স্থবির মহাসড়কে দুর্ভোগ
ঢাকার সঙ্গে সংযোগ স্থাপনকারী পাঁচটি মহাসড়কই অসহনীয় যানজটে স্থবির হয়ে পড়েছে। যথাসময়ে বাস না আসায় ঢাকার বাস কাউন্টাগুলোর সামনে লেগেছে ‘যাত্রীজট’। ঈদ উদ্যাপন করতে বাড়ি যাওয়ার জন্য ঘর ছেড়ে ঘণ্টার পর ঘণ্টা ঢাকায়ই বসে থাকতে হয়েছে যাত্রীদের। তবে একেবারে ভিন্ন চিত্র ছিল ট্রেন ও লঞ্চে। প্রায় সময়মতোই ছেড়েছে দূরপাল্লার এ দুই যান। ট্রেনে রীতিমতো আনন্দ করেই গন্তব্যে যেতে দেখা গেছে যাত্রীদের। উত্তরবঙ্গের যানবাহনগুলোকে গতকাল বুধবার সাভারের ইপিজেড থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত বিস্তৃত যানজট ঠেলে চলাচল করতে হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের অধিকাংশ স্থানই যানজটে থমকে ছিল। মাওয়া ও পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটেরও অচলাবস্থা কাটেনি। সব মিলিয়ে ঈদে ঘরমুখী মানুষের জন্য মহাসড়ক মহাদুর্ভোগে পরিণত হয়েছে। কিছুটা স্বস্তি ছিল ঢাকা-ময়মনসিংহ সড়কে। যানজটে আটকা পড়ার কারণে যেসব বাস গত মঙ্গলবার ঢাকা ছেড়ে গেছে, সেগুলো বুধবার ঢাকায় ফিরে আসে নির্ধারিত সময়ের ছয় থেকে আট ঘণ্টা পর। এর ফলে ওই সব বাসের যাত্রীরা দুবার দুর্ভোগে পড়েছে। যাত্রীদের বাস কাউন্টারে অপেক্ষায় থাকতে হয়েছে ঘণ্টার পর ঘণ্টা। বাসে ওঠার পর আবার যানজটে আটকে থাকতে হয়েছে তাদের। এসআর পরিবহনের কল্যাণপুর কাউন্টারে বাসের অপেক্ষায় থাকা যাত্রী আল আমিন জানান, তাঁর বাস ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল নয়টায়। পল্লবীর বাসা থেকে বের হন সকাল সাড়ে সাতটায়। দুপুর ১২টার দিকে এই প্রতিবেদকের সঙ্গে যখন কথা হয়, তখনো তাঁর বাস টাঙ্গাইলেই আটকে ছিল। বিকেল পাঁচটার দিকে ফোন দিয়ে তিনি জানান, বাসটি তখনো সাভারের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) সামনে যানজটে আটকে ছিল। কাউন্টার থেকে জানানো হয়েছে, বাসটি বেলা তিনটায় বগুড়ার উদ্দেশে কল্যাণপুর থেকে ছেড়ে যায়। তখনো ঢাকা-টাঙ্গাইল সড়কে তার জন্য অপেক্ষা করছিল ৭০ কিলোমিটারের দীর্ঘ যানজট। আল আমিনকে বাসের জন্য কাউন্টারের সামনে বসে থাকতে হয়েছিল ছয় ঘণ্টা। ফিরতি পথেও বাসটিকে অন্তত ছয় ঘণ্টার যানজট পার করতে হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। এসআর পরিবহনের কর্মকর্তা আবদুল মোমিন বলেন, এই বিপর্যয়ে তাঁদের কোনো হাত নেই। মঙ্গলবার রাত সাড়ে ছয়টায় নওগাঁ থেকে ছেড়ে ১৩ ঘণ্টা পর একটি বাস ঢাকায় পৌঁছেছে বলে জানান তিনি। সরেজমিনে রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালসহ নগরের কল্যাণপুর, শ্যামলী, কলেজ রোড, কলাবাগান, ফকিরাপুল, মালিবাগ এলাকার বিভিন্ন কোম্পানির বাস কাউন্টারের সামনে অপেক্ষায় থাকা মানুষের সীমাহীন দুর্ভোগের চিত্র চোখে পড়েছে। অনেককে পত্রিকা বিছিয়ে ঘণ্টার পর ঘণ্টা মাটিতে বসে থাকতে হয়েছে। অনেককে দেখা গেছে নিজের লাগেজের ওপর বসে ঝিমুচ্ছেন। এর মধ্যে গাবতলী ও এর আশপাশের এলাকা থেকে ছেড়ে যাওয়া বাসগুলোর অধিকাংশ যাত্রীই দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের, অপেক্ষাকৃত দূরের গন্তব্যের।ঘরমুখী মানুষের ঢলে মহাসড়ক স্থবির হলেও রাজধানী ঢাকা অনেকটা ফাঁকা ছিল গতকাল। দুর্গাপূজা উপলেক্ষে দিনটি ছিল সরকারি ছুটির দিন। আজ এক দিনের কর্মদিবস শেষ, কাল থেকে শুরু হবে ঈদের ছুটি। ফলে গতকাল বিভিন্ন শহরে বসবাসকারী মানুষের বড় অংশ গ্রামমুখী হয়েছে।