয়ে যায়, তখন সে আমাকে ফোন করে জানিয়েছিল, র্যাবের লোকজন তাঁকে ধরে নিয়ে যাচ্ছে। এর পর থেকেই সে নিখোঁজ ছিল।’আকতারের স্ত্রী রিতা আক্তারও একই অভিযোগ করেন। রিতা বলেন, তাঁর স্বামী ও মঞ্জু মুন্সী কাঁচামালের ব্যবসা করেন। ওই দিন কাঁচামাল কিনতে কুমিল্লায় গিয়েছিলেন। আক্তারের বাবার নাম আবদুল করিম। বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার চুনকা গ্রামে।পুলিশ জানায়, লাশগুলো পচে এতটাই বিকৃত হয়ে গেছে যে শনাক্ত করাই অসম্ভব হয়ে পড়েছে। খুনিরা পেশাদার। তাই লাশের সঙ্গে পরিচয়পত্র বা প্রয়োজনীয় কোনো কাগজপত্রও রাখেনি।গত দুই মাসে মুন্সিগঞ্জ থেকে নয়জনের লাশ উদ্ধার করা হলো। একটি মাত্র লাশ ঢাকা-মাওয়া মহাসড়কের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। বাকি সব পাওয়া গেছে ধলেশ্বরী নদী থেকে। তাঁদের মধ্যে মাত্র দুজনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের শনাক্ত করা সম্ভব হয়নি। লাশগুলো বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।সর্বশেষ গত মঙ্গলবার ধলেশ্বরী নদী থেকে উদ্ধার হওয়া তিনজনের লাশের মধ্যে নিখোঁজ হওয়া স্বজন আছে কি না, তা দেখতে হাসপাতালে যান মিরপুরের হাওয়া বেগম ও ইলিয়াসসহ পাঁচ-সাতজন। হাওয়া বেগম হাতিরপুল থেকে নিখোঁজ হওয়া ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসায়ী মো. মাসুম হোসেনের স্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র শামীম হাসান ওরফে সোহেলের খোঁজে গেছেন তাঁর ভাই ইলিয়াস। তবে লাশ শনাক্ত করতে না পেরে তাঁরা ফিরে যান।হাসপাতালের মর্গে হাওয়া বেগম বলেন, ‘লাশগুলো দেখেছি, কিন্তু জামাকাপড় দেখে চেনার উপায় নেই।’ইসমাইল হোসেন, মাসুম ও সোহেলকে গত ২৮ নভেম্বর হাতিরপুল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে একটি মাইক্রোবাসে করে আরও কয়েকজনের সঙ্গে তুলে নিয়ে যায়। ৮ ডিসেম্বর ধলেশ্বরীতে দুটি লাশ পাওয়া গেলে স্বজনেরা ঢাকা থেকে এসে ইসমাইলের লাশ শনাক্ত করে নিয়ে যান। বাকি লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।ফরিদপুরে নিখোঁজ পাঁচ: নতুন তিনটি লাশ পাওয়ার খবর জেনে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের মালিগ্রাম থেকে বোনজামাই বাদশা মিয়াকে নিয়ে সায়েম এসেছেন তাঁর ভাই কাইয়ুমের খোঁজে। সায়েম দাবি করেন, তাঁর ভাই কাইয়ুমসহ পাঁচজন ৬ ডিসেম্বর মালিগ্রাম থেকে নিখোঁজ হন। তাঁরাও লাশ দেখে শনাক্ত করতে না পেরে ফেরত যান।ওই নিখোঁজের ঘটনার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. মিরাজ হোসেন টেলিফোনে প্রথম আলোকে জানান, নিখোঁজ হওয়া ওই পাঁচজনের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে।মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীতে গত দুই মাসে আটটি লাশ ভেসে উঠল। তাঁদের সবার হাত-পা বাঁধা ছিল। আটটি লাশের মধ্যে সাতটি মুন্সিগঞ্জ লঞ্চঘাটের কাছে মোল্লার চরে ভেসে ওঠে।মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এসব হত্যাকাণ্ড তো মুন্সিগঞ্জে ঘটছে না। লাশ দেখে মনে হচ্ছে, ৮-১০ দিন আগে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। এই লাশ নিয়ে আমরা একটা সমস্যার মধ্যে আছি।’