চট্টগ্রাম চেম্বারের নির্বাচন স্থগিত করে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল রোববার হাইকোর্টে দুটি রিট করা হয়েছে। চট্টগ্রাম চেম্বার পরিষদ প্যানেলের নেতা এম এ ছালাম ও চেম্বার সচিব ওসমান গনি চৌধুরী রিট দুটি করেন।বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চে এই রিট দায়ের করা হয়। আজ সোমবার রিট দুটির ওপর শুনানি অনুষ্ঠানের কথা আছে।চেম্বার পরিষদ প্যানেলের নেতা ও চেম্বারের বর্তমান সহসভাপতি এম এ ছালাম রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘সোমবার রিটের ওপর শুনানির তারিখ দেওয়া হয়েছে।... চেম্বারের সচিব বাদী হয়ে একই বিষয়ে হাইকোর্টে দ্বিতীয় একটি রিট পিটিশন দায়ের করেছেন।’ মন্ত্রণালয়ের স্থগিতাদেশের নথি পাওয়ার পর চেম্বারের নির্বাচনী বোর্ড গতকাল রোববার নির্বাচন স্থগিতের আনুষ্ঠানিক আদেশ জারি করেছে। চেম্বারের নির্বাচন বোর্ডের সদস্য আহসানুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে নির্বাচন স্থগিতের আদেশ পেয়ে নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।চেম্বারের বর্তমান সভাপতি আওয়ামী লীগের সাংসদ এম আবদুল লতিফের সমর্থনপুষ্ট চেম্বার পরিষদ প্যানেল বিদ্যমান ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে চেম্বারের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের আরেক সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ-সমর্থিত ব্যবসায়ী পরিষদ প্যানেল বিদ্যমান ভোটার তালিকাকে ত্রুটিপূর্ণ আখ্যায়িত করে নতুন তালিকা করে নির্বাচন অনুষ্ঠানের দাবি তোলেন। এ নিয়ে ব্যবসায়ীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়লে ‘ভোটার তালিকায় অনিয়মের’ অভিযোগে বাণিজ্য মন্ত্রণালয় চেম্বার নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে।