স্থলপথেও পাকিস্তানে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
পাকিস্তানের সীমান্তবর্তী উপজাতি অধ্যুষিত এলাকায় স্থলপথে সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস গতকাল সোমবার এ কথা জানিয়েছে। ওয়াশিংটন ও আফগানিস্তানে নিয়োজিত শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তারা হোয়াইট হাউসের কাছে এ পরিকল্পনা পেশ করলেও তা এখনো অনুমোদন পায়নি বলে জানা গেছে।যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের এ নতুন পরিকল্পনা গৃহীত হলে পাকিস্তানের অভ্যন্তরে মার্কিন সেনা কার্যক্রম আরও বাড়বে। বিশ্লেষকেরা মনে করছেন, মার্কিন সেনা কর্মকর্তাদের এ পরিকল্পনায় এটাই প্রতীয়মান হয় যে সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানের বর্তমান ভূমিকায় মার্কিনিরা হতাশ।এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতারা বলেছেন, খুব দ্রুতই এ পরিকল্পনা বাস্তবায়িত হবে। কেননা, প্রেসিডেন্ট ওবামা ইতিমধ্যেই আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন।মার্কিন সামরিক কমান্ডারদের মতে, এ অভিযানে বিশেষ ঝুঁকি রয়েছে। অভিযানের সময় যদি সাধারণ নাগরিকেরা অধিক পরিমাণে হতাহত হতে থাকে, তাহলে তাতে পাকিস্তান সরকার বেকায়দায় পড়ে যেতে পারে। এমনিতেই উপজাতি অধ্যুষিত এলাকায় মার্কিন চালকবিহীন বিমানের হামলায় সাধারণ নাগরিক নিহত হওয়ায় সে দেশে ব্যাপক ক্ষোভ বিরাজমান।এ পরিকল্পনার অন্যতম মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘সীমান্তের ওপারে অভিযান চালাতে এ মুহূর্তে আমরা যতটা কাছাকাছি এসেছি, এর আগে ততটা ছিলাম না।’তবে অপর এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানে স্থলপথে সন্ত্রাসবিরোধী অভিযান চালানো নিয়ে খোদ মার্কিন নীতি-নির্ধারণী মহলই দ্বিধা-বিভক্ত। অনেকেই নাকি এ প্রস্তাবের বিরুদ্ধাচরণ করেছেন। তাঁদের মতে, ওবামা যদি এ প্রস্তাবে অনুমোদন দেন, তাহলে নয় বছর ধরে চলতে থাকা আফগান যুদ্ধ নতুন দিকে মোড় নেবে। নিউইয়র্ক টাইমস।