উপাচার্য প্যানেল নির্বাচন স্থগিতের দাবিতে গতকাল রোববার প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। ‘সমিঞ্চলিত শিক্ষক পরিষদ’ ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষকেরা এ কর্মসূচি পালন করেন। মেয়াদোত্তীর্ণ ডিন, সিন্ডিকেট, সিনেট সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের আগে ওই নির্বাচন দেওয়ার প্রতিবাদে তাঁরা এই আন্দোলন করছেন।তবে শিক্ষকদের কর্মসূচির কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করেছেন আন্দোলনের বাইরে থাকা একাধিক শিক্ষক। আন্দোলনকারী শিক্ষকদের দাবি, কর্মসূচি চললেও যথাসময়ে তাঁরা ক্লাস নিচ্ছেন এবং ক্লাস শেষে পুনরায় আন্দোলনে যোগ দিচ্ছেন।সাত দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে প্রশাসনিক ভবনের সামনে ‘সমিঞ্চলিত শিক্ষক পরিষদ’ ব্যানারে জড়ো হন বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। এরপর তাঁরা সকাল সাতটা থেকে প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি শুরু করেন। কর্মসূচিতে ওই সংগঠনের যুগ্ম আহ্বায়ক হানিফ আলী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শরীফ উদ্দিন, নাসিম আখতার হোসাইন, আমিনুল ইসলাম, পৃথ্বিলা নাজনীনসহ অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। কর্মসূচি চলাকালে প্রশাসনিক ভবনে কেউ ঢুকতে পারেননি। সকাল সাড়ে সাতটার দিকে রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ভবনের সামনে এলেও কর্মসূচির কারণে তিনি ফিরে যান। উপাচার্য মো. আনোয়ার হোসেন কর্মসূচির কারণে প্রশাসনিক ভবনে আসেননি। তবে উপাচার্য বিশ্ববিদ্যালয়ে তাঁর বাসভবনের কার্যালয়ে প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করেন। ভবন অবরুদ্ধ থাকায় প্রশাসনিক ভবনের কর্মকর্তা-কর্মচারীরাও অবস্থান নেন সামনের গাছতলায়। বেলা দুইটা পর্যন্ত শিক্ষকেরা এ কর্মসূচি পালন করেন।আন্দোলনকারী শিক্ষকেরা কর্মসূচির তৃতীয় দিনে আজ সোমবার সকাল সাড়ে সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত প্রশাসনিক ভবন অবরোধ, কাল মঙ্গলবার ও আগামী বুধবার কর্মবিরতিসহ সর্বাত্মক ধর্মঘট এবং বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অবরোধ ও প্রশাসনিক ভবনের সামনে অনশন কর্মসূচি পালন করবেন।বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক অসিত বরণ পাল প্রথম আলোকে বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে প্রশাসন উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। কিন্তু শিক্ষকদের একটি অংশ বিষয়টিকে সাধুবাদ না জানিয়ে স্থগিতের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। শিক্ষকদের এ ধরনের কর্মসূচির কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবন বিঘ্নিত হচ্ছে। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শরীফ উদ্দিন প্রথম আলোকে বলেন, উপাচার্যকে শিক্ষক সমিতির পক্ষ থেকে মেয়াদোত্তীর্ণ ডিন, সিন্ডিকেট, সিনেট সদস্য ও জাকসু নির্বাচনের পরই উপাচার্য প্যানেল নির্বাচন দেওয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি শিক্ষকদের মতামত উপেক্ষা করে ২০ জুলাই উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। সমিঞ্চলিত শিক্ষক পরিষদের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হানিফ আলী বলেন, উপাচার্য প্যানেল নির্বাচনের আগে পর্যায়ক্রমে মেয়াদোত্তীর্ণ ডিন, সিন্ডিকেট, সিনেট ও জাকসু নির্বাচন দিতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কর্মসূচি চলাকালে শিক্ষকেরা যথাসময়ে ক্লাস নিচ্ছেন এবং ক্লাস শেষে পুনরায় কর্মসূচিতে যোগ দিচ্ছেন।উপাচার্য আনোয়ার হোসেন বলেন, ‘৭৩-এর অধ্যাদেশের ১৯(২) ধারা অনুসারে সিনেট সদস্যদের মেয়াদ তিন বছর বা পরবর্তী নির্বাচিত সদস্যদের দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত। অধ্যাদেশ অনুসারে নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের জটিলতা না থাকায় আশা করছি, যথাসময়ে সুষ্ঠুভাবেই নির্বাচন সম্ভব হবে।’ তিনি বলেন, এমন কর্মসূচি কখনোই কাম্য নয়, যা শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে বিঘ্নিত করে।