যানজটের কারণ: পুলিশ, পরিবহনকর্মী ও ভুক্তভোগীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, মহাসড়কে যানজটের মূল কারণ ঈদ উপলক্ষে যানবাহনের চাপ বৃদ্ধি। সেতু বিভাগ সূত্রে জানা গেছে, স্বাভাবিক সময়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রতিদিন গড়ে সাড়ে ১১ হাজার যানবাহন চলাচল করে। কয়েক দিন ধরে এই সেতু দিয়ে গড়ে সাড়ে ১৬ হাজার করে যানবাহন পারাপার হচ্ছে। অর্থাৎ, যানবাহনের চলাচল বেড়ে গেছে পাঁচ হাজার। অন্য মহাসড়কগুলোতেও যানবাহন বেড়েছে। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট হচ্ছে দুর্ঘটনায়. মহাসড়ক ঘেঁষে বসা পশুর হাট, সড়ক মেরামত বা নির্মাণকাজ চলা এবং বিভিন্ন স্থানে পশুবাহী ট্রাক আটকে চাঁদাবাজির কারণে। যাত্রাবাড়ী-গুলিস্তান উড়াল সড়ক নির্মাণকাজের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট শুরু হচ্ছে যাত্রাবাড়ী থেকেই। মেঘনা-গোমতী সেতুতে যানবাহনের গতিসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে সর্বোচ্চ ২০ কিলোমিটার। তাতে সেতুর দুই পাড়ে যানজটের সৃষ্টি হচ্ছে। মাওয়ায় যানজট হচ্ছে ফেরিঘাট ভেঙে যাওয়ার কারণে। আর মাওয়ার চাপ পাটুরিয়া-দৌলতদিয়া পড়ার কারণে সেখানেও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এই দুই ঘাটে চাঁদাবাজিও যানজটের অন্যতম কারণ বলে অভিযোগ এসেছে। দৌলতদিয়া ঘাটে পশুবাহী ট্রাক থেকে বিভিন্ন শ্রমিকসংগঠন ও পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে। সাতক্ষীরা থেকে পশুবোঝাই করে আসা ট্রাকচালক কাওছার মণ্ডল প্রথম আলোকে বলেন, যাত্রা শুরু করার পর থেকে ঘাট পর্যন্ত আসতে অন্তত আট স্থানে প্রায় এক হাজার টাকা চাঁদা দিতে হয়েছে। গতকাল সকালে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান দৌলতদিয়া ঘাট পরিদর্শনে যান। চাঁদা আদায় প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী প্রথম আলোকে বলেন, এ ধরনের ঘটনা ঘটে থাকলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তাঁর পাশে থাকা রাজবাড়ীর জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী ও অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমানকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। আর ফেরিস্বল্পতা সম্পর্কে মন্ত্রী বলেন, ‘ফেরিগুলো কোরামিন দিয়ে চালানো হচ্ছে।’ পরিবহনের কর্মীরা জানিয়েছেন, ঈদ উপলক্ষে রাজধানী ও এর আশপাশের সব লক্কড়ঝক্কড় বাস মহাসড়কে নেমেছে। পশুবোঝাই ট্রাকগুলোর অধিকাংশই পুরোনো ও চলাচলের অনুপযোগী। ফলে প্রতিদিন প্রতিটি মহাসড়কে এসব বাস-ট্রাক বিকল হয়ে যাচ্ছে। এ জন্যই যানজট অসহনীয় পর্যায়ে চলে গেছে। গতকাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তিন ঘণ্টার ব্যবধানে কালিয়াকৈর অংশে দুটি ট্রাক বিকল হয়ে যান চলাচল বাধাগ্রস্ত করে। অবশ্য যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেন, পশুর হাট, মহাসড়কে চলাচলের অনুপযোগী (আনফিট) যানবাহন বিকল হয়ে যাওয়া এবং পশুবোঝাই ট্রাকের ধীর গতি এ জন্য দায়ী। গতকাল সায়েদাবাদ বাসটার্মিনাল ও দনিয়া পশুর হাট পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। অপেক্ষার তীক্ততা: ভিকারুননিসা নূন স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী ফারিয়া তাসনিম। মা-বাবার সঙ্গে ঈদ করতে বগুড়ায় যাবে বলে ভোরেই ঘুম থেকে উঠে কল্যাণপুর আসে। সকাল নয়টায় যাত্রা, কিন্তু দুপুর ১২টায়ও নির্ধারিত বাসের কোনো খবর নেই। অলস সময় পার করতে রং-তুলি নিয়ে বসে পড়ে ফারিয়া। মা সীতারা রওশন বলেন, ‘চার ঘণ্টা ফুটপাতে বসা। বাস কখন আসবে সেটাও কেউ নিশ্চিত করে বলতে পারছে না। বিরক্ত হয়ে মেয়ে স্কুলের হোমওয়ার্ক করছে।’ গাবতলী বাসটার্মিনালে গতকাল বেলা সাড়ে ১২টার সময় কথা হয় চুয়াডাঙ্গার যাত্রী আনিসুল হক ও বরিশালের মিনহাজ উদ্দিনের সঙ্গে। দুজনের সঙ্গে স্ত্রী-সন্তান এবং একাধিক বড় ব্যাগ। ডিলাক্স পরিবহনের বাসের জন্য অপেক্ষায় থাকা আনিসুল হক বলেন, ‘গ্রামের বাড়িতে ঈদ করার মূল কারণ সন্তানেরা। তাদের আবদারেই ঈদে এই ঝক্কি-ঝামেলা মাথায় নিয়ে ছুটি। চার ঘণ্টা টার্মিনালে বাসের অপেক্ষায় থেকে এখন আমার সন্তান কান্নাকাটি শুরু করেছে।’ আর সাকুরা পরিবহনের যাত্রী মিনহাজ বলেন, ‘ঈদে বাড়ি যাওয়া মানে একগাদা লাগেজ বহন করা। বাচ্ছা-কাচ্ছা নিয়ে এই কষ্ট আর ভালো লাগে না। ঈদের আনন্দ কাউন্টারে আর পথে পথেই শেষ।’গাবতলীর মাজার রোডে নাবিল পরিবহনের কাউন্টারে গিয়ে দেখা গেছে অপেক্ষমাণ যাত্রীদের ভিড় রাস্তায় গিয়ে ঠেকেছে। প্রায় সবাই সকাল সাতটা থেকে আটটার মধ্যে কাউন্টারের সামনে এসেছেন। দুপুর সাড়ে ১২টার সময়ও কখন বাস আসবে সেটা নিশ্চিত হতে পারেননি। সকালে সায়েদাবাদ বাস টার্মিনালে লক্ষ্মীপুরগামী ইকোনো পরিবহনের কাউন্টারে কথা হয় আনোয়ার হোসেন ও ফৌজিয়া রহমানের সঙ্গে। তাঁরা জানান, এই পথে অগ্রিম টিকিট বিক্রি করা হয় না। সকাল নয়টা থেকে বসে আছেন। কাউন্টারের লোকজনও বলতে পারছেন না কখন বাস আসবে। সোহাগ পরিবহনের সায়েদাবাদ (হুজুরবাড়ি গেট) কাউন্টারে মোহাইমিনুর রহমান বলেন, মঙ্গলবার রাতে তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে কুমিল্লায় পাঁচ ঘণ্টা যানজটে আটকে ছিলেন। আজ (গতকাল) যানজটের শঙ্কা নিয়ে আবার ফিরে যাচ্ছেন। ট্রেন-লঞ্চে স্বস্তি: গতকাল সারা দিন ৩৩টি যাত্রীবাহী ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। পাঁচ-দশ মিনিটের দেরি বাদ দিলে ২৫টি ট্রেনই সময় মেনে চলেছে। সাতটি ট্রেন ৩০ মিনিট থেকে সোয়া এক ঘণ্টা পর্যন্ত দেরিতে চলে। তবে সব ট্রেনেই প্রচুর যাত্রী ছিল। এবার স্টেশনে প্রবেশের মুখে কড়াকড়ি আরোপ করা হয়েছে। টিকিট ছাড়া কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ জন্য বাইরে উপচে পড়া ভিড় হলেও স্টেশন প্ল্যাটফর্ম যাত্রীদের ভোগান্তির কারণ হয়নি। ট্রেনে উঠে আসন পেতেও সমস্যা হয়নি। রেলওয়ে সূত্রে জানা গেছে, ইঞ্জিনে সমস্যার কারণে চট্টগ্রামগামী মহানগর গোধূলী সোয়া এক ঘণ্টা দেরিতে ঢাকা ছাড়ে। উপকূল এক্সপ্রেস ছাড়ে এক ঘণ্টা দেরিতে। উপকূলের যাত্রী সোলায়মান আলম বলেন, টিকিট কাটতে যত কষ্ট হয়েছে, এক ঘণ্টা দেরিতে ট্রেন ছাড়া এর তুলনায় কিছুই না। কয়েকটি ট্রেন ঘুরে দেখা গেছে, যেসব বাবা-মায়ের সঙ্গে একাধিক শিশু ভ্রমণ করছে, তারা নিজেদের মধ্যে হাসি-আনন্দে মেতে উঠেছে। ঈদে বাড়ি যাওয়ার এ আনন্দ দেখার মতো। গতকাল সদরঘাট লঞ্চ টার্মিনাল অনেকটা স্বাভাবিকভাবেই লঞ্চ ছেড়ে যায়। চাঁদপুর, ডামুড্যা, শরীয়তপুর, আমতলী, গলাচিপাসহ বেশ কয়েকটি পথের লঞ্চে প্রচুর যাত্রীকে লঞ্চের ডেকে চাদর বিছিয়ে যেতে দেখা গেছে। নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ঊধ্বর্তন উপপরিচালক মো. সাইফুল হক খান বলেন, যাত্রীদের নিরাপদে ও নির্বিঘ্নে নদীপথে যাতায়াতের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ তৎপর আছে।