স্থলভাগে নতুন পিএসসির জন্য প্রস্তাব আহ্বান আগামী মাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎপাদন অংশীদারি চুক্তির (পিএসসি) অধীনে স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য আগামী মাসে (জুলাই) প্রস্তাব আহ্বান করছে সরকার। ‘বিডিং রাউন্ড ২০১১’ নামের এই প্রক্রিয়ার কর্মপরিকল্পনা ও পিএসসির খসড়া চূড়ান্ত করা হয়েছে। এই পিএসসিতে রপ্তানির বিধান থাকছে না। স্থলভাগের জন্য সর্বশেষ ১৯৯৬ সালে অনুষ্ঠিত চতুর্থ দফা বিডিং রাউন্ডের প্রায় ১৪ বছর পর এ উদ্যোগ নেওয়া হলো। এই বিলম্বের কারণে দেশে তেল-গ্যাস অনুসন্ধান ও জ্বালানি নিরাপত্তার পরিকল্পনা প্রণয়ন দারুণভাবে বিঘ্নিত হয়েছে বলে সরকারি সূত্র জানায়।তবে জ্বালানি খাতের সঙ্গে যুক্ত সরকারি-বেসরকারি পর্যবেক্ষক ও বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন, স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধানে আর পিএসসি করার দরকার নেই। এ কাজে রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্সের সামর্থ্য অনেক বেড়েছে। জনবল ও প্রযুক্তিগত দিক দিয়ে আরও কিছুটা সামর্থ্য বাড়িয়ে বাপেক্সকে দিয়েই স্থলভাগে অনুসন্ধানের কাজ করানো সম্ভব। প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বিষয়টি সম্পর্কে প্রথম আলোকে বলেন, তাঁরা ভাবছেন ইতিমধ্যে চিহ্নিত ও অধিক সম্ভাবনাময় ক্ষেত্রগুলো বাপেক্সের জন্য রেখে অন্যগুলোর জন্য পিএসসি করার কথা। তাতে বাপেক্সের জন্য অন্তত ১০ বছরের অনুসন্ধানকাজ নিশ্চিত হবে। সম্পূর্ণ স্থলভাগ বাপেক্সকে দিয়ে সময়মতো দেশের ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়া কঠিন হবে।প্রসঙ্গত, দেশের স্থলভাগে মোট ২২টি ক্ষেত্র (ব্লক) রয়েছে। এর মধ্যে ছয়টি ক্ষেত্রে (সম্পূর্ণ বা আংশিকভাবে) পিএসসির আওতায় বিদেশি কোম্পানি কাজ করছে। এই ক্ষেত্রগুলো হচ্ছে ৭, ১২, ১৩ ও ১৪ নম্বর (শেভরন); নয় নম্বর (টাল্লো) ও ১৬ নম্বর (সান্তোস-হেলিবার্টন)। এর মধ্যে ৭ নম্বর ছাড়া বাকি ক্ষেত্রগুলো থেকে উৎপাদন হচ্ছে।বাপেক্স পারবে?: জানতে চাইলে জ্বালানি খাত নিয়ে দীর্ঘদিন ধরে কর্মরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল ইসলাম বলেন, বাপেক্সের বর্তমান যে সামর্থ্য, তাতে তারা একা এটা পারবে না। তবে বিজিএফসিএল, এসজিএফএল ও বাপেক্সের সমন্বয়ে যদি একটি কোম্পানি (নাপেক্স বা ন্যাশনাল এক্সপ্লোরেশন কোম্পানি) গঠন করা হয় এবং তাদের উৎপাদিত প্রতি ইউনিট গ্যাসের দাম কমপক্ষে এক মার্কিন ডলার করা হয়, তাহলে পারবে। কারণ, তখন তাদের জনবল ও আর্থিক সামর্থ্য অনেক বাড়বে। একসঙ্গে তিন-চারটি রিগ চালাতে সক্ষম হবে।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম. তামিম প্রথম আলোকে বলেন, বাপেক্সের আগামী তিন-চার বছরের সার্বিক কাজের পরিকল্পনা করা আছে। তার ওপর সম্পূর্ণ স্থলভাগের দায়িত্ব নিয়ে বাপেক্স দেশের ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী গ্যাস উৎপাদনে সক্ষম হবে কি না, তা ভেবে দেখতে হবে। পিএসসি করলে কী সুবিধা বা অসুবিধা এবং পিএসসি না করলে কী সুবিধা বা অসুবিধা, তা-ও ভালো করে ভেবে সিদ্ধান্ত নিতে হবে।বাপেক্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জামালউদ্দিন প্রথম আলোকে বলেন, স্থলভাগে পিএসসি করার কোনো দরকার নেই। বাপেক্সকেই এই কাজ দেওয়া উচিত। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম প্রভৃতি কঠিন যে কটি ভূকাঠামো রয়েছে, সেখানে দরকার হলে বাপেক্স কোনো বিশেষজ্ঞ সহায়তা নিতে পারে। কোনো কোম্পানির সঙ্গে এসব ক্ষেত্রে বাপেক্সের যৌথ উদ্যোগও হতে পারে। তবে স্থলভাগে আর পিএসসি করার দরকার নেই।জাতীয় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ স্থলভাগে নতুন সরকারি উদ্যোগ বন্ধ করার দাবি জানান। তিনি প্রথম আলোকে বলেন, বাপেক্সকে আরও শক্তিশালী করে, ক্ষেত্রবিশেষে দরকার হলে পরামর্শক বা বিশেষজ্ঞ নিয়ে স্থলভাগে অনুসন্ধানের সব কাজ করার সুযোগ দিতে হবে। এর মাধ্যমেই রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি শক্তিশালী হয়ে উঠতে পারে।বাপেক্সের বর্তমান কার্যক্রম: জ্বালানি মন্ত্রণালয় এবং পেট্রোবাংলার সাবেক ও বর্তমান অনেক কর্মকর্তাও মনে করেন, স্থলভাগে আর পিএসসি স্বাক্ষরের দরকার নেই। বাপেক্সই এই কাজে সক্ষম। বাপেক্স স্থলভাগে দ্বিমাত্রিক জরিপ করে আসছে তার প্রায় জন্মলগ্ন থেকেই। ইতিমধ্যে তারা ত্রিমাত্রিক ভূকম্পন জরিপেও দক্ষতা অর্জন করেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন তিনটি বিদ্যমান গ্যাসক্ষেত্রে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের (থ্রিডি সাইসমিক সার্ভে) মাঠপর্যায়ের কাজ তারা এক মৌসুমে শেষ করেছে। এর মধ্যে রশীদপুর ক্ষেত্রের ফলাফল আগামী আগস্ট মাসেই জানা যাবে। কৈলাসটিলা ও হরিপুর ক্ষেত্রের চূড়ান্ত ফলও জানা যাবে এ বছরের মধ্যে।এ ছাড়া বাপেক্স অনেক বিদ্যমান কূপে সংস্কারকাজ (ওয়ার্কওভার) চালিয়ে গ্যাসের উৎপাদন বাড়িয়েছে। বর্তমানে তারা কয়েকটি নতুন অনুসন্ধান কূপ এবং আরও কয়েকটি নতুন উন্নয়ন কূপ খননের কর্মসূচি বাস্তবায়ন করছে। নতুন গ্যাসক্ষেত্র ‘সুনেত্র’ উন্নয়নের কর্মপরিকল্পনা বাস্তবায়নও তারা শুরু করেছে।সম্ভাবনা অনেক: দেশি-বিদেশি বিশেষজ্ঞদের পরিচালিত একাধিক ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী, দেশের স্থলভাগ এখনো গ্যাস পাওয়ার জন্য যথেষ্ট সম্ভাবনাময়। অনেক সম্ভাবনাময় এলাকায় এখন পর্যন্ত তেল-গ্যাস খুঁজেই দেখা হয়নি। তবে কোনো কোনো বিশেষজ্ঞের ধারণা, দেশের স্থলভাগে ছোট ছোট অনেক ক্ষেত্র থাকতে পারে, কোনো বড় গ্যাসক্ষেত্র পাওয়ার সম্ভাবনা কম।কিন্তু প্রকৃত অবস্থা কী, তা জানা এবং সে অনুযায়ী দেশের জ্বালানি নিরাপত্তা পরিকল্পনা করার জন্য অনুসন্ধান করা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা সবাই। এ ব্যাপারে কারোরই দ্বিমত নেই। বরং অব্যাহতভাবে অনুসন্ধান চালিয়ে যাওয়া দরকার বলে তাঁরা মত প্রকাশ করেন।বন্ধ ছিল কেন?: ২০০১ সালে কয়েকজনের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট দেশের স্থলভাগে পিএসসির অধীনে তেল-গ্যাস অনুসন্ধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। আবার এ কাজে বাপেক্সের সামর্থ্যেও ঘাটতি ছিল। এ করণে দীর্ঘদিন স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধান বন্ধ ছিল।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর হাইহোর্টের ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আবেদন করে। গত বছরের জানুয়ারি মাসে হাইকোর্ট নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর নতুন করে পিএসসির অধীনে তেল-গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়।