স্ত্রীসহ চা-বাগানের মালিককে পুড়িয়ে মারলেন শ্রমিকেরা
ভারতের আসাম রাজ্যে বিক্ষুব্ধ চা-শ্রমিকেরা বাগানের মালিকের বাড়ি ঘেরাও করে সেটিতে আগুন লাগিয়ে দিলে মালিক ও তাঁর স্ত্রী পুড়ে মারা যান। আসাম পুলিশের বরাত দিয়ে ‘দ্য গার্ডিয়ান’-এর খবরে বলা হয়, কয়েক সপ্তাহ ধরে ওই বাগানের শ্রমিকেরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলন করছিলেন। সপ্তাহ দুয়েক আগে বেশ কিছু শ্রমিককে ছাঁটাই করা হয়। পুলিশ সুপার পি পি সিং আজ বৃহস্পতিবার জানিয়েছেন, বাগানের মালিক মৃদুল কুমার ভট্টাচার্য ও তাঁর স্ত্রী রিতার দগ্ধ মৃতদেহ তাঁদের তিনশুকিয়ার বাসা থেকে উদ্ধার করা হয়েছে। আসামের রাজধানী গুয়াহাটি থেকে প্রায় ৭০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত তিনশুকিয়া।গতকাল বুধবার প্রায় ৭০০ শ্রমিক তীর-ধনুক নিয়ে মৃদুল কুমারের বাসা ঘেরাও করেন। মৃদুল দম্পতিকে অবরুদ্ধ করে তাঁরা বাসাটিতে আগুন লাগিয়ে দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসাটি ভস্মীভূত হয়। পি পি সিং জানান, পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। ভারতে উত্পাদিত মোট চায়ের অর্ধেক আসে আসামের প্রায় এক হাজার চা-বাগান থেকে। চা-বাগান থেকে পাতা সংগ্রহের জন্য হাজার হাজার নারীকে কাজে নিয়োগ করা হয়। তবে চা-শ্রমিকেরা দীর্ঘদিন থেকে অধিকারবঞ্চিত ও নিগৃহীত।