স্থানীয় পদ্ধতিতেই চার মাস পর্যন্ত আলু সংরক্ষণ সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু স্থানীয় পদ্ধতি কাজে লাগিয়ে হিমাগারে না রেখেও চার মাস পর্যন্ত আলু সংরক্ষণ করার একটি কৌশল জনপ্রিয় করার চেষ্টা করছেন দেশের কৃষি গবেষকেরা। মুন্সিগঞ্জ এলাকায় সীমিত পরিসরে প্রচলিত স্থানীয় এই প্রযুক্তি সারা দেশে ছড়িয়ে দিতে চান তাঁরা। সংশ্লিষ্ট গবেষকেরা বলছেন, ব্যাপকভাবে চালু করা গেলে আলুচাষিদের জন্য এটি যুগান্তকারী ফল বয়ে আনবে। এ কৌশলের মূল বিষয়গুলো হচ্ছে: কেবল পরিপক্ব হওয়ার পরই আলু তোলা, সঠিকভাবে বাছাই এবং সঠিক বায়ুপ্রবাহ ও আর্দ্রতাযুক্ত স্থানে তা সংরক্ষণ।বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান (বারি) ও কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এখন স্থানীয় এই প্রযুক্তিটির উন্নয়নে কাজ করছেন।ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্যানতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক মোহা. কামরুল হাছান প্রথম আলোকে বলেন, ‘আলু সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজই হচ্ছে সর্বোত্তম স্থান। তবে কোল্ড স্টোরেজ না থাকলে কিছু স্থানীয় পদ্ধতি এবং প্রযুক্তি ব্যবহার করে কোনো বাড়তি খরচ ছাড়াই তিন থেকে চার মাস পর্যন্ত আলু সংরক্ষণ করা সম্ভব। তবে এ জন্য কৃষকদের আলু পরিপক্ব হওয়ার সুযোগ দিতে হবে।’পদ্ধতিটির বিস্তারিত বিবরণ দিয়ে কামরুল হাছান বলেন, আলুগাছ শুকিয়ে হলুদ হয়ে যাওয়ার পরই কেবল আলু তুলতে হবে; অর্থাৎ ৮০-১০০ দিন পর। আলু তোলার পর সাধারণ তাপমাত্রা ও আর্দ্রতায় ‘কিউরিং’ করতে হবে। আলু তোলার পর তা পাঁচ থেকে সাত দিন রোদযুক্ত জমিতে বা উঠানে আলুগাছ বা খড় দিয়ে ঢেকে রেখে কিউরিং করা হয়। আলুর চারপাশে শক্ত আবরণ তৈরি হওয়ার জন্য কিউরিং করতে হয়। এর পর রোগাক্রান্ত, সবুজ রংযুক্ত (খুব বিষাক্ত, খেলে মৃত্যুও হতে পারে) পচা আলু সরিয়ে ফেলে বাছাই করে সংরক্ষণের জন্য তৈরি করতে হবে।কামরুল হাছান আরও বলেন, স্বল্প পরিসরে আলু সংরক্ষণের জন্য কৃষকদের নিজেদের ঘরই চলবে। তবে বাণিজ্যিক ভিত্তিতে সংরক্ষণের জন্য নতুন ঘর তৈরি করে নিতে হবে। পর্যাপ্ত বায়ুপ্রবাহের জন্য ঘরের ভেতরে মাটির এক থেকে দেড় ফুট ওপরে বাঁশের মাচা তৈরি করতে হবে। বায়ু চলাচলের সুবিধার জন্য মাচার বাঁশের মধ্যে একটু ফাঁকা রাখতে হয়। টিনের চেয়ে শনের বা খড়ের চাল বেশি কার্যকর। আর আর্দ্রতা রক্ষার জন্য ঘরটি পুকুরপাড়ে তৈরি করলে ভালো ফল পাওয়া যায়।কামরুল হাছানের মতে, এভাবে আলু অনায়াসেই তিন থেকে চার মাস সংরক্ষণ করা যায়। তিনি বলেন, ‘স্থানীয় এই প্রযুক্তি সারা দেশে ছড়িয়ে দেওয়া গেলে তা আলুচাষিদের জন্য যুগান্তকারী উপকার সাধন করবে। দেশের অর্থনীতিতেও তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’মুন্সিগঞ্জ সদরের আলুচাষি আবদুর রহিম ও মালেক শেখ এ প্রতিবেদককে জানান, তাঁরা এখন আর সংরক্ষণের অভাবে কম দামে আলু বিক্রি করেন না। ওই পদ্ধতিতে তিন-চার মাস সংরক্ষণ করে পরে ভালো দামে বিক্রি করছেন।কামরুল হাছান জানান, এ ব্যাপারে কৃষকদের যেকোনো সহযোগিতার জন্য তাঁরা প্রস্তুত। বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠানের (বারি) কন্দাল ফসল গবেষণা কেন্দ্র (টিসিআরসি) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের গবেষকেরা এ লক্ষ্যে কাজ করছেন।সংরক্ষণের অভাবে আলু পচে যাওয়া ঠেকাতে খাদ্যাভ্যাস পরিবর্তনের পুরোনো পরামর্শটিও নতুন করে মনে করিয়ে দিয়েছেন একজন বিশেষজ্ঞ। বাকৃবির খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক মো. শামসুদ্দীন প্রথম আলোকে বলেন, ‘ভাতের বিকল্প হিসেবে আলু খেতে হবে। এতে হয়তো বা একটু সময় লাগবে, কিন্তু এটা সম্ভব।’মো. শামসুদ্দীন উদাহরণ দিয়ে বলেন, ১৯৪৫ সালে জাপানে যুক্তরাষ্ট্রের আণবিক বোমা হামলার আগে জাপানিরা বছরে গড়ে মাথাপিছু ১৬০ কেজি চাল খেত। হিরোশিমা ও নাগাসাকিতে উপর্যুপরি বোমা হামলার পর চালের সংকট দেখা দিলে জাপানিরা বিকল্প খাবার খুঁজতে থাকে। ধীরে ধীরে তারা সহজলভ্য বিভিন্ন সবজি ও সামুদ্রিক মাছের দিকে ঝুঁকতে থাকে। ২০১০ সালের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে জাপানিরা বছরে গড়ে মাথাপিছু মাত্র ৬২ কেজি চাল খায়।বাংলাদেশিরা এখন বছরে জনপ্রতি ১৮২ কেজি চাল খায় বলে জানান মো. শামসুদ্দীন। তিনি বলেন, ‘আমরা যদি ভাতের সঙ্গে সঙ্গে আলু খেতে অভ্যস্ত হই, তাহলে চালের ওপর চাপ যেমন কমবে, তেমনি আলুও আর রাস্তায় ফেলে দিয়ে নষ্ট করতে হবে না।’ বাকৃবির খাদ্য প্রযুক্তি ও গ্রামীণ শিল্প বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম বলেন, ‘সেদ্ধ করার পর আলু ও চালের খাদ্য উপাদান প্রায় কাছাকাছি থাকে। কাজেই ভাতের বদলে আলু খেতে কোনো বাধা নেই।’