স্থবির বেড়ার সাংস্কৃতিক অঙ্গন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা সাংস্কৃতিক ও নাট্যানুষ্ঠানের মধ্য দিয়ে পাবনার বেড়া উপজেলার সাংস্কৃতিক অঙ্গন একসময় মুখর হয়ে থাকত। রবীন্দ্র-নজরুলজয়ন্তী থেকে শুরু করে বসন্ত উত্সবসহ বিভিন্ন জাতীয় দিবস পালিত হতো বর্ণাঢ্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে। কিন্তু বেড়ার সেই সাংস্কৃতিক ঐতিহ্য এখন আর নেই। এখন সরকারি কার্যক্রমের অংশ হিসেবে হাতে গোনা কিছু অনুষ্ঠানে সীমাবদ্ধ হয়ে পড়েছে বেড়ার সাংস্কৃতিক অঙ্গন। স্বাধীনতা-পরবর্তী বেড়ায় বেশকিছু সাংস্কৃতিক ও নাট্য সংগঠন গড়ে ওঠে। বিশেষ করে বেড়া সাংস্কৃতিক সংসদ (বেসাস), রংধনু সাংস্কৃতিক সংসদ, বেড়া সংগীত শিক্ষাকেন্দ্র, জাগরণী নাট্য সংঘসহ আরও কয়েকটি সাংস্কৃতিক সংগঠন উপজেলার সাংস্কৃতিক অঙ্গনকে মুখরিত করে রাখত সে সময়। সত্তরের দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত ছিল সেই স্বর্ণযুগ। তখন বেড়ার সাংস্কৃতিক অঙ্গনের সুনাম ছিল পাবনা ও সিরাজগঞ্জ জেলাজুড়ে। ২০০০ সালের পর থেকেই নিষ্ক্রিয় হতে শুরু করে সাংস্কৃতিক ও নাট্য সংগঠনগুলো। ঝিমিয়ে পড়ে সাংস্কৃতিক অঙ্গন। সংগঠনগুলোর নিষ্ক্রিয়তায় এখন আর পাড়া-মহল্লাগুলোয় পালিত হয় না রবীন্দ্র-নজরুলজয়ন্তী, বসন্ত উত্সব বা নবান্ন উত্সব। এখন শুধু সরকারি উদ্যোগে অথবা ছোটখাটো সংগঠনগুলোর উদ্যোগে বিজয় দিবস, স্বাধীনতা দিবস বা একুশে ফেব্রুয়ারির মতো দিনগুলো পালিত হয় কোনো রকমে। বেসাসের সভাপতি আল মাহমুদ সরকার বলেন, ‘বেড়ার সাংস্কৃতিক অঙ্গনে এখন সংকট চলছে। এ জন্য অবশ্য আমাদের সংগঠনটির নিষ্ক্রিয়তাও কিছুটা দায়ী। একসময় মূলত আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডেই মুখর হয়ে থাকত বেড়া।’খ্যাতিমান লোকসংগীতশিল্পী ও পাবনার শহীদ সাধন সংগীত মহাবিদ্যালয়ের প্রভাষক ফুলরেণু দাস বলেন, বেড়ার সাংস্কৃতিক অঙ্গনের এমন স্থবিরতা দেখে খুব কষ্ট হয়। আগে প্রতিটি অনুষ্ঠান ঘিরে ছিল একধরনের শ্রদ্ধা ও আন্তরিকতা। কিন্তু বর্তমানে তার অনেকটাই নষ্ট হয়ে গেছে।