স্থানীয় নির্বাচনেই সীমাবদ্ধ থাকবে ইভিএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার আপাতত স্থানীয় সরকার নির্বাচনেই সীমাবদ্ধ থাকবে। সব রাজনৈতিক দল রাজি হলে দশম সংসদ নির্বাচনে আংশিকভাবে ইভিএম ব্যবহার হতে পারে।নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে, সদ্য গঠিত নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে ভোট গ্রহণ ইভিএমের মাধ্যমে হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতিমধ্যে কমিশন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে ভোট গ্রহণের জন্য ইভিএম তৈরির কার্যাদেশ দিয়েছে।নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচনী আইন সংস্কার-সংক্রান্ত সংলাপে অধিকাংশ রাজনৈতিক দল পর্যায়ক্রমে ইভিএম ব্যবহারের পক্ষে মত দিয়েছে। ওই মতামতের ওপর ভিত্তি করে কমিশন (ইসি) এ বিষয়ে উপরোক্ত নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।সংসদ সচিবালয় সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করতে হলে প্রতিটি বুথে একটি করে ইভিএম ব্যবহার করতে হবে। এ ছাড়া প্রতিটি কেন্দ্রর জন্য একটি অতিরিক্ত মেশিন জমা রাখতে হবে। সেই হিসাবে সংসদ নির্বাচনের জন্য আড়াই থেকে পৌনে তিন লাখ মেশিন দরকার হবে। কিন্তু এত সংখ্যক ইভিএম দুই বছরের মধ্যে তৈরি করা সম্ভব নয়। সে জন্যই নির্বাচন কমিশন দশম সংসদ নির্বাচন সম্পূর্ণভাবে ইভিএমের মাধ্যমে করার চিন্তা থেকে সরে এসেছে। রাজনৈতিক দলগুলো রাজি হলে সংসদ নির্বাচনে আংশিকভাবে ইভিএম ব্যবহার করা হবে। সে লক্ষ্যেই কমিশন নির্বাচনী আইন সংস্কার-সংক্রান্ত সংলাপের আলোচ্যসূচিতে ইভিএম ব্যবহারের বিষয়টি অন্তর্ভুক্ত করেছে। প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ না নিলেও তারা আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। বিএনপি ওই প্রচারণা শুরু করার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক সভা-সমাবেশে দশম সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ইভিএমের মাধ্যমে হবে বলে আশা প্রকাশ করেন। এরপরই বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, প্রধানমন্ত্রীর আগ্রহের কারণেই কমিশন ইভিএম ব্যবহারের কর্মসূচি হাতে নিয়েছে।ইসির সংশ্লিষ্টদের মতে, বিএনপির আপত্তির কারণেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগ গত রোববার ইসির সঙ্গে সংলাপে ইভিএম সম্পর্কে সতর্ক মন্তব্য করেছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, দলীয় সভায় সিদ্ধান্ত নিয়ে এ বিষয়ে পরবর্তী সময়ে মতামত দেওয়া হবে। ইভিএম ব্যবহারে বিরোধী দলের আপত্তি সম্পর্কে সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা নির্বাচনী আইন সংস্কার-সংক্রান্ত সংলাপে একাধিকবার বলেছেন, প্রধানমন্ত্রী তাঁর ব্যক্তিগত আগ্রহের কথা বলেছেন। নির্বাচন কমিশন এরও আগে থেকে ইভিএম নিয়ে কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে একটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করে সফলতা পাওয়া গেছে। সুতরাং কমিশনের কাজের সঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যের কোনো সম্পর্ক নেই।সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার সম্পর্কে গত রোববার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ইসি কখনোই নিশ্চিত করে বলেনি যে দশম সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। কমিশনের যে প্রস্তুতি আছে, তাতে সব দল রাজি হলে হয়তো আংশিকভাবে আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার সম্ভব হবে। আর রাজি না হলে ইভিএম ব্যবহারের প্রশ্নই আসে না। তবে স্থানীয় সরকার নির্বাচনে কমিশন ইভিএম ব্যবহার করবে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর আপত্তি আমলে নেওয়া হবে না।নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন জানান, পরবর্তী সময়ে সব স্থানীয় সরকার নির্বাচনেই ইভিএম ব্যবহার করা হবে। এতে জাল ভোট দেওয়ার পথ রুদ্ধ হবে। ভোট গণনা এবং ভোটের ফলাফল সংরক্ষণের কাজ সহজ হবে।