স্থানীয় নবীনদের নৈপুণ্যে মুগ্ধ হলেন বিদেশি সার্ফাররাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে আয়োজিত ষষ্ঠ আন্তর্জাতিক সার্ফিং প্রতিযোগিতায় গতকাল বুধবার দেশি-বিদেশি দর্শকদের মুগ্ধ করলেন দেশের প্রথম সার্ফার জাফর আলম ও তাঁর শিষ্যরা।গতকাল বুধবার সকালে কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী সার্ফিং পয়েন্টে শুরু হয় এ প্রতিযোগিতা।সকাল ১০টায় জাফর আলম বোর্ড হাতে ঝাঁপ দিলেন সাগরে। সঙ্গে সার্ফার শাহদাত, আবদুল শুক্কুর ও জুনাইদ। মুহূর্তে সবাইকে পেছনে ফেলে জাফর চলে গেলেন অনেক দূর। সৈকতে দাঁড়ানো শত শত দেশি-বিদেশি পর্যটক আর টিভি ক্যামেরার চোখ জাফরের ওপর। সঙ্গের অন্যরা পানিতে নেমেই কিছু কসরত দেখিয়ে হাততালি কুড়ালেন। কিন্তু জাফর বোর্ড নিয়ে তখনো শুধুই ভাসছেন! ভক্তদের চোখে-মুখে হতাশা। মিনিট দশেক কেটে গেল। জাফরের দৃষ্টি তখনো গভীর সাগরের দিকে। হঠাৎ দেখা গেল, বড় একটি ঢেউ মাছ ধরার ট্রলারগুলোকে হেলেদুলে তাঁর দিকে এগিয়ে আসছে। জাফরও প্রস্তুতি নিয়ে সেই ঢেউয়ের দিকে এগিয়ে যেতে লাগলেন। বোঝা গেল, এ জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলেন কৃতী এই সার্ফার। এতক্ষণ হতাশ হয়ে দাঁড়িয়ে থাকা দর্শকদের মধ্যে দেখা দিল চাঞ্চল্য। হাততালি আর ‘জাফর! জাফর!’ বলে চেঁচাতে শুরু করলেন তাঁরা। জাফর আলম সেই ঢেউটির ওপর টানা প্রায় ৩০ সেকেন্ডের চোখজুড়ানো সার্ফিং করলেন। দর্শকেরা তো মুগ্ধ হলেনই, ২০ মিনিটের এই দলভিত্তিক খেলায় গ্রুপে চ্যাম্পিয়ন হলেন জাফরই।প্রতিযোগিতার উদ্বোধক সার্ফারদের আন্তর্জাতিক সংগঠন ‘সার্ফিং দ্য নেশনস’-এর প্রেসিডেন্ট টম বাওয়ার জাফরের নৈপুণ্যের প্রশংসা করে বললেন, ‘সার্ফিংয়ে তাঁর অসাধারণ প্রতিভা রয়েছে।’জাফর আলম দুই বছরে যুক্তরাষ্ট্রের হাওয়াইতে অনুষ্ঠিত দুটি আর্ন্তজাতিক সার্ফিং প্রতিযোগিতায় সারা বিশ্বের দুই শতাধিক বাঘা সার্ফারকে পেছনে ফেলে ষষ্ঠ ও অষ্টম স্থান ছিনিয়ে নিয়েছেন।সকাল নয়টায় দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ, আকিজ ফুড অ্যান্ড বেভারেজের সহকারী ব্যবস্থাপক আরাফাত রহমান প্রমুখ।জাফর আলমের গড়ে তোলা সংগঠন ‘সার্ফিং বাংলাদেশ’-এর ৬৯ ছেলে ও মেয়ে সার্ফার সন্ধ্যা পর্যন্ত জলক্রীড়া দেখিয়ে সবাইকে মুগ্ধ করেন। প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইডেন ও জাপান থেকেও ৩৫ জন সার্ফার অংশ নেন। বিদেশি সার্ফার দলের প্রধান টম বাওয়ার বলেন, ‘বিশ্বের দীর্ঘতম সৈকত হলেও বহু দেশের মানুষ এখনো জানেই না যে কক্সবাজারে সার্ফিং করার মতো খুব সুন্দর একটা সৈকত রয়েছে। ছয় বছর ধরে আমরা এখানে আন্তর্জাতিক সার্ফিং প্রতিযোগিতা আয়োজন করে বহির্বিশ্বে কক্সবাজার সৈকতের কথা তুলে ধরার পাশাপাশি বাংলাদেশেও সার্ফিংকে জনপ্রিয় করে তোলার চেষ্টা করছি।’জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ জানান, সার্ফারদের প্রশিক্ষণের জন্য সৈকতের একটি অংশ সংরক্ষিত করার চেষ্টা চলছে। প্রতিযোগিতায় তিনটি দলে (বিভাগে) ১৮ জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার তুলে দেন টম বাওয়ার। বিজয়ীদের ক্রেস্ট ও নগদ টাকা দেওয়া হয়। স্থানীয় উঠতি সার্ফারদের উৎসাহিত করতে বিদেশিরা পুরস্কার নেননি।জুনিয়র বিগিনার্স বিভাগে প্রথম হওয়া নাসিমা আকতার (১৪) সাত বছর ধরে সার্ফিং শিখছে। সাংবাদিকদের সে বলে, ‘প্রথমবারের মতো প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হতে পেরেছি। সবচেয়ে খুশির বিষয় হচ্ছে, ছোটদের বিভাগে প্রথম হওয়া মুহাম্মদ সেলিম আমার ছোট ভাই।’