স্থলভাগে বাপেক্সের মাধ্যমে গ্যাস অনুসন্ধানের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুন্দলপুরে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানিকে (বাপেক্স) অভিনন্দন জানিয়েছে সংসদীয় কমিটি। একই সঙ্গে বাপেক্সকে আরও শক্তিশালী করে দেশের স্থলভাগে এ ধরনের অনুসন্ধান ও আহরণের কাজ তাদের দেওয়ার সুপারিশ করা হয়।তবে সাগর কিংবা অন্য স্থানে গ্যাস, তেল এবং অন্যান্য সম্পদ আহরণের ক্ষেত্রে দেশের সক্ষমতা অর্জিত না হওয়া পর্যন্ত বিদেশি কোম্পানির মাধ্যমে অনুসন্ধান করার সুপারিশ করা হয়।আজ বুধবার সংসদ ভবনে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় একথা বলা হয়। কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, আবদুস শহীদ, আবদুল কাদের খান এবং আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বৈঠকে যোগ দেন।সভায় দেশ ও জাতির কল্যাণে আরও নতুন নতুন ক্ষেত্র আবিষ্কারের প্রচেষ্টা অব্যাহত রাখার সুপারিশ করা হয়, যাতে দ্রুততম সময়ে দেশে গ্যাসের সংকট দূর করা সম্ভব হয়। সভায় এ পর্যন্ত আবিষ্কৃত গ্যাসকূপ থেকে কম সময়ের মধ্যে পাইপলাইনে দেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়।সভায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) কর্তৃক মহেশখালী-আনোয়ারা ৩০ ইঞ্চি ৯১ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপ লাইন, জালালাবাদ-বিবিয়ানা ২৪ ইঞ্চি ৬১ কিলোমিটার, বিবিয়ানা-ধনুয়া ৩৬ ইঞ্চি ১৩৮ কিলোমিটার এবং আশুগঞ্জ-বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন ক্যাপাসিটি এক্সটেনশন সঞ্চালন পাইপ লাইনের কাজ শেষ করতে মন্ত্রণালয়কে বলা হয়।সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং এনার্জি রেগুলেটরি কমিশনের জন্য একটি সমন্বিত নীতিমালা দ্রুত প্রণয়নের সুপারিশ করা হয়। সভায় আগামী ২২ সেপ্টেম্বর সংসদীয় কমিটির বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়।বিদ্যুত্ বিভাগের সচিব আবুল কালাম আজাদ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মেজবাহউদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।