স্থানীয় নির্বাচনের আগে সহিংসতায় সিইসির উদ্বেগ
দেশজুড়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের আগে আগে বিভিন্ন স্থানের রাজনৈতিক সহিংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। একই সঙ্গে তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আজ শনিবার বিকেলে নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।সিইসি জানান, আগামী ডিসেম্বরে দেশের মেয়াদোত্তীর্ণ পৌরসভা ও ঢাকা সিটি করপোরেশনে (ডিসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এর পরপরই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হবে।সম্প্রতি নাটোরের বড়াইগ্রাম উপজেলার চেয়ারম্যানকে হত্যা, রাজধানীতে যুবলীগের এক নেতাকে হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে আরও সহিংস ঘটনা ঘটেছে। বিষয়গুলো আসন্ন স্থানীয় নির্বাচনের জন্য অনুকূল কি না জানতে চাইলে শামসুল হুদা বলেন, ‘আমরা অবশ্যই এ ব্যাপারে উদ্বিগ্ন। আমাদের প্রত্যাশা, নির্বাচনে কোনো ধরনের সহিংসতা ঘটবে না। সে জন্য নির্বাচনের আগে অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এ নিয়ে বৈঠকে বসব। নির্বাচনে অনুকূল পরিবেশ তৈরির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’সিইসি জানান, ডিসিসি ও পৌর নির্বাচনের তফসিল ঘোষণার জন্য কমিশন প্রস্তুত। আসন্ন ঈদুল আজহা, শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা, হজযাত্রীদের দেশে ফেরার বিষয়টি বিবেচনায় রেখে তফসিল ঘোষণা করা হবে।