স্থগিত কেন্দ্র নিয়ে প্রিসাইডিং কর্মকর্তাদের আপত্তি ছিল না: তোফায়েল
ভোলা-৩ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নূরনবী চৌধুরীর প্রধান নির্বাচনী সমন্বয়ক তোফায়েল আহমেদ বলেছেন, ভোটগ্রহণ স্থগিত করা নয়টি কেন্দ্রের ব্যাপারে প্রিসাইডিং কর্মকর্তাদের কোনো অভিযোগ ছিল না। ওই সব কেন্দ্রে কোনো ধরনের গোলযোগ হয়নি বলেও তিনি দাবি করেন। তাঁর বক্তব্য, নির্বাচন কমিশন (ইসি) ও রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশে ওই সব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। তবে বাকি ৭৭টি কেন্দ্রে সুষ্ঠুভাবেই নির্বাচন হয়েছে। তিনি আজ শনিবার বিকেলে লালমোহন কলেজমাঠে নির্বাচন-পরবর্তী এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন।আওয়ামী লীগের কর্মীরা বিএনপির পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছেন—এমন অভিযোগের জবাবে তোফায়েল বলেন, ‘তাঁরা নিজেরাই চলে গেছেন। বিএনপি যে গোলযোগ করবে, সেটা আমরা আগেই বলেছিলাম।’ আওয়ামী লীগের কর্মীদের হামলায় বিএনপির ৪০০ কর্মী আহত হয়েছে বলে বিএনপির প্রার্থী হাফিজউদ্দিনের দাবি সম্পর্কে তিনি বলেন, এ ব্যাপারে তিনি কিছু জানেন না। তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীদের হামলার পরও তাঁরা শান্ত থেকেছেন, নইলে নির্বাচনের পরিস্থিতি অন্য রকম হতে পারত।