স্ত্রীসহ পুলিশ পরিদর্শক খুন, মেয়ে ও গৃহকর্মী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর চামেলীবাগের বাসায় পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান (৪৯) ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান (৪১) খুন হয়েছেন। গতকাল শুক্রবার বাসার দরজা ভেঙে বাথরুম থেকে তাঁদের লাশ উদ্ধার করেছে পুলিশ।ওই দম্পতির দুই সন্তানের মধ্যে ও লেভেল পড়ুয়া মেয়ে ঐশী রহমান (১৬) ও গৃহকর্মী মোছাম্মৎ সুমির (১১) খোঁজ নেই। এ ঘটনায় ওই বাড়ির নিরাপত্তাকর্মী মো. মোতালিব ও মো. শাহিনকে জিজ্ঞাসাবাদের জন্য রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।মাহফুজুর এসবির রাজনৈতিক শাখায় কর্মরত ছিলেন। চামেলীবাগে চামেলী ম্যানশন নামের বাড়ির ছয়তলার একটি বাসায় তিনি স্ত্রী, মেয়ে, ছেলে ঐহী রহমান (৮) ও গৃহকর্মীকে নিয়ে থাকতেন। ঐশী ধানমন্ডির একটি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রী এবং ঐহী রাজারবাগের একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এস এম মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, এসবি থেকে খবর পেয়ে পল্টন থানার পুলিশ গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে বাসার দরজা ভেঙে ঐশীর শয়নকক্ষের বাথরুম থেকে মাহফুজুর-স্বপ্না দম্পতির লাশ উদ্ধার করে। লাশ দুটি রক্তাক্ত অবস্থায় কাপড় দিয়ে মোড়ানো ছিল। তাঁদের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। কাপড় মোড়ানো অবস্থায় দুটি বঁটি এবং ওই শয়নকক্ষে ছড়ানো কয়েকটি ছুরি উদ্ধার করা হয়। ঐশী ও তার বাবা-মায়ের ঘরের বিছানার চাদর, আসবাব ও কাপড়চোপড় তছনছ অবস্থায় ছিল।এডিসি মেহেদী বলেন, খুনের সঙ্গে কারা জড়িত এবং খুনের কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। ওই দম্পতির মেয়ে ও গৃহকর্মীর খোঁজ নেই। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।এসবির রাজনৈতিক শাখার উপমহাপরিদর্শক (ডিআইজি) মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, গত বুধবার রাত ১১টা পর্যন্ত দায়িত্ব পালন করে বাসায় ফিরেছিলেন মাহফুজুর। বৃহস্পতিবার ছিল তাঁর সাপ্তাহিক ছুটি। গতকালও দায়িত্ব ছিল না। গতকাল বিকেলে সম্পর্কে মাহফুজুরের শ্যালক রবিউল আলম এসবিকে জানান, বুধবার রাত থেকে মাহফুজুর ও তাঁর স্ত্রীর খোঁজ নেই। বাসার দরজাও ভেতর থেকে বন্ধ। ঐহী তাঁর সঙ্গে আছে। রবিউলের কাছ থেকে এমন তথ্য পাওয়ার পর পুলিশে খবর দেওয়া হয়।জানতে চাইলে শাহজাহানপুরের বাসিন্দা রবিউল প্রথম আলোকে বলেন, গতকাল ভোরে স্বপ্নার ভগ্নিপতি ইফতেখারুল আলম তাঁকে ফোন করে মাহফুজুরের বাসায় যেতে বলেন। তিনি সেখানে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ পান (ইন্টারলক)। মাহফুজুরের মুঠোফোনও ছিল বন্ধ। পরে স্বপ্নার মুঠোফোনে ফোন করলে ঐশী ধরে জানায়, তার বাবা-মা রাজশাহী গেছে। সে ঐহী ও গৃহকর্মীকে নিয়ে কাকরাইলে এক বান্ধবীর বাসায় আছে।রবিউল বলেন, ঐশীকে তাদের বাসায় আসতে বললে সে গড়িমসি করে। পরে সে রিকশায় করে ঐহীকে বাসায় পাঠায়। ঐহী জানায়, বৃহস্পতিবার সকালে ঐশী তাকে ঘুম থেকে তুলে বলে, বাবা-মা রাগ করে বাইরে গেছে। খালুর বাসায় যাওয়ার কথা বলে তাকে ও সুমিকে নিয়ে ঐশী বাসা থেকে বের হয়।উত্তরার বাসিন্দা স্বপ্নার ভগ্নিপতি ইফতেখারুল বলেন, বৃহস্পতিবার রাত দুইটার দিকে ঐশী তার মায়ের মুঠোফোন থেকে ফোন করে তাঁর বাসার ঠিকানা জানতে চায়। সে জানায়, মা রাগ করে রাজশাহী গেছেন। তাঁকে আনতে গেছেন বাবা। তারা কাকরাইলে এক বান্ধবীর বাসায় আছে। তারা তাঁর (ইফতেখারুল) বাসায় আসতে চায়। তিনি বলেন, ঐশীর কথায় সন্দেহ হলে তিনি রবিউলকে ফোন করে মাহফুজুরের বাসায় পাঠান।ওই বাড়ির তত্ত্বাবধায়ক আমজাদ আলী বলেন, ঐশী বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে ঐহী ও গৃহকর্মীকে নিয়ে অটোরিকশা ডেকে তড়িঘড়ি চলে যায়। সঙ্গে ছিল দুটি ব্যাগ। জানতে চাইলে ঐশী জানায়, মিরপুরে খালার বাসায় যাচ্ছে। বাড়িতে অনুমতি ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয় না। বুধবারের পর অপরিচিত লোক মাহফুজুরের বাসায় যায়নি।মাহফুজুর ও স্বপ্নার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ওই বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।