স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে আজ বৃহস্পতিবার তিন ঘণ্টা সড়ক অবরোধ করেছে ওই ইউনিয়নের বাসিন্দারা। সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তারা পিরোজপুর-ভান্ডারিয়া সড়কটি অবরোধ করে রাখে।অবরোধের কারণে পিরোজপুর-ভান্ডারিয়া সড়কে জি হায়দার মাধ্যমিক বিদ্যালয়ের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।অবরোধ শেষে এলাকাবাসী পিরোজপুর জেলা প্রশাসকের মাধ্যমে নির্বাচন কমিশনে স্মারকলিপি পাঠিয়েছে।অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া আমিরুল ইসলাম ওরফে মিরন বলেন, ‘নির্বাচন কমিশন বিনা কারণে শংকরপাশা ইউনিয়ন নির্বাচন স্থগিত করেছে। আমরা স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আগামী ২ এপ্রিল এ ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা ছিল।’নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদের স্বাক্ষরিত এক আদেশে গতকাল বুধবার পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ও দুর্গাপুর এবং নাজিরপুর উপজেলার ধীরঘা ও শ্রীরামকাঠি ইউনিয়নের স্থগিতাদেশ দেওয়া হয়। গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে এ আদেশের ফ্যাক্স বার্তা জেলা নির্বাচন কার্যালয়ে এসে পৌঁছায়।এদিকে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে নির্বাচন কমিশনে আরেকটি স্মারকলিপি পাঠানো হয়েছে।