স্থানীয় রাজনৈতিক বৈরিতার বলি ত্বকী: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকীর হত্যাকারী যে দলেরই হোক, তার বিচার হবেই। তিনি বলেন, খুনি যেই হোক না কেন, তাকে খুনি হিসেবে গণ্য করে গ্রেপ্তার ও আইনের আওতায় এনে বিচার করা হবে। নজিরবিহীন এই হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ লজ্জিত বলেও তিনি উল্লেখ করেন। আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে (ডিইডবি¬উ) একটি জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। খবর বাসস ও ইউএনবির।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্থানীয় রাজনৈতিক বৈরিতার কারণেই নারায়ণগঞ্জে ত্বকী ও ঢাকার কাফরুলে ছাত্রলীগের সভাপতি খুন হয়েছেন। এ কারণেই দুটি খুনের ঘটনা একই সূত্রে গাঁথা ও হত্যাগুলোয় মিলও রয়েছে।’ ত্বকী হত্যার ঘটনা বাংলাদেশের জন্য একটি ন্যক্কারজনক ও মর্মান্তিক ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ত্বকী হত্যায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র সেলিনা হায়াত্ আইভী বলেন, ‘এ নগরীতে একের পর এক লাশ পড়ছে। একটি হত্যাকাণ্ডেরও বিচার হচ্ছে না। সমস্ত মায়েরা এখন আতঙ্কিত। স্বরাষ্ট্রমন্ত্রী যেন ত্বকী হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেন।’অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়াল অ্যাডমিরাল শাখাওয়াত্ হোসেন ও সোনাকান্দা ডকইয়ার্ড ও ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর খুরশিদ আলম প্রমুখ। তানভীরের বাবা রাফিউর রাব্বী নারায়ণগঞ্জের বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ও স্থানীয় গণজাগরণ মঞ্চের নেতা ছিলেন। গত ৮ মার্চ শীতলক্ষ্যা নদীতে ত্বকীর লাশ ভেসে থাকতে দেখা যায়।