স্ত্রীরোগ বিশেষজ্ঞদের গ্রামে কাজ করার অনুরোধ
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের গ্রামগঞ্জে কাজ করার জন্য আবারও অনুরোধ জানিয়েছেন। এ ব্যাপারে তিনি অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সহযোগিতা চান।আজ শুক্রবার ওজিএসবির ৩৯তম বার্ষিক সাধারণ সম্মেলন ও ২১তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এই সহযোগিতার কথা বলেন। আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনের এ সম্মেলন শুরু হয়েছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য: ‘মাতৃমৃত্যু প্রতিরোধ কর: এমডিজি-৫ অর্জন কর’।প্রধান অতিথির বক্তব্যে রুহুল হক বলেন, ‘আমি কোনো গাইনোকোলজিস্টকে (স্ত্রীরোগ বিশেষজ্ঞ) ঢাকার বাইরে রাখতে পারছি না। এ ব্যাপারে আমি সোসাইটির সহযোগিতা চাই।’স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী বলেন, ঢাকার বাইরে নিয়োগ দেওয়ার পর তাঁরা আবার ঢাকায় ফিরে আসছেন। কোথাও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও অবেদনকারীদের (অ্যানেসথেটিস্ট) একসঙ্গে কাজ করানো যাচ্ছে না। একজন থাকেন তো অন্যজন চলে আসেন। এর সমাধান বের করতে হবে।স্বাস্থ্য খাতের অগ্রগতির বর্ণনা দিয়ে রুহুল হক বলেন, গর্ভবতী মায়েদের নিবন্ধনের কাজ হাতে নিয়েছে মন্ত্রণালয়। মুঠোফোনের মাধ্যমে এসব মায়েকে করণীয় সম্পর্কে পরামর্শ দেওয়া হবে।বিশেষ অতিথির বক্তেব্য প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজকল্যাণবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার আগে স্বাস্থ্য খাতে চরম অরাজকতা ছিল। এখন শৃঙ্খলা ফিরে এসেছে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে ওজিএসবির সভাপতি কোহিনূর বেগম, মহাসচিব নাসিমা বেগম, সহসভাপতি মুরশেদ আহমেদ চৌধুরী বক্তব্য দেন।