স্ত্রীসহ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহজাহানপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা কৃষ্ণচন্দ্র চন্দ (৫০) ও তাঁর স্ত্রী শিপ্রা চন্দের (৪০) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার শাহজাহানপুরের শহীদবাগের ৯০৬/১ মসজিদ গলিতে তাঁদের নিজ বাসার ফটকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এই দম্পতির ছেলে অর্ঘ্য চন্দ্র চন্দ ওরফে লিখন (১৪) আহত হয়।বাংলাদেশ ব্যাংক থেকে জানা গেছে, নিহত কৃষ্ণচন্দ্র চন্দ বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছিলেন।নিহত ব্যাংক কর্মকর্তার ভাই উত্তমচন্দ্র চন্দ প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল চিকিত্সকের চেম্বার থেকে রাত ১২টার দিকে কৃষ্ণ-শিপ্রা দম্পতি বাসায় ফেরেন। কলাপসিবল গেট খোলার সময় বিদ্যুত্স্পৃষ্ট হলে তাঁরা দুজনই চিত্কার করতে থাকেন। ভেতর থেকে ছেলে লিখন বাঁচাতে এলে সেও আহত হয়। এই তিনজনকে প্রথমে শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। রাত দুইটার দিকে কর্তব্যরত চিকিত্সক কৃষ্ণচন্দ ও তাঁর স্ত্রীকে মৃত ঘোষণা করেন। ছেলে লিখন এখন ওই হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।আশপাশের লোকজন বলছে, বৃষ্টির কারণে গেটের সামনে পানি জমে ছিল। সে কারণে গেটের সঙ্গে কোনোভাবে বিদ্যুত্সংযোগ ঘটে বলে ধারণা করা হচ্ছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, এ ব্যাপারে নিহত কৃষ্ণচন্দ্র চন্দের ভাই উত্তমচন্দ শাহজাহানপুর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।