স্থানীয় সরকার কেন্দ্রের এজেন্ট হিসেবে কাজ করে: মুহিত
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘দেশের মানুষের চাহিদা মেটাতে স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং জাতীয় বাজেটের মোট বরাদ্দের ৬০ ভাগ বরাদ্দ দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের দক্ষতা বাড়াতে হবে। কিন্তু আমাদের দেশে স্থানীয় সরকার কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসেবে কাজ করে। তবে এটা ক্রমবিকাশমান।’আজ শনিবার সকালে সিলেটে ‘মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) আয়োজিত সিলেট বিভাগীয় সম্মেলনে অর্থমন্ত্রী এসব কথা বলেন।আবদুল মুহিত পৌর মেয়রদের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশের গ্রামগুলো ঘনবসতিপূর্ণ। প্রতি বর্গমাইলে এক হাজার ১০০ লোক বাস করে। বিশ্বে অনেক দেশের মোট জনসংখ্যা আমাদের একটি জেলার জনসংখ্যার সমতুল্য। বাংলাদেশের ঘন জনবসতি অনুযায়ী পৌরসভার সেবা গ্রামে নিয়ে যেতে হবে। সিটি করপোরেশনের শাসন জেলা শাসনের সমকক্ষ করা এবং সিটি ও জেলা শাসনকে স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা প্রয়োজন।’ম্যাব সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সিলেট মহানগর পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া, সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী সুফিয়ান, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ।