বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্ত-বাণিজ্য গতকাল রোববার চালু হয়েছে। গতকাল মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে ৯০ টন হিমায়িত রুই মাছ নিয়ে একটি জাহাজ এসেছে। এ ছাড়া শাহপরীর দ্বীপের জেটি দিয়ে এসেছে ১২টি গবাদিপশু। এদিকে গতকালও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া থেকে একটি নৌকাসহ সাত রোহিঙ্গাকে আটক করেছেন। তাদের সবার বাড়ি আরাকানের মংডু টাউনশিপ এলাকায়। গতকাল বিকেলে তাদের ফেরত পাঠানো হয়। তাদের মধ্যে মো. ইসমাইল নামের একজন গুলিবিদ্ধ যুবকও রয়েছে। তাকে বিজিবির পক্ষ থেকে চিকিৎসা দেওয়া হয়। বিজিবির ৪২ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।জানা যায়, এর আগে গ্রেপ্তার হওয়া ১৩ জন এখনো বিজিবির তত্ত্বাবধানে রয়েছে। তাদের মধ্যে ছয়জন শিশু, পাঁচজন মহিলা ও দুজন পুরুষ। তাদের সবার বাড়ি সিট্টু (আকিয়াব) এলাকায়। বিজিবির কর্মকর্তারা জানান, আকিয়াব এলাকার ট্রলার না পাওয়ায় তাদের ফেরত পাঠানো যাচ্ছে না।মিয়ানমারে জাতিগত সহিংসতা শুরু হওয়ার পর ৮ জুন থেকে টেকনাফ স্থলবন্দরে পণ্য আনা-নেওয়া বন্ধ ছিল। টেকনাফ স্থলবন্দরের মহাব্যবস্থাপক আবুল মোহাইমেন প্রথম আলোকে বলেন, ‘নয় দিন পর আবারও টেকনাফ স্থলবন্দরে পণ্য আসা-যাওয়া শুরু হয়েছে। আশা করছি, আরাকানের পরিস্থিতি শান্ত হওয়ায় শিগগিরই সীমান্ত-বাণিজ্য পুরোপুরি সচল হবে।’স্থলবন্দর সূত্রে জানা যায়, টেকনাফের ব্যবসায়ী এম আবছার হিমায়িত রুইমাছগুলো আমদানি করেন। গতকাল সকালে ওই জাহাজ টেকনাফ বন্দরে ভেড়ার পর মাছগুলো দ্রুত নামিয়ে ট্রাকে করে ঢাকা ও চট্টগ্রামে সরবরাহ করা হয়। এ ছাড়া টেকনাফের সঙ্গে সেন্ট মার্টিন দ্বীপের মধ্যে নৌ-চলাচলও শুরু হয়েছে। জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরতে নেমে গেছেন